
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেছেন, বিশ্বে এখন বহুপক্ষীয়বাদ পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। জাতিসংঘ ও বহুপক্ষীয় ব্যবস্থা সার্বিকভাবে অংশীজন, ব্যবসায়ী সম্প্রদায়, সুশীল সমাজ বিশেষ করে যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এজেন্ডা ২০৩০–সহ অন্যান্য প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং মানবসৃষ্ট সুযোগসমূহ পরিপূর্ণভাবে কাজে লাগাতে একযোগে কাজ করে যায় তবেই এটি হতে পারে।
২৫ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদে ‘বহুপক্ষীয়বাদ ও শান্তির কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ সভায় মাসুদ বিন মোমেন এসব কথা বলেন। প্রথমবারের মতো জাতিসংঘ ‘বহুপক্ষীয়বাদ ও শান্তির কূটনীতি’ বিষয়টির স্মরণে এবং এ জাতীয় পদক্ষেপকে আরও বেগবান করতে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক দিবসটি পালন করে। উচ্চ পর্যায়ের এই পূর্ণাঙ্গ সভার আহ্বান করে সাধারণ পরিষদ।
শান্তির কূটনীতির প্রেক্ষাপটে ১৯৭৪ সালে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ। তিনি বলেন, ‘এই দুঃখ–দুর্দশা সংঘাতপূর্ণ বিশ্বে জাতিসংঘ মানুষের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল’।
রাষ্ট্রদূত মাসুদ ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি জাতিসংঘের মূল ধারায় সংযুক্ত করা, জাতিসংঘে শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কর্মসূচিতে অংশগ্রহণ ও জাতিসংঘ মহাসচিবের টেকসই শান্তি ধারণাটি সমর্থন ও এগিয়ে নেওয়াসহ বহুপক্ষীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয়দানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার এ এক অনন্য নজির। রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় পদক্ষেপও অব্যাহত আছে। রাষ্ট্রদূত বলেন, সরকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং টেকসই উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে সব বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার বাস্তবায়নে ও জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে জাতিসংঘ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা যদি ভাবি, শুধু উন্নয়নশীল দেশের জন্যই বহুপক্ষীয়বাদের প্রয়োজন, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি।’
চতুর্থ শিল্প বিপ্লবের কথা উল্লেখ করে মাসুদ বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবে শুধু চ্যালেঞ্জই রয়েছে এটি ঠিক নয়, আমরা এর নেতিবাচক দিকগুলোকে নিয়ন্ত্রণে রেখে ও এর অফুরান সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে মানবজাতির কল্যাণ করতে পারি।’