বাঁধন হত্যা: সবাই এখনো অন্ধকারে

২৬ নভেম্বর, রোববার সকাল। প্রকৃতি ঘেরা শান্ত-নিরিবিলি আবাসিক এলাকার একটি বাড়ির সামনের রাস্তায় ধূসর রঙের শেভি ক্রজ এলটি-২০১৭ মডেলের ঝকঝকে মিনি ট্রাক পার্ক করা রয়েছে।
ইস্ট পেইজেন্টের ৭৮০০ ব্লকের একজন মহিলা এ এলাকার প্রতিবেশী। অজ্ঞাত কারণে পার্ক করা গাড়িটি দেখে কৌতুহলবশত সামনে এগিয়ে গেলেন তিনি। গাড়িটির গ্লাস একটু খোলা, পেছনে টাঙ্কের ঢাকনাও একটু ফাঁক; এতে চোখ যাওয়া মাত্র তিনি শিউরে ওঠেন। তিনি কাঁপতে লাগলেন, দেখা গেল তরুণ বয়সের একটি ছোট্ট মানুষের নিথর দেহ পড়ে রয়েছে। রক্তমাখা মুখ। তিনি (মহিলা) জানান, পোষা কুকুর নিয়ে আরেক মহিলা তখন তাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি নিজেকে সামলিয়ে ৯১১ এ পুলিশ কল করলেন। পুলিশ এসে টাঙ্ক খুলল, রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে তদন্ত শুরু করল। শনাক্ত হলো-লাশটি বাংলাদেশি ২৬ বছরের যুবক। তাঁর নাম এম রহমান বাঁধন।
কেউ জানত না এর পেছনে টগবগে ২৬ বছরের এক তরুণের লাশ। সবার ধারণা ছিল-হয়তো কেউ গাড়িটি পার্ক করে কারও বাসায় ঢুকেছেন। ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক টিম পোটার আবাসিক (যেখানে গাড়িটি পাওয়া গিয়েছিল) ইস্ট পেইজেন্ট অ্যাসোসিয়েশনের এক সভায় উপস্থিত থেকে প্রথম যিনি বাঁধনের লাশ দেখেছেন-তাঁর সঙ্গে কথা বলে জানিয়েছেন-কে বা কারা বাংলাদেশি ২৬ বছরের একজন পিৎজা ডেলিভারিম্যানকে নির্বোধের মতো গুলি করে মারলো।
পুলিশের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, কারণ টাকা-পয়সা তাঁর (বাঁধন) সঙ্গে ছিল। বাঁধনের
লাশ যে এলাকায় পাওয়া গেছে ওই এলাকার তিন ব্লক আগে ১৩ ঘণ্টার ব্যবধানে আরও দুজন (মা-ছেলে) কে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। এ আবাসিক এলাকায় কোনো সময়ে এ ধরনের ঘটনা ঘটেনি। এক জায়গায় ঠান্ডা মাথায় তিনটি ঘটনা-একই অস্ত্র ব্যবহার হয়েছে কিনা এসব প্রশ্নের উত্তর খুঁজছে সংশ্লিষ্ট আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
বাঁধনের ছোট বেলার বন্ধু নাঈম বলেন, সম্প্রতি ইউ এস এয়ার ফোর্সের একটি পরীক্ষায় বাঁধন ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এ পথ ধরে নাসার মহাকাশচারী হওয়ার যার স্বপ্ন ছিল। উচিটা স্টেট ইউনিভার্সিটি থেকে এ্যারো স্পেস ইন্জিনিয়ারিং শেষ করে ক্যানসাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পরিকল্পনা ছিল তাঁর। বাংলাদেশে মা-বাবা ছেলের স্বপ্ন পূরণের জন্য ঋণের ব্যবস্থাও করেছিলেন বলে জানান নাঈম। বলেন, বাঁধন শুধু ভালো টিপসের জন্য রাতের বেলায় পিৎজা ডেলিভারির কাজটি বেছে নেন।
২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় সে ঘর থেকে বের হন বাঁধন। রাত এগারোটায় উইলিয়াম বাগ এলাকার ১১০০ এবং ১৩০০ ব্লক দুটি জায়গায় ডেলিভারি দেন। এটি লাশ উদ্ধারের জায়গা থেকে তিন মাইল দূরে অবস্থিত। সঠিক সময়ে ফিরে না আসায় পিৎজা হাটের সহকর্মীরা উইলিয়াম বাগ এলাকায় গিয়ে দেখতে পান ডেলিভারির রিসিট এবং টাকার ব্যাগ। পুলিশ কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের আগে বাঁধন এখানে হামলার শিকার হন। পরে তাঁকে গাড়িতে তুলে নিয়ে ইস্ট পেগেন্টে ফেলে যায় দুর্বৃত্তরা। এলাকার বাসিন্দারাও জানান, রাতে এ ধরনের কোনো ঘটনা তাদের চোখে পড়েনি। ঘটনার পর বাঁধনের সেল ফোন পাওয়া যাচ্ছে না বলে জানান বন্ধু নাঈম। ২৭ নভেম্বর পুলিশ সংবাদ সম্মেলনে বলে, এটি সাধারণ অথচ অদ্ভুত একটি ঘটনা। কি, কেন এ হত্যাকাণ্ড হতে পারে প্রতিটি কারণ তদন্ত করছি। গাড়িতে যে জিপিএস ছিল তা দেখে বাঁধন কখন শেষ কল করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের বিভিন্ন বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকেও কিছু তথ্য পাওয়া যেতে পারে।