বাংলা কাব্যধারার পরিচয় পাওয়া যাবে 'কালের অমৃতধারা' সংকলনে

নিউইয়র্কপ্রবাসী কবি ও লেখক ফারুক ফয়সলের বই ‘কালের অমৃতধারা’ প্রকাশিত হয়েছে। ৩০ জানুয়ারি বইটির ওপর আলোচনার আয়োজন করা হয়। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত এ আলোচনায় নিউইয়র্কের লেখক, সাংবাদিক ও সুধীজনেরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে আলোচনার সূত্রপাত করেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, মনিজা রহমান ও রওশন হক। পরে অন্য আলোচকেরা বইটি সম্পর্কে নিজেদের অভিমত তুলে ধরেন।
‘কালের অমৃতধারা’ নিয়ে বলতে গিয়ে কবি ফকির ইলিয়াস বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ থেকে শুরু করে প্রাচীন, মধ্য, আধুনিক ও উত্তরাধুনিক যুগের কবিতা ও কবিদের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘এ কাব্যধারার পথে বাংলা কবিতার নানা বাঁক আমরা লক্ষ্য করি। মধ্যযুগ থেকে আধুনিক ও উত্তর আধুনিক কাব্যধারায় বাঙালি মানসের কাব্য ভাবনা একটি সমৃদ্ধ সংস্কৃতি চেতনার প্রবহমান স্রোতধারা। নিউইয়র্কপ্রবাসী কবি, লেখক ফারুক ফয়সল তাঁর “কালের অমৃতধারা” গ্রন্থে এ স্রোতোধারাকেই গ্রন্থিত করেছেন যত্নের সঙ্গে। বাংলা কাব্য ভান্ডারের এমন গ্রন্থিত রূপ বিরল না হলেও প্রয়াসের মধ্যে ফারুক ফয়সল তাঁর নিজস্ব কাব্য ভাবনার পরিচয় প্রকাশ করতে সক্ষম হয়েছেন, যা কাব্য বোদ্ধাজনকে নানাভাবে আলোড়িত করবে। এ সংকলনের নানা সীমাবদ্ধতাও রয়েছে। সম্পাদক ইচ্ছে করলেই এসব সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারতেন।’
বইটি সম্পর্কে লেখক আহমাদ মাযহারের আলোচনা পাঠ করে শোনানো হয়। সেই আলোচনায় আহমাদ মাযহার বলেন, ‘বাংলা কবিতার ইতিহাস যাঁরা ভালোভাবে জানেন, তাঁরা বইটি উল্টেপাল্টে দেখলে অনুভব করতে পারবেন যে, এটি বাংলা কবিতার অভিনিবিষ্ট একজন পাঠকের নির্মাণ। আমেরিকার ছোট্ট বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলের শ্রোতা-দর্শকদের সামনে বাংলা কবিতার অন্তরঙ্গ স্বাদ পাইয়ে দিতে গিয়ে এই সংকলনের সৃষ্টি। ফলে সেদিক থেকেও সংকলনটি বিশিষ্ট।’
মূল আলোচনা পর্বে নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিব বিন হক, অধ্যাপক হোসাইন কবির ও অধ্যাপক ডা. নজরুল ইসলাম বইটির সাহিত্যমূল্য, এর সীমাবদ্ধতা ও ধারাবাহিকতার নানা উপাদান নিয়ে কথা বলেন।
সংকলক সম্পাদক ফারুক ফয়সল তাঁর বক্তব্যের শুরুতেই প্রথম আলো উত্তর আমেরিকাসহ প্রবাসের লেখক-সুধীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমন একটি আলোচনার আয়োজন করায়। ফারুক ফয়সল বলেন, ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আমার নিবিষ্টতা থেকে বইটির সংকলন ও গ্রন্থনার প্রয়াস নিই। বাংলা কাব্য বোদ্ধাদের সমাদর পাওয়ার মধ্য দিয়েই প্রয়াসটি সার্থক হতে পারে। অনেকের কবিতা এই বইয়ে নেই। তবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভবিষ্যতে এর পরিসর বড় হবে। বাংলা কবিতার ১৩০০ বছরের ধারাবাহিক পরিচয় তুলে ধরতে সহায়ক হয় এমন আরও অনেক কবির উৎকৃষ্ট কবিতাসমুহের সংযোজনে সংকলনটি সমৃদ্ধ করার, পূর্ণাঙ্গতা প্রদানের চেষ্টা অব্যাহত থাকবে।’ পরে তিনি প্রয়াত কবি শহীদ কাদরীকে নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন ও শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন।
‘কালের অমৃতধারা’ বইটিতে স্থান পাওয়া কবিদের নির্বাচিত কবিতা পাঠ করেন কান্তা কবির, স্নো ফ্লেক্স শাবানা, ফরিদা ইয়াসমীন, আইরিন রহমান, রুপা খানম, সীমু আফরোজা, জাহিদা আলম, রোকেয়া দীপা, ফারহানা ইলিয়াস তুলি প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, বাংলাদেশের সাবেক অলিম্পিয়ান সংস্কৃতিসেবী সালমা ফেরদৌস, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা কবি ফারুক ফয়সলকে তাঁর কাজের জন্য সাধুবাদ জানান। সুধীজনদের মধ্যে সাংবাদিক নাজমুল আহসান, ডা. এ হাসান, ক্যাপটর ইউএসএর প্রধান নির্বাহী ইফতেখার আহমেদ, আবেদীন কাদের, ভয়েস অব আমেরিকার সিনিয়র রিপোর্টার আকবর হায়দার কিরণ, এটিএন বাংলার নিহার সিদ্দিকী, কবি স্বপ্ন কুমার, কবি রওশন হাসান, আব্দুস শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম আলো উত্তরা আমেরিকা আয়োজিত ভিন্নধর্মী এ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানজীদা ঊর্মি, রহমান মাহবুব, তফাজ্জল লিটন, হোসাইন কবির, জাহেদ জারিফ, এম বি হুসাইন তুষার, মজিব বিন হক, সাহাব উদ্দিন সাগর, আইরিন রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, আহনাফ আলম, ফরিদা ইয়াসমিন, সালমা ফেরদৌস, নুরুন নবী প্রমুখ।