বাংলা কি তবে হারিয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর আমেরিকার বিভিন্ন রাজ্যে, বিশেষত বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পালিত হয়। পুরো ফেব্রুয়ারি মাসেই নানা ধরনের অনুষ্ঠান চলে। দু-একটি প্রতিষ্ঠান বাংলা শেখানোর ব্যবস্থাও করেছে। তাদের উদ্যোগ কতখানি সফল, তা প্রশ্ন সাপেক্ষ। ইতিমধ্যে নিউইয়র্ক নগরীর বিদ্যালয়সহ দাপ্তরিক কাজে বাংলা ব্যবহার করা হচ্ছে। ভোটার তালিকা ও ভোট দেওয়ার সময় প্রার্থীদের নাম বাংলায় মুদ্রিত হচ্ছে। স্বাস্থ্য বিমার সঙ্গে জড়িত কোনো কোনো সংস্থার চিঠি কিংবা প্রচারপত্রেও অন্যান্য ভাষার পাশে বাংলাও বসেছে। এগুলো আমাদের ভাষার জন্য নিঃসন্দেহে ইতিবাচক ও সুখবর। কিছু নিবেদিতপ্রাণ বাংলাদেশীর দীর্ঘ প্রচেষ্টাই এসব সাফল্যের চাবিকাঠি। 

কিন্তু এসব সাফল্যের বিপরীত পরিস্থিতি বিশ্লেষণ করলে আমেরিকায় বাংলা ভাষার ভবিষ্যৎ অন্ধকারই মনে হয়। এমন আশঙ্কার মূল কারণ আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা থেকে বাস্তব অর্থেই সরে যাচ্ছে। রাস্তাঘাটে, দোকানে, রেস্টুরেন্টে, সাবওয়েতে, বাসে, এমনকি সামাজিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের দুজন বাংলাদেশির সন্তান একত্রিত হলেই তারা ইংরেজিতে কথা বলে। এমনকি এমন বহু পরিবার রয়েছে, মা-বাবা ইংরেজি কথা বলতে পারেন না বলে তাঁদের সঙ্গে বাংলায় কথা বললেও একই ঘরের ভেতরে ভাইবোনেরা নিজেদের মধ্যে ইংরেজি ব্যবহার করে। পিতামাতা বাধ্য হয়েই তাঁদের সন্তানদের সঙ্গে বাংলায় কথা বলতেন বলে সন্তানেরা অনর্গল বাংলা বলতে ও বুঝতে পারে। কিন্তু যেসব পিতামাতা শিক্ষিত, তাঁরা তো বটেই, এমনকি যাঁরা আমেরিকায় এসে শুনে শুনে ইংরেজি বলতে শিখেছেন, তাঁরাও ঘরে সন্তানদের সঙ্গে শিশুকাল থেকেই ইংরেজিতে কথা বলেন। এ কারণে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা অপরিচিত থেকে যাচ্ছে। বাংলা ভাষা হারিয়ে যাওয়ার পথে বসেছে।
অভিজ্ঞ সাংবাদিক মাহবুবুর রহমান মনে করেন, পরিবেশের জন্য পরিবারিকভাবে বাংলা ভাষার চর্চা হয় না বলেই এই দশা হয়েছে। এ জন্য পিতামাতা দায়ী। তাঁরা যদি ঘরে বাংলা চর্চা করেন, তবে তাঁদের সন্তানেরা তো তা-ই শুনত, তা-ই শিখত ও বলত। স্বামী-স্ত্রী তাঁদের সন্তান কথা বলা শুরুর আগেই তাদের ড্যাড, মাম ইত্যাদি ইংরেজি শব্দ শোনাতে শুরু করেন। এই যে শুরু করেন, তা আর থামে না। তাঁর প্রশ্ন, তাহলে নতুন প্রজন্ম বাংলা শিখবে কীভাবে?
গবেষক ও গ্রন্থাকার সামশাদ হুশাম বলেন, অনেক পিতামাতা মনে করেন, ইংরেজি হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি। অনেকের মধ্যে ভাষাপ্রেম, দেশপ্রেম নেই বলেই এমন হচ্ছে। পিতামাতা সন্তানদের কাছে ভাষার জন্য আমাদের জীবনদানের গৌরবময় ইতিহাস মোটেই তুলে ধরেন না। কেন অন্তত নিজেদের মধ্যে বাংলায় কথা বলতে হবে, সেই প্রয়োজনীয়তাও অনুভব করেন না। অনেকেই মনে করেন, সন্তানদের আমেরিকায় প্রতিষ্ঠা লাভ করতে হবে। তাই বাংলা বলে লাভ কী? তাঁদের আরও একটি ভুল ধারণা পেয়ে বসেছে, শিশুকাল থেকে ঘরে ইংরেজি শুনলে বিদ্যালয়ে তারা ভালো করবে।
বাবলি হক সংগীতশিল্পী। তিনি বলেন, অনেকেই মনে করেন সন্তানেরা ইংরেজিতে কথা বললে তারা অন্যান্য বাংলাদেশির চেয়ে মেধাসম্পন্ন এবং অগ্রসর হিসেবে সমাজে পরিচিতি লাভ করবে। এ ধরনের পরিবারের মা-বাবা সন্তানের ইংরেজি কথা শুনে পুলকিত হন, গর্ববোধ করেন। তিন-চার বছরের সন্তান যে মা-বাবার কথা শুনে ইংরেজি বলতে পারছে, এটাকে তাঁরা বিরাট সাফল্য ও গৌরবের বিষয় বলে মনে করেন।
বাবলি হক বলেন, আমেরিকায় এসেও আমাদের ভাষাকে অবজ্ঞা কিংবা বর্জন করার কোনো প্রয়োজন নেই। আমেরিকায় বহু অভিবাসী তাঁদের ভাষা চর্চার জন্য বিদ্যালয় খুলেছেন। তাঁরা তাঁদের শিকড়কে ধরে রাখতে চান। আমাদের তেমন অনুভূতি নাড়ির টান নেই বলেই এমনটি হচ্ছে।
স্কুলশিক্ষিকা নাজমা মোস্তফা বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাভাষীরা যেভাবে বাংলা বর্জন করছেন, তা অশনি সংকেত বিশেষ। আমাদের ঘরে ঘরে শিশুদের সঙ্গে বাংলায় কথা না বলার পরিণাম হবে আমেরিকায় বাংলা ভাষা বিলীন হয়ে যাওয়া। এই আলামত এখনই শুরু হয়েছে। বর্তমানেও এমন বহু নতুন প্রজন্মের ছেলেমেয়ে রয়েছে, যাদের একাংশ লিখতে না পারলেও অন্তত বাংলা বলতে পারে। কিন্তু এমন অনেককেই দেখা যায়, তারা বাংলা বলতেই পারে না। তাহলে এদের পরবর্তী প্রজন্মের কাছে বাংলা পুরোপুরি অচেনা-অজানা হয়ে যাবে। আর এই ভাষা রক্ষার উদ্যোগ না থাকলে দুই প্রজন্ম পরে আমেরিকা থেকে বাংলা ভাষা পুরোপুরি হারিয়ে যাবে।
এমন পরিণতি থেকে উত্তরণে তিনি বলেন, কোনোভাবে অন্তত নিউইয়র্কের স্কুলসমূহে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে চালু করার চেষ্টা চালানো দরকার। তাহলে হয়তো কিছুটা হলেও বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে। আরও সহজ হয়, যদি আমাদের পিতামাতা আন্তরিকভাবে ঘরে তাঁদের সন্তানদের সঙ্গে বাংলায় কথা বলেন। অন্তত বাংলা বর্ণমালাগুলো শেখান।