বাংলা ক্লাবের বর্ণাঢ্য বর্ষবরণ

বাংলা ক্লাব ইউএসএ ইন্ক বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন করেছে। ১৩ এপ্রিল সন্ধ্যায় বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলা নববর্ষের প্রথম প্রহরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানমালায় আরও ছিল শুভেচ্ছা বক্তব্য, বৈশাখী আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী মাকসুদা আহমেদ ও জুঁই ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যান্ডসের সহসভাপতি রফিকুল ইসলাম, প্রবীণ কমিউনিটি নেতা আবদুল বাছির খান, সংগঠনের উপদেষ্টা মীর সারোয়ার আলী, রুহুল আমিন, সহসভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক সোনার বলাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য জুয়েল, চুন্নু, রকিউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের উপস্থিত কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নিউইয়র্কের কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, ক্লাব সদস্যদের পরিবার-পরিজনসহ বিপুলসংখ্যক প্রবাসী এতে অংশ নেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী তুহিন আজাদ রোজি, শিপু চাকলাদার ও আজিজুল হক। অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশ ইউএসএনিউজঅনলাইন ডট কম-এর ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।
অতিথিরা মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে বাংলা ক্লাবের এ আয়োজন অসাধারণ।
আয়োজকেরা বলেন, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ মূলধারায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে বাংলা ক্লাব প্রতিষ্ঠা করা হয়। সে লক্ষ্যকে সামনে নিয়ে এ আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহসভাপতি মো. মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।