বাংলা ব্যালটে মার্কিন নির্বাচনে ভোট
ঝলমলে রোদ। সোনালির প্রত্যাশায় ভোট দিচ্ছেন মার্কিনরা। নিউইয়র্কের ভোটকেন্দ্রে বাংলা ব্যালট নিয়ে ভোট দিতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশি আকবর আহমদ। জানালেন, দূরদেশে এসে বাংলা ব্যালট পেপারে ভোট দেওয়ার আনন্দটাই আলাদা।
তবে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ভোটে বাংলাদেশের আমেজ টের পাওয়া কঠিন। আধা ঘণ্টা পরপর এক বা দুজন করে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। প্রতিবারের মতো এবারও মার্কিন নাগরিকদের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
নিউইয়র্কের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ভোটারদের সংখ্যা সকালে কম। কোনো পোস্টার-লিফলেট নেই। কোনো কেন্দ্রের সামনে একজন মাত্র পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে ফিরেছেন ভোটাররা।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা উৎসব ভাব ছিল। নিউইয়র্ক-নিউজার্সির বিভিন্ন ভোটকেন্দ্রে ছিল নানান চিত্র। ডেমোক্র্যাট-প্রধান এলাকা হওয়ায় শ্বেতাঙ্গ ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। আসা-যাওয়ার পথে ভোটারদের একই প্রশ্ন, কী হচ্ছে অন্য সব রাজ্যে। ওহাইও, মিশিগান, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা রাজ্যের ভোট নিয়ে প্রশ্ন সবার মুখে মুখে।
নির্বাচন হলেও এদিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি নেই। অন্যদিনের মতো ভোটাররা কাজে যাওয়ার ফাঁকে ভোট দিয়েছেন। নির্দিষ্ট ভোটকেন্দ্রের স্কুলগুলোতে ছুটি রয়েছে। এ কারণে অনেকেই কাজ থেকে ছুটি নিয়ে সন্তানদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে বেরিয়েছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তিবিদ ইশতিয়াক চৌধুরী জানান, কাজে যাওয়ার আগে স্টপ বাই করে ভোট দেবেন। এখানে ভোট দিতে কোনো ধরনের ঝক্কি-ঝামেলা নেই। নিউজার্সি ভোটকেন্দ্রে নাসিমা সুলতানা তাঁর ভোট দিতে যাবেন সন্ধ্যার পর। জানালেন, তিনি টিভির পর্দায় চোখ রাখছেন কোথায় কী হচ্ছে?