বাংলা সাহিত্য সমাবেশের কড়চা
–আস্সালামু আলাইকুম। কি ব্যাপার? কয়েকদিন ধরে দেখছি না। থাকেন কোথায়?
–ওহ্, আমি আসলে আউট অব টাউন ছিলাম দুদিন, আটলান্টায়, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর।
–আটলান্টায় আবার কি? বন্ধুর মেয়ের বিয়ে নাকি?
–না, আমি আসলে একটা সাহিত্য সভায় যোগ দিতে গিয়েছিলাম। নাম হলো, ‘বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ’।
–সাহিত্য সমাবেশ? নামটা তোফা। তাহলে নিউইয়র্ক, ডিসি, টরন্টোর মতো আরও একটা বইমেলার পত্তন হলো।
–আরে না, না। এটি কোনো বইমেলা নয়, আর শাড়ি গয়নার স্টলও ছিল না। প্রকাশকেরাও এখানে দল বেঁধে আসেনি। অবশ্য নামমাত্র দু–একজন সাহিত্যিক তাঁদের নিজ নিজ বই টেবিলে রেখে চেয়ার পেতে বসেছিলেন। সেটা বিক্রির চেয়ে বরং তাদের বই প্রদর্শনীর জন্য। কিছু বন্ধু–বান্ধবের সঙ্গে বিলি বা বিনিময়ের জন্যও বটে। ওর মধ্যেই তাদের উঠে গিয়ে আবার আসর পরিচালনা বা আলোচনায় যোগ দিতে যেতে হচ্ছিল।
–বইমেলা যদি না হয়, তাহলে ওখানে কিসের জমায়েত হয়েছিল? বিষয় কি?
–ওই যা বলেছি। ওটা ঠিক বইমেলা ছিল না, ছিল একটা সাহিত্য সভা বা সমাবেশ। এক বন্ধু এটার ব্যাকরণ শুদ্ধিকরণ করলেন। ওটার নাম নাকি সাহিত্য সমাবেশ না হয়ে, হওয়া উচিত ছিল সাহিত্যিক সমাবেশ। যাই হোক, বহির্বিশ্বে মানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাইরে এটাই এ ধরনের প্রথম সমাবেশ, যেখানে কেবল সাহিত্য নিয়েই আলোচনা হয়েছে।
–সাহিত্য মানে তো গদ্য আর পদ্য। তার আবার এত কি বিষয় আছে যা আলোচনা করতে আপনাদের দুদুটো দিন লেগে গেল?
–আছে অনেক ব্যাপার। কোনো কিছুই যেমন স্থবির হয়ে থাকে না, সাহিত্যেরও তেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ খতিয়ে দেখার দরকার আছে। না হলে এর বদ্ধ জলাশয়ের দশা হবে। সবকিছুরই এগিয়ে যাওয়াটাই তো মূল লক্ষ্য।
–তা ঠিক, কথাটার যুক্তি আছে। তা কী কী বিষয়, মানে সাহিত্যের কোন কোন দিক নিয়ে আপনাদের আলোচনা হলো
–আগা গোড়া মিলে অনেক কিছু, অনেক ধরনের কিছু। কয়েকটির কথা উল্লেখ করা যায়। যেমন সাহিত্যের ভাষাশৈলী, নির্মাণকৌশল, বিভিন্ন ছন্দ ও তাদের সুষ্ঠু ব্যবহার, প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগে বাংলা সাহিত্যের ভাব, ভাষা ও প্রকাশভঙ্গীর বিবর্তন, বিদেশি সাহিত্য থেকে আমাদের আহরণ ও বাংলা ভাষা থেকে বিদেশি ভাষায় আমাদের অবদান, তা করার সুবিধা–অসুবিধা, সায়েন্স ফিকশন, ভৌতিক উপাখ্যান, লিটল ম্যাগ—এ ধরনের অনেক কিছু। এ ছাড়া ছিল অনাবাসীদের বাংলা সাহিত্য চর্চা, গল্প–কবিতা, উপন্যাসে নতুন নতুন পটভূমি ও ভিন্ন ভিন্ন আঙ্গিক, বাংলা ফন্ট ব্যবহারের প্রসঙ্গ, অনাবাসীদের লিখিত বই প্রকাশের সুবিধা–অসুবিধা ও সম্ভাব্য সমাধান। তা ছাড়া বাঙালির সব অনুষ্ঠানে যেমন রবীন্দ্রনাথ ও নজরুলজুড়ে থাকে, এখানেও তা ছিল। আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল চেয়ার’ যে প্রতিষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নিরলস কর্মী ড. গুলশান আরা কাজীর ‘ইম্প্রেসিভ প্রেজেন্টেশন’ ও তাঁর স্বামীর সুরেলা কণ্ঠের নজরুল গীতি সবাইকে নাড়া দিয়েছে। তাঁদের এই প্রচেষ্টায় কাঁধে কাঁধ মেলানোর জন্য তাঁরা আহ্বান জানিয়েছেন”।
–শুনে তো মনে হচ্ছে, বাংলা সাহিত্যের জন্য বড় একটা কিছু। যেন নতুন একটা দ্বার খুলে দেওয়া হলো। তা কারা এত কিছু নিয়ে ভাবল ও এত বড় একটা আয়োজন করে ফেলল?
–সমাবেশটা এখন হলেও, পুরো ব্যাপারটা বাস্তবায়িত করতে অনেক সময় লেগেছে। আমাদের মধ্যে কিছু চিন্তাশীল, বিচক্ষণ, দূরদর্শী ও সুপ্রতিষ্ঠিত সাহিত্যিক আছেন, যাঁদের অভিজ্ঞতায় আলোয় এটি দেখা গেছে যে, এত দিনে বাঙালি অভিবাসীদের মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতিশীল সাহিত্যিক গড়ে উঠেছে, যাদের লেখার নৈপুণ্য দেশি লেখকদের সঙ্গে সমানভাবে তুলনীয়। এদের অনেকেই হয়তো কিছুটা পিছিয়ে আছে। আবার অনেকেই স্ট্যান্ডার্ড লেখার মানকেও ছাড়িয়ে গেছে, বিশেষ করে বৈচিত্র্যে। কিন্তু এই চেষ্টাটা সবাই এককভাবে করে যাচ্ছে ও নানা স্তরে তারা নানা বাধার সম্মুখীন হচ্ছে। আমরা তাদের হাতে গোনা কয়েকজনকে চিনি। কিন্তু বেশির ভাগকে আদৌ চিনি না, জানি না।
অনেকে দেশের বই মেলায় যোগ দিতে যায়। সেখানেও তাদের খুবই অল্প লোক চেনে। তা ছাড়া সবার পক্ষে অত খরচ করে দেশে যাওয়ারও সামর্থ্য থাকে না। অফিস বা ব্যবসা থেকে অতদিনের ছুটি পাওয়ারও একটা বিরাট অন্তরায় আছে। আমাদের এখানে সাহিত্যিকেরা অত প্রথিতযশা হয়ে ওঠার সুযোগ পায়নি বলে প্রতি বছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে কিছু বরেণ্য সাহিত্যিক আনা হয়। সবাই তাদের জ্ঞানগর্ভ কথা শুনি। লোক বেশি হওয়ার জন্য আবার দুই দেশ থেকে শিল্পীও আনা হয়। বই মেলায় লেখক, পাঠক, প্রকাশকদের আড্ডা হয়। সবকিছুই হয়। কিন্তু বছরের পর বছর বিদেশি লেখক হিসেবে আমাদের প্রকৃত সমস্যাটা যেখানে ছিল সেখানেই থেকে যায়। নমঃ নমঃ করে একটু মুখ খোলার পর বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
এসব বিষয়ের সমাধান কল্পে প্রথমে কয়েকজন পাইওনিয়ার একত্রিত হয়ে মোটামুটি একটি ছক তৈরি করেন। তারপর আমেরিকার বিভিন্ন স্টেট ও কানাডার বিভিন্ন প্রদেশ থেকে এই সমস্যা ও সমাধানে বিশ্বাসী ও উৎসাহী কিছু সাহিত্যিককে খুঁজে পেতে বের করে একটা অর্গানাইজিং কমিটি তৈরি করা হয়। এঁরা গত এক বছর ধরে সপ্তাহে ও মাসে একটার পর একটা ফোন মিটিং ও ই-মেইল করে আস্তে আস্তে ব্যাপারটাকে এক এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কমিটির নামকরণ করা হয় ‘নর্থ আমেরিকা বেঙ্গলি লিটারেরি সোসাইটি’। বাংলায় ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ’। নামটি ফ্লোরিডা স্টেটে রেজিস্ট্রি করা হয় এবং সেখানে ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়। সংগঠনের ও সমাবেশের সুন্দর একটি ‘লোগো’ তৈরি করেছেন সাহিত্যিক ও শিল্পী তাজুল ইমাম (নিউইয়র্ক)। এর স্লোগান হয়, ‘বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা’। সুন্দর ব্রশিউরটির সম্পাদনা, প্রচ্ছদ, ডিজাইন ও লে–আউট করেছেন আশফাক স্বপন (জর্জিয়া)। প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকায় হলেও এটি বিশ্বের সব বাঙালির জন্য খোলা। এখন সাহিত্য সম্মেলন বা সমাবেশের কথা বলা যাক, যেটা দিয়ে আমাদের কথাবার্তা শুরু হয়েছিল।
এই সমাবেশের আহ্বায়ক ছিলেন অগ্রজ সাহিত্যিক ড. জ্যোতিপ্রকাশ দত্ত (কলোরাডো)। তাঁর সুযোগ্যা সহধর্মিণী ও স্বনামধন্য সাহিত্যিক ড. পূরবী বসু (কলোরাডো) স্বেচ্ছায় পুরো আয়োজনের সিংহভাগ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সার্বিক সমন্বয় পরিষদে এঁরা দুজন ছাড়াও ছিলেন ডা. হুমায়ুন কবির (টেনেসি), ড. মোহাম্মদ ইরফান (ক্যালিফোর্নিয়া), ড. ধনঞ্জয় সাহা (নর্থ ক্যারোলিনা), ডা. হাসানুজ্জামান (ফ্লোরিডা), মোহাম্মদ হারুন রশিদ (জর্জিয়া), আনোয়ার ইকবাল (ভার্জিনিয়া) ও ডা. শাহাব আহমেদ (ফ্লোরিডা, সমন্বয়ক)।
আর এই সমাবেশের আতিথেয়তার ভার নিয়েছেন আটলান্টার ‘সেবা’ লাইব্রেরির সুহৃদজনেরা। এঁদের কথা বলে শেষ করা যাবে না। প্রতিটি সদস্যই সলিড। North America Bengali Literary Society-র রেজিস্টার্ড অফিস, ওকালা, ফ্লোরিডা (Ocala, Florida)। ওয়েব সাইট হলো www.nabls.org. ও যোগাযোগ [email protected]. ওয়েবসাইট বানিয়েছেন ‘অপার বাংলা’ পত্রিকার সম্পাদক, শুভংকর নাথ (জর্জিয়া)।
সভার শেষ দিকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী বছর ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগো শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। দিন তারিখ সময়মতো ওয়েবসাইটে ও অন্যান্য মাধ্যমে জানানো হবে। আতিথেয়তার দায়িত্ব নিয়েছেন সান্তিয়াগোর আনিসুজ্জামান।