বাংলাকে ভালোবেসে

বাংলাদেশের বাংলা সংস্কৃতির মাঝে লালিত আমি কখনো ভাবিনি এভাবে জীবনের বাকি সময়টা কাটিয়ে দিতে হবে ভিন্ন ভাষার দেশে। আমার দুঃস্বপ্ন ছিল বিদেশ মানেই বাংলা সংস্কৃতির চর্চা থাকবে না, বাংলা গান গাইব না, কপালে লাল টিপ ও শাড়ি পরা হবে না, শোভাযাত্রা তো দূরের কথা মুক্তমঞ্চে অনুষ্ঠান পরিবেশনের আশাও জলাঞ্জলি দিতে হবে। না হবে একুশ, না দেখব বৈশাখ। ১৯৮৬ সালে স্বল্পদিনের সফরে লন্ডনে এসেছিলাম। কিন্তু সেই সফর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, আমার আর বাংলাদেশে ফিরে যাওয়া হয়নি। সময়ের সঙ্গে ভাসতে ভাসতে নোঙর করেছি যুক্তরাষ্ট্রে।
যদিও এই লেখার শুরুতে শূন্যতার সুর পাওয়া যায় তবে বাস্তবে আমার জীবন প্রবাহিত হয়েছে পুরোপুরি বিপরীতে। আমি এক সাংস্কৃতিক পরিবার থেকে বেরিয়ে অন্য যে সাংস্কৃতিক পরিবারের সঙ্গে নিজেকে সংযুক্ত করেছি, সেখানেও বাংলা সংস্কৃতিচর্চার জন্য ছিল আগ্রহ ও সম্পূর্ণ সহযোগিতা। সে কারণেই বিদেশের প্রতিকূল পরিবেশেও আমি সব সময় বাংলা সংস্কৃতির আবর্তে থেকেছি। শাড়ি, টিপ, বাংলা গান, আবৃত্তি, নাটক, একুশ, বৈশাখ, পান্তা ইলিশ, মঙ্গল শোভাযাত্রা—সবকিছুই আমাকে ঘিরে রয়েছে সর্বদা। অধিকন্তু ধীরে ধীরে আমি বাংলা সংস্কৃতির দূত হিসেবে একে প্রচার ও প্রসারের কাজটি নিজ কাঁধে তুলে নিয়েছি। বাংলা প্রসারের কাজে আরও যারা নিঃস্বার্থভাবে নিজেকে নিবেদিত করেছেন, তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছি।

১৯৯৮ থেকে নিউইয়র্কে আমার সংস্কৃতিচর্চা শুরু। ১৯৯১ থেকে কুইন্সে বাংলাদেশ সোসাইটিতে এবং ব্রুকলিনের কেনসিংটনে নাচ শেখানো শুরু করেছিলাম। ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) সঙ্গে নিজের নাম লিখিয়ে নিলাম। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসার এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সন্তানদের বাংলাদেশের সঙ্গে পরিচিত করানোর সব ব্যবস্থা বিপায় একে একে সংযোজিত হয়েছে। বর্তমানে বিপার তিনটি শাখায় মোট ১৭ জন শিক্ষক সংগীত, নৃত্য, তবলা, কি-বোর্ড, গিটার, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে শিক্ষাদান করছেন। আমরা বিশ্বাস করি, ভাষাশিক্ষা বাদ দিয়ে শুধু সংগীত ও নৃত্য শিক্ষাতে বাঙালি পরিচিতি সম্পূর্ণ নয়। সে কারণে বিপায় বাংলা ভাষা শিক্ষা আবশ্যকীয় করা হয়েছে। শুধু তা–ই নয়, বাংলা শিক্ষাকে বাঙালি পরিবারের কাছে আরও সহজলভ্য করার জন্য বিপায় বিনা মূল্যে বাংলা শেখানো হয়। আমাদের জন্য বাংলা সংস্কৃতি শুধু বছরের একটি দিনের আয়োজন নয়। বিপা বছরজুড়ে বাংলার উত্সব করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম প্রতি সপ্তাহে বিপায় বাংলাচর্চা করে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য বিপা নিয়মিতভাবে আয়োজন করে চলেছে ভাষা, অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, শিশু–কিশোর জলসা ‘সঞ্চারী’, নতুন প্রজন্মের একক পরিবেশনা ‘উত্তরাধিকার’, সংগীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’, প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনা ‘জলসা’, আলপনা ও মুখোশ পরিবেশনা ‘জলসা’, আলপনা ও মুখোশ তৈরি, বৈশাখী আয়োজন মঙ্গল শোভাযাত্রা ও উন্মুক্ত মঞ্চের পরিবেশনা। বাংলাকে ভালোবেসে নতুন প্রজন্মের জন্য এক টুকরো পজিটিভ বাংলাদেশ গড়ে দেওয়ার সংকল্প থেকে বিপা কখনো পিছপা হয়নি।
আটলান্টিকের এপারে নতুন প্রজন্মের মাঝে ভাষা ও সংস্কৃতির বীজ বপন করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে সংগঠনটির জন্ম হয়েছিল ১৯৯৩ সালে, আজ তা ফুল ও ফলে সমৃদ্ধ একটি বৃক্ষ। বিপার নতুন প্রজন্ম আজ বাংলা সংস্কৃতিকে ধারণ করে একে ছড়িয়ে দিচ্ছে মূলধারার সমাজে। বাংলা ভাষা ও সংস্কৃতি যুক্তরাষ্ট্রের মেল্টিং পটে মিশে ইংরেজি সংস্কৃতির মাঝে বিলীন হয়ে যায়নি। নিউইয়র্কে মূলধারায় আয়োজিত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ভাষার বহুজাতিক দলের পরিবেশনার পাশাপাশি বিপা বাংলা সংস্কৃতিকে যথাযোগ্য মর্যাদায় উপস্থাপন করে চলেছে। এসব অনুষ্ঠানের তালিকার মধ্যে উল্লেখযোগ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বাংলা সংগীত ও নৃত্য, ইস্ট নিউইয়র্কের ড্যান্স ইন মোশান, কুইন্স মিউজিয়ামের আয়োজন ‘ওই করোনা’, ব্রুকলিন আর্টস কাউন্সিল আয়োজন ‘সিটি অব ওয়াটার’, সেন্ট্রাল এস্টোরিয়ার ‘ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল’, নিউইয়র্ক সিটি আয়োজিত ‘সিভিক ফেস্টিভ্যাল’, এশিয়ান আমেরিকান হেরিটেজ মাসের বিভিন্ন আয়োজন, ব্রঙ্কস, ব্রুকলিন, স্টেটেন আইল্যান্ড, ম্যানহাটন ও কুইন্সের বিভিন্ন লাইব্রেরি, জ্যামাইকা পারফর্মিং আর্টসের আয়োজন ‘ডিলাইটফুল বাংলাদেশি নাইট’, ‘জ্যামাইকা ড্যান্স ফেস্টিভ্যাল’, ‘জ্যামাইকা চিলড্রেন ফেস্টিভ্যাল’, ‘নিউইয়র্ক ফাউন্ডেশন ফর দ্য আর্টসের অনুষ্ঠানসহ অগণিত পরিবেশনা। বিপার সঙ্গে যৌথ আয়োজনে সম্পৃক্ত হয়েছে অনেক দেশি-বিদেশি সংগঠন। যেমন ব্রুকলিন আর্টস কাউন্সিল, রাশিয়ান গ্রুপ গোল্ডেন রুস্টার আনসাম্বল, চায়নিজ সংগঠন এলমহারস্ট ড্যান্স গ্রুপ, স্প্যানিশ গ্রুপ সিসা টাকি ওয়াওয়াকুনা, সামবা ড্রাম গ্রুপ ‘বাটালা এন ওয়াই’, বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রমুখ।

বিপার উত্তরাধিকার আজ কমিউনিটির সব অনুষ্ঠানের অপরিহার্য অংশ। বইমেলা, শিশু–কিশোর প্রতিযোগিতা, শিশু–কিশোর মেলা, বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা অথবা ইংরেজি উপস্থাপনা, সংগীত ও নৃত্য পরিবেশনা—সব ক্ষেত্রেই বিপার সদস্যদের সাবলীল বিচরণ। শুধু তা–ই নয়, নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতির শিক্ষা প্রসারে আজ আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ২৫ বছর ধরে যে বৃক্ষকে পানি দিয়ে যত্ন করেছি, সে কি ফল না দিয়ে পারে?
বাংলাকে প্রতিষ্ঠিত করার এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে যেতে হবে আরও বহুদূর। এখনো দেখতে পাই বেশ কিছু নব্য প্রবাসী বাংলাদেশি বাংলার প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধু ইংরেজি শিক্ষার দিকে মনোনিবেশ করছেন। দুঃখের বিষয়, কিছু বাংলাদেশি টিউটোরিয়াল বাংলা শিক্ষাকে নিরুত্সাহিত করে অভিভাবকদের ভুল নির্দেশ দিচ্ছে। ভাষা বিশেষজ্ঞদের মতে, মাতৃভাষা জানা থাকলে দ্বিতীয় ভাষার শিক্ষা সহজ হয় এবং নতুন ভাষার দখল বাড়ে বৈ কমে না। ইংরেজি ভাষা শিক্ষাকে সহজ করার জন্য সিটি স্কুলগুলোতে স্প্যানিশ দ্বি-ভাষার শিক্ষা ইতিমধ্যে চালু হয়েছে। আমাদেরও সময় এসেছে প্রবাসী বাঙালি শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষায় প্রচলিত শিক্ষা সহজ করার জন্য বাংলাকে দ্বি-ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার জোর চেষ্টা চালানো। এতে করে প্রবাসীরা ইংরেজি ভাষা তো শিখবেই, বাংলা ভাষাও পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। বাংলা ভাষা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত হোক, বাংলাকে ভালোবেসে এই হোক আমাদের অঙ্গীকার।