বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বক্তব্য রাখছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা
ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বক্তব্য রাখছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপন করা হয়েছে। ৭ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

৭ মার্চ উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ কনস্যুলেটের কর্মকর্তারা। পরে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দিবসটি উপলক্ষে দেওয়া বাণী পাঠ করা হয়। এ ছাড়া জাতির পিতা, তাঁর পরিবারের শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণই বাঙালি জাতির মুক্তির সনদ। তিনি বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশদভাবে আলোচনা করেন। বঙ্গবন্ধুর এ কালজয়ী ভাষণই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে স্বীকৃত। লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা ‘We Shall Fight on the Beaches: The Speeches That Inspired History’ বইয়ে ভাষণটি স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ১৯৭১ সালের ৭ মার্চ রমনার রেসকোর্স ময়দানে জাতির পিতার প্রদত্ত ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উদ্‌যাপনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান নাগরিকেরা, বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘সোনার বাংলা’ বিনির্মাণে অনুপ্রাণিত হবে বলে কনসাল জেনারেল উল্লেখ করেন। বিজ্ঞপ্তি