বাংলাদেশ কামিং টু আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেট্রয়েট-হ্যামট্রামিক নগরে ঢোকার পথে চোখে পড়ে এই মু্যরাল
ডেট্রয়েট-হ্যামট্রামিক নগরে ঢোকার পথে চোখে পড়ে এই মু্যরাল

আমেরিকার ইতিহাস–ঐতিহ্যের রাজ্য মিশিগান মোটর রাজ্য হিসেবেও পরিচিত। এই অঙ্গরাজ্যে প্রথম বাঙালির অভিবাসন ঘটেছে গত শতকের গোড়ার দিকে। পূর্বসূরির পদচিহ্ন অনুসরণ করে এই রাজ্যের ডেট্রয়েট-হ্যামট্রামিক নগরে বাংলাদেশিরা আসতে থাকে। বিশেষ করে সিলেট অঞ্চলের প্রচুর মানুষ এসেছে এই অঙ্গরাজ্যে। এরই মধ্যে বেশ কয়েক বছর আগে হ্যামট্রামিক নগরীতে বাংলা টাউন গড়ে উঠেছে যা এখানে বাংলাদেশিদের অস্তিত্বের জানান দিচ্ছে। এর সর্বশেষ সংযোজন বাংলাদেশের লাল সবুজের রঙে আঁকা ম্যুরাল ‘বাংলাদেশ কামিং টু আমেরিকা’।
বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক ও ডেট্রয়েট নগরীর সীমানায় বিশাল দেয়াল জুড়ে লাল সবুজের বাংলাদেশ। বাংলা টাউনের প্রবেশদ্বারে যেকোনো আগন্তুকের চোখ আটকে যাবে বিশাল এই দেয়ালচিত্রে। গত ২১ অক্টোবর উদ্বোধন করা হয়েছে ৫৫ ফুট প্রস্থ আর

৪৬ ফুট উঁচু এই ম্যুর‌ালের। সমসাময়িক সময়ের খ্যাতনামা শিল্পী ভিক্টর কুইনোনেজ এই দেয়ালচিত্র অঙ্কন করেন।
সিলেট থেকে আসা এক স্বাপ্নিক অভিবাসী আবু হানিফ অন্যদের নিয়ে এমন একটা শিল্পকর্মের স্বপ্ন দেখেছিলেন প্রায় এক যুগ আগে। বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে কাজ করা এই মানুষটি অভিবাসী জীবনের নোঙর টেনেছিলেন মিশিগানে। পেশায় প্রযুক্তিবিদ হানিফ ‘ওয়ান হ্যামট্রামিক’ নামের সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে সচেষ্ট ছিলেন সব সময়। মিশিগান অঙ্গরাজ্যজুড়ে চিলড্রেন আর্ট প্রোগ্রাম গড়ে তোলেন। বৈশাখী মেলা উপলক্ষে অঙ্গরাজ্যজুড়ে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের মধ্যে দেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। ২০১০ সালের আদমশুমারির পর এই মানুষটি হ্যামট্রামিকের ভোটার ব্যালটে বাংলা ভাষা অন্তর্ভূক্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। হ্যামট্রামিক নগরে ইয়েমেনি অভিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা একটি ম্যুরাল দেখে আবু হানিফ অনুপ্রাণিত হন। অন্যদের নিয়ে সভা করেন। নতুন বাংলাদেশি আমেরিকান প্রজন্মকে নিয়ে নগরীতে এমন কিছু করার প্রস্তুতি তখনই শুরু হয়।
শিল্পী জোগাড়, স্থান নির্বাচন করা—এসব নিয়ে কাজ চলছিল। হঠাৎ করেই দুরারোগ্য ব্যাধিতে ২০১৬ সালে মারা যান আবু হানিফ। অনেকটাই থমকে যায় সব। যাঁদের নিয়ে কাজ করছিলেন তিনি, তাঁরাও মুষড়ে পড়লেন অনেকটা। এগিয়ে এলেন তাঁর স্ত্রী ডেইজি হানিফ ও এখানে বেড়ে ওঠা তাঁর দুই মেয়ে সুবহা ও ফারাহ হানিফ। সুবহা মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে মেডিকেল শিক্ষার্থী ও ফারাহ সফটওয়্যার কোম্পানিতে প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত। সঙ্গী হলেন তাঁদের কাজিন আবু জুবের। সবাই মিলে ছুটে গেলেন ওয়ান হ্যামট্রামিক সংগঠনের নির্বাহী পরিচালক বিল মায়ারের কাছে। এগিয়ে এলেন অন্যরাও।
ওয়ান হ্যামট্রামিক একটি বেসরকারি সংগঠন যারা তৃণমূল অভিবাসীদের নিয়ে কাজ করে। সংগঠনের প্রধান বিল মায়ার স্মরণ করলেন, আবু হানিফের মৃত্যুর পর তাঁর পরিবারের এগিয়ে আসার কথা। তিনিই জানালেন, আবু হানিফ চেয়েছিলেন নতুন প্রজন্মের বাংলাদেশিরা যেন এই প্রকল্পে সংযুক্ত থাকে। বাংলাদেশি অভিবাসীদের প্রতিনিধিত্বের এই ম্যুরাল স্থাপন নিয়ে নিউইয়র্কসহ নানা জায়গায় ছুটে গেছেন বিল মায়ার। কথা বলেছেন বাংলাদেশি শিল্পীদের সঙ্গেও। তহবিল সংগ্রহ করেছেন। নানা প্রতিকূলতা ডিঙিয়ে অবশেষে ডেট্রয়েট-হ্যামট্রামিক শহরের সীমানায় ব্রিজ একাডেমি মাধ্যমিক স্কুলের বিশাল দেয়ালজুড়ে এই চিত্রকর্মটি বাংলাদেশি অভিবাসীদের গৌরবগাঁথা জানান দিচ্ছে। বাঙালির ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা এই ম্যুরাল দেখিয়ে ডেট্রয়েট মেট্রো এলাকায় বসবাসরত বাংলাদেশিরা, বিশেষ করে নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানরা বলছেন, আমরাও আমাদের অস্তিত্বের জানান দিতে পারি।
‘বাংলাদেশ কামিং টু আমেরিকা’ নামের লাল সবুজের এই বৃহৎ দেয়ালচিত্রে নিচের অংশে সবুজ চা বাগান। সিলেট অঞ্চল থেকে আসা অভিবাসীদের স্মরণ করিয়ে দিচ্ছে ফেলে আসা জনপদকে। ম্যুরালের ডান দিকে চা বাগানে এক বাংলাদেশি আমেরিকান নারী, তার পরনে লাল চাদর। লাল সবুজ পতাকার প্রতিচ্ছবি। লাল চাদরে পাশে ডান পাশের নিচের অংশে আঁকা হয়েছে রয়েল বেঙ্গল টাইগার। নারীর খোলা চুলে দুটি শ্বেত শাপলা। নকশিকাঁথায় সাজানো চাদর। আঁকা হয়েছে শহীদ মিনার। মাতৃভাষা বাংলার জন্য আত্মত্যাগের ইতিহাস ধারণ করতে আঁকা হয়েছে ‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’ বর্ণমালা।
‘মার্কা ২৭’ নামে পরিচিত শিল্পী ভিক্টর কুইনোনেজ নিয়ো-ইন্ডিজেনাস (নব্য-আদিবাসী) চিত্রাঙ্কনের জন্য খ্যাত। চা বাগানের সবুজের কিছু অংশ বাদে ম্যুরালের বাকি পুরো অংশে ব্যবহার করা হয়েছে স্প্রে পেইন্ট।
বাংলাদেশিদের গৌরবের এই ম্যুরালটির বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল তাঁদের প্রয়াস আর নিষ্ঠার কথা। জানালেন, প্রকল্প বাস্তবায়নের শুরুতেই নতুন প্রজন্মকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। দেশের নানা জেলা থেকে আসা লোকজনের আলাদা আলাদা সমিতি এখানে। সবাইকে একত্রিত করে সঠিক বাস্তবায়ন কমিটি গঠন করাই ছিল প্রথম চ্যালেঞ্জ। এরপর স্থান নির্বাচনের সমস্যা ছিল । বিশাল একটি দেয়াল দীর্ঘমেয়াদের জন্য কে দেবে? জানা গেল, দীর্ঘ মেয়াদে দেয়াল পেতে কয়েকমাস লেগে গেছে। ম্যুরালে কী থাকবে, এ নিয়ে পরামর্শ। প্রায় শতাধিক ধারণা নিয়ে কাজ শুরু হয়। বাংলাদেশি কমিউনিটির সব পর্যায়ের লোকজনের কাছে থেকে পরামর্শ এবং ধারণা নেওয়া হয়। শিল্পী নির্বাচন নিয়েও কম ঝক্কি পোহাতে হয়নি তাঁদের। বাংলাদেশিদের ধারণা ও চেতনাকে শিল্পে ধারণ করতে পারবেন কোন শিল্পী—তা নির্বাচন করতে গিয়ে চূড়ান্ত করা হয় দক্ষ শিল্পী ভিক্টর কুইনোনেজকে।
‘বাংলাদেশ কামিং টু আমেরিকা’ ম্যুরাল প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৫২ হাজার ডলার। এক মাসের কম সময়ের মধ্যে ওয়ান হ্যামট্রামিকের ম্যুরাল কমিটি ৫৬ হাজার ডলার সংগ্রহ করে ফেলে। মিশিগান ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশন ও দাতাদের স্বতঃস্ফূর্ত তহবিল জোগান এই প্রকল্প বাস্তবায়নের সুখকর ঘটনা ছিল। শিল্পী ভিক্টর কুইনোনেজ চূড়ান্ত পর্যায়ে তিনটি স্কেচের খসড়া করেন। এর মধ্যে কমিটির চূড়ান্ত বিবেচনার পর কাজ শুরু হয় ১৪ অক্টোবর। ২০ অক্টোবর শনিবার ভোর ৪টায় তিনি শেষ করেন চিত্রকর্ম। শেষের পাঁচ দিন গড়ে ২০ ঘণ্টার বেশি সময় কাজ করেন কুইনোনেজ ও তাঁর সহশিল্পী কার্টিস।
‘বাংলাদেশ কামিং টু আমেরিকা’ ম্যুরালের সামনে দাঁড়িয়ে এই প্রকল্পের সঙ্গে জড়িত বর্তমান প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের মন্তব্য, ‘আমেরিকায় অভিবাসীদের জন্য কঠিন এই সময়ে আমরা আমাদের অস্তিত্বের জানান দিয়েছি। ম্যুরালটির দিকে চোখ গেলেই আমরা পাচ্ছি আমাদের উৎসের সন্ধান। বাংলাদেশিরা আমেরিকায় আসছে, সঙ্গে আনা ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ করছে এই দেশকে। বাংলাদেশি আমেরিকানরা নিজেদের গৌরবগাঁথা ধারণ করেই আমেরিকায় আছে। আমেরিকায় থাকবে।’
হ্যামট্রামিকে দীর্ঘদিন ধরে বসবাস করেন প্রবাসী সুমি দত্ত। জানালেন, ম্যুরালটির সামনে দিয়ে গেলেই আবু হানিফকে মনে পড়ে। অকালে ঝরে পড়া মানুষটিকে তাঁর কর্মপ্রয়াসের জন্য শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন এই প্রবাসী।