বাংলাদেশ থেকে আমদানি হিমায়িত মাছ ফরমালিনমুক্ত
বাংলাদেশ ও মিয়ানমার থেকে আমদানি করা শাহজালাল ব্র্যান্ডের হিমায়িত (ফ্রোজেন) মাছ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে এ সংক্রান্ত সংবাদ ছাপা হওয়ার পর বাংলাদেশি গ্রোসারিগুলোতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে খোঁজখবর নিয়েছেন। প্রথম আলো উত্তর আমেরিকাসহ নানা সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে একপেশে সংবাদ পরিবেশিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শাহজালাল ব্র্যান্ডের সব হিমায়িত মাছ বাজার থেকে প্রত্যাহার করা হয়নি। বিশেষ ক্যাটাগরির ক্যাটফিশ বা মাগুর জাতীয় প্রজাতির প্রায় ৭৬ হাজার পাউন্ড মাছ ইউএসডিএর পুনঃপরিদর্শন ছাড়া ওয়্যার হাউসের বাইরে যাওয়ার কথা ছিল না।
গত ২৯ জুলাই নিউইয়র্ক পোস্ট–এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা শাহজালাল ব্র্যান্ডের ৭৬ হাজার পাউন্ড ফরমালিনযুক্ত ফ্রোজেন মাছ আমেরিকার ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন (এফএসআইএস) নিষিদ্ধ করেছে। পাশাপাশি শাহজালাল ব্র্যান্ডের মাছ যেসব অঙ্গরাজ্যে সরবরাহ করা হয়েছে সেখানকার সবাইকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। নিউইয়র্কে আমদানি করা মাছের ওই চালান বাজার থেকে উঠিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুড সেফটি বিভাগের পরীক্ষা-নিরীক্ষা এড়িয়ে এসব মাছ বাজারজাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলো উত্তর আমেরিকাসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়।
এফএসআইএসের পক্ষ থেকে বলা হয়েছে, মাগুর-বোয়াল জাতীয় শুঁড় বা গায়ে শিরা-পাখনা জাতীয় মাছ রপ্তানির কোনো অনুমোদন বাংলাদেশ ও মিয়ানমার রাষ্ট্রের নেই। এ দুটি দেশ থেকে এই মাছ আমদানি করা হয়েছে ২০১৮ সালের ২৬ মার্চ থেকে ২০১৯ সালের ৮ মার্চের মধ্যে। খুচরা বিক্রির জন্য এগুলোর চালান গেছে কলোরাডো, কানেকটিকাট, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, মিশিগান, নিউজার্সি, নিউইয়র্ক ও পেনসিলভানিয়ায়। এই মাছ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এগুলো খেয়ে কারও কোনো ক্ষতি হয়েছে কিনা এমন কোনো সুনির্দিষ্ট খবর কোনো জায়গা থেকে পাওয়া যায়নি বলেও এফএসআইএস জানিয়েছে।
প্রিমিয়াম ফুডস ইউএসএ ইনকের মালিক কল্লোল আহমেদ প্রথম আলোকে বলেন, সংবাদে বিভ্রান্তি দেখা দিয়েছে। বাংলাদেশ বা মিয়ানমার থেকে আমদানি করা হিমায়িত মাছে কোনো ক্ষতিকর উপাদান নেই। বিশেষ ক্যাটাগরির প্রায় ৭৬ হাজার পাউন্ড মাছ ইউএসডিএর পুনঃপরিদর্শন ছাড়া বাজারে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে।
এশিয়া ফুডস ডিস্ট্রিবিউশনের শাকিল চৌধুরী বলেছেন, সংবাদে হিমায়িত মাছে ফরমালিন থাকার কথা এসেছে। তা একবারেই ঠিক নয়। হিমায়িত মাছের জন্য ফরমালিন দরকার হয় না। তিনি বলেন, হিমায়িত করার আগে মাছকে তাজা রাখার জন্য দেশে ফরমালিন ব্যবহারের অভিযোগ আছে। হিমায়িত করে আমেরিকায় আমদানির জন্য মাছে কোনো ফরমালিনের উপাদান থাকার বিষয়টি একবারে অমূলক।
অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি গ্রোসারি বনফুলের সুহেল আহমেদ বলেন, সংবাদটি ছড়িয়ে পড়ার পর প্রবাসীরা হোঁচট খেয়েছেন। হিমায়িত মাছ প্রবাসে শুধু বাংলাদেশিরাই কেনেন এমন নয়, অন্যরাও এ মাছের ক্রেতা। ক্রেতাদের প্রশ্ন সামাল দিয়ে মাছের বিক্রি স্বাভাবিক হয়ে আসছে বলে তিনি জানান।
বাংলাদেশি গ্রোসারী থেকে মাছের নিয়মিত ক্রেতা প্রবাসী আলমগীর কুমকুম বলেন, শাহজালাল ব্রান্ড বা প্রিমিয়াম ফুডের হিমায়িত মাছের নিয়মিত ক্রেতা তিনি। এ মাছ মানের দিকে থেকে ভালো। পত্রিকার সংবাদে বিভ্রান্তি দেখা দিলেও তিনি বিস্তারিত জেনে আশ্বস্ত হয়েছেন।
ব্রঙ্কসের প্রবাসী মালেকা খানম বলেন, প্রবাসে বেশ অহংকারের সঙ্গে বাংলাদেশি গ্রোসারি থেকে তিনি মাছ কিনে থাকেন। আমেরিকায় কোনো ক্ষতিকর উপাদান নিয়ে মাছ বিক্রি সম্ভব নয়। সরকারি নানা বিভাগ বাধ্যবাধকতার জন্য এমনটি করে থাকে মাঝেমধ্যে এবং এ নিয়ে তিনি নিজে উদ্বিগ্ন নন বলে জানালেন।