আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজোনায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মিসবাহ উদ্দিন ওরফে কাজল (৫০) এবং তাঁর ছেলে আবদুল্লাহ (১২) নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই চালক দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ হিট-অ্যান্ড-রানের ওই গাড়িটি খুঁজছে।
মিসবাহের বাড়ি গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। ঘটনার মাত্র ১০ দিন আগে তারা পারিবারিক ভিসায় অভিবাসী হয়ে আমেরিকায় আসেন। পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
২১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় মিসবাহ উদ্দিন তাঁর ছেলে আবদুল্লাহকে নিয়ে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন। দুজন এরি স্ট্রিটের আলমা স্কুল রোড পার হচ্ছিলেন। তখন উত্তর-পশ্চিম থেকে আসা দ্রুতগতির গাড়িটি তাদের ধাক্কা দেয়। এতে মিসবাহ ঘটনাস্থলে মারা যান।
মারাত্মক আহতাবস্থায় আবদুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২২ অক্টোবর হাসপাতালে তার মৃত্যু হয়।
২৩ অক্টোবর স্থানীয় সময় বাদ জোহর মসজিদে একই সঙ্গে জানাজা শেষে অ্যারিজোনায় বাবা ও ছেলের মরদেহ দাফন করা হয়েছে।
মিসবাহ তাঁর ছেলে আবদুল্লাহ, স্ত্রী ও কলেজে পড়ুয়া একমাত্র মেয়েসহ ঘটনার ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। ২২ অক্টোবর আবদুল্লাহর স্থানীয় স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল।
মিসবাহরা চার ভাই। তাঁর বড় ভাই ডা. ইকবাল উদ্দিন আমেরিকা প্রবাসী। তাঁর আবেদনেই তিনি পারিবারিক ভিসায় আমেরিকা আসেন। তাঁদের আরেক ভাই অস্ট্রেলিয়াপ্রবাসী। সবার ছোট ভাই রাজধানী ঢাকার বাড্ডায় বসবাস করছেন।