বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদ্যাপিত

দেশমাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা, দেশপ্রেম এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণীগুলো যথাক্রমে পাঠ করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল এম মইনুল হাসান এসপিপি, এনডিসি, পিএসসি, মিনিস্টার (প্রেস) শামিম আহমদ, মিনিস্টার (ইকোনমিক) মো. মেহেদী হাসান ও মিনিস্টার (পলিটিক্যাল) মো. নুরুল ইসলাম।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য, জাতীয় চার নেতা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, পাকিস্তান আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করে। বাঙালি জাতির স্বাধীনতা, গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করার জন্যই পাকিস্তানের সেনাবাহিনী বর্বর আক্রমণ পরিচালনা করে। তিনি বলেন, আমেরিকার জনগণ নির্যাতিত বাঙালির পক্ষে অবস্থান নেয়। এ প্রসঙ্গে তিনি সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি, ঢাকায় নিযুক্ত সাবেক কনসাল জেনারেল আর্চার ব্লাড, সংগীত শিল্পী জর্জ হ্যারিসন এবং কবি অ্যালেন গিন্সবার্গের অবদান স্মরণ করেন।
ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার উল্লেখ করে রাষ্ট্রদূত দুই দেশের সহযোগিতাকে নতুন নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত করার ওপর জোর দেন।
সন্ধ্যায় বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের পরিবার, বর্ণমালা স্কুল ও সৃষ্টি নৃত্যাঙ্গনের শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।
বিদেশি কূটনৈতিক, আমেরিকা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।