অনেক দিন আগের কথা। যখন দেশে ছিলাম সেখানে রক্ষণশীলতা দেখে আমরা বন্ধুরা ভাবতাম, একবার আমেরিকা বা ইউরোপে পাড়ি জমাই। তখন কত বান্ধবী হবে! সকালে একজনের সঙ্গে ব্রেকফাস্ট, রাতে আরেকজনের সঙ্গে ডিনার। তারপর রেস্টুরেন্টে, পার্কে যথেচ্ছ প্রেমের বহিঃপ্রকাশ তো থাকছেই।
আমরা এখানে এসে পড়াশোনায় ব্যস্ত হয়ে গেলাম। টাকা নাই, গাড়ি নাই, মেয়ে বান্ধবীর কথা ভাবার সময় নাই। আর বান্ধবী কোথায় কীভাবে পাওয়া যায়, তাও জানা নাই। দেখতে দেখতে সবাই বুঝে ফেললাম, আমেরিকা আসলে বেশ রক্ষণশীল একটা দেশ। আগে নাকি এত রক্ষণশীল ছিল না, ইদানীং হয়েছে এবং আরও হচ্ছে। তখন শুনলাম আসলে বাংলাদেশ আর রক্ষণশীল নাই। সেখানে দেদার মেয়ে বান্ধবী পাওয়া যাচ্ছে এবং ছেলেরা হাত ধরাধরি করে বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব শুনে আমরা একদিন শোক দিবসও পালন করলাম।
সেদিন টিএসসিতে চুমু খাওয়ার ছবি ভাইরাল হয়ে আরেক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সেই তুলনায় ভার্জিনিয়ায় বসে বাংলাদেশি কমিউনিটিতে যা হচ্ছে, তা বাংলাদেশ থেকে বিশ্বাস করা কঠিন।
এখানে সার্কেল টাওয়ার নামে একটা মজার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। অনেকটা জায়গা জুড়ে বিশাল উঁচু উঁচু ৮/১০টি অ্যাপার্টমেন্ট ভবন। সেখানে হাজার হাজার মানুষ থাকে। তাদের কেউ ছাত্র, কেউবা কেবল ছাত্রত্ব শেষ করেছেন। নতুন অনেকেই এই সার্কেল টাওয়ারে কয়েক বছর কাটান। প্রায় সবাই বিদেশি। ধরুন, নিচের সাইড-ওয়াক দিয়ে আপনি হাঁটছেন। ওপরে তিন তলায় দরজা খোলা, ভেতরের আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে, ‘আইনে কাইলৈ আমারে ডিএমভিতে নিয়া চলেন।’ সঙ্গে ডালে বাগার দেওয়ার মন মাতানো গন্ধ।
এই সার্কেল টাওয়ারেই কয়েকজন মিলে এক বন্ধুর বাসায় আড্ডা দিচ্ছিলাম। তিনি ছাত্র নন, পরিবার নিয়ে থাকে। তিনি আবার খুবই জনপ্রিয়। পরদিন কাজ নেই, তাই আড্ডায় আড্ডায় প্রায় রাত বারোটা বেজে গেল। সবাই চলে গেলে একজন নারীকে তার ভবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল আমার কাঁধে। খানিকটা পথ হেঁটে গেলেই তার ভবন। তিনি একাও যেতে পারতেন, তবে সম্মান দেখানোর জন্য কারও পৌঁছে দেওয়াটাই কর্তব্য।
সেখানে পৌঁছে ভবনের বন্ধ ফটকের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা হলো। তাঁর কাছে ফটক খোলার কার্ড ছিল না বলে অন্য কেউ ঢোকা বা বের না হওয়া পর্যন্ত তিনি ঢুকতে পারছিলেন না। চারদিকে তরুণ-তরুণী ঘোরাফেরা করছে। প্রায় সারা রাত এই সার্কেল টাওয়ার জীবন্ত থাকে। কেউ ভারতের, কেউ বেলারুজের, কেউ লেবানন থেকে এসেছেন। কতজনের কত সমস্যা। হয়তো গ্রিনকার্ড নেই। হয়তো এই দেশে থাকতে পারবেন কী পারবেন না—সেটাই অনিশ্চিত হয়ে পড়েছে। হয়তো এক কক্ষে অনেকে শেয়ার করে থাকছেন। দিনে পড়াশোনা, রাতে চাকরি করছেন। কিন্তু বাইরে সবাই প্রাণোচ্ছল। আড্ডা দিচ্ছেন, ধূমপান করছেন। কোনো ক্লাবে যাওয়ার জন্য ছেলে-মেয়েদের বড় একটি দল আমাদের অদূরেই একত্রিত হচ্ছিল। কেউ সস্তা পানীয় কিনে বাসায় ঢুকছে, আজ রাতে মজার পার্টি হবে।
যাই হোক, আমার সঙ্গে নারী এবং আমি চাকরি ও অভিবাসন নিয়ে অনেক কথা বলছিলাম। এর মধ্যে ভবনে কয়েকজন ঢুকল-বেরোল। তিনি তবুও গল্প করছেন। তাঁর সমস্যার কথা শুনে মনে হলো, কিছু করতে না পারলেও পরামর্শ দেওয়াই উচিত। শেষে যখন গাড়িতে উঠলাম, তখন রাত সাড়ে বারোটারও বেশি বাজে।
পরদিন সকালে ফোন এল। ওই গ্রুপের একজন আমাকে একথা-ওকথার পর নিরীহ গলায় জিজ্ঞেস করলেন, ‘তো কাল বাসা যেতে অনেক দেরি হয়েছে নিশ্চয়ই, দুইটা/তিনটা?’
বুঝলাম কপালে খারাপ কিছু আছে। মানুষের অনুমান ক্ষমতা বড়ই প্রবল। একটু বাড়িয়ে বললেন যেন আমি সত্যটা বলতে কসুর না করি। বললাম, ‘রাত সাড়ে বারোটার মতো বাজল। এই-সেই নানান কথা হচ্ছিল।’
‘অ, তাহলে তো অনেক রাত পর্যন্ত ছিলেলন।’
আরও তথ্য চাচ্ছেন। পারলে কথাবার্তার স্ক্রিপ্ট, দুজনের দাঁড়ানোর মধ্যে দূরত্ব ইত্যাদিই দেখতে চান আর কি।
একটু পরে আরেকজন ফোন করলেন। ‘শুনলাম রাত নাকি দেড়টা পর্যন্ত রহস্য নারীর সঙ্গে আলাপ করলা?’
‘রহস্য’ বলার একটা কারণ আছে। তাকে কেউ দিনে দেখেনি। প্রতিবারই লিফটে দেখা গেছে। প্রথম দেখেছে সেই সেলিব্রেটি বন্ধু ও তার স্ত্রী। রহস্যময় নারী তাদের চিনতে পেরে বাংলায় কথা শুরু করে দেন। তারপর একদিন মিষ্টি বানিয়ে ‘সেলিব্রেটি’র বাসায় হাজির, সেটাও বেশ রাতে।
আরও ৩/৪ বার দেখা হয়েছে। আমরা সবাই দেখেছি, সেটাও রাতে। তিনি নিজে ঠিক কোন অ্যাপার্টমেন্টে থাকেন, সে তথ্য কেউ জানে না। তিনি আবার সবার মুখ দেখে ভাগ্যের কথা বলে দিতে পারেন। প্রথম দিনই একজনকে দেখিয়ে বললেন, ‘আপনার ওপেন শত্রু আছে।’ যাঁর শত্রু আছে বলে সদ্য জানা গেল তিনি জিজ্ঞেস করলেন, ‘কী করলে ওপেন শত্রুর কবল থেকে রক্ষা পাওয়া যাবে?’
সেই নারী বললেন, ‘আপনাকে লাল জামা পরতে হবে। এ মাসে শনির প্রভাব বেশি। তাই লাল জামা পরে সেই প্রভাব কাটাতে হবে।’ ‘আমরা ভাবলাম তিনি ইয়ার্কি করছেন, কিন্তু তার মুখে কোনো হাসি নেই।’ কার কোন ‘হাউস’ চলছে, তা তিনি আঙুলের গাঁট হিসেব করে করে বের করছিলেন। ফিফ্থ হাউসে থাকলে প্রেম হয়, এ রকম অনেক কিছুই হয়ে যাওয়া ওয়ার্ল্ডকাপ খেলার ফলাফলের মতো করে বলে যাচ্ছিলেন।
একদিন ওই নারীর অনুপস্থিতে এসব নিয়ে খানিকটা জাবর কাটা হলে কে যেন বললেন, ‘সন্দেহের বিষয়! তিনি কি আসলেই আছেন? নাকি অন্য কিছু?’
অন্য কিছু মানে স্পুকি, ভুতুড়ে। ভূত-প্রেত বা বৃহস্পতি-শনির প্রভাব বিশ্বাস করার মতো সেখানে তেমন কেউ ছিলেন না। সবাইকে প্রগতিশীল বলা যায়। কিন্তু মজাটা সবাই ফেনিয়ে তুলতে চাইছেন। একেকজন আবার একেকভাবে প্রগতিশীল। যেমন এক বন্ধু সায়েন্স ফিকশন লেখার চেষ্টা করছেন। সেই অধিকারে তিনি বললেন, ‘যত সব অবৈজ্ঞানিক কথাবার্তা!’
আরেকজন ক্ষোভের সঙ্গে বলল, ‘আমি রোজার মাসে রোজাও রাখি, আমি লাল জামা পরতে হবে সেরকম কথা বিশ্বাস করব কেন? এসব আসলে কুফরি কালাম।’ তাঁকেই ওই নারী বলেছিলেন, আপনার ওপেন শত্রু আছে। অর্থ দাঁড়াচ্ছে, শত্রু দুই ধরনের, ওপেন শত্রু, যাকে আপনি শত্রু হিসেবে জানেন। আর গোপন শত্রু যাকে শত্রু হিসেবে আপনি জানেন না। যাক, নতুন কিছু একটা শেখা হলো।
এসব কারণেই ওই নারীকে গোপনে ‘রহস্যময়ী’ নারী নামকরণ করা হয়। ইয়ার্কি না সিরিয়াস ধরা যায় না এমন স্বরে একজন বললে, ‘জিনও হতে পারে।’ এ কথা শুনে আরেকজন পরামর্শ দিলেন, ‘এরপর তাঁকে দেখলে হাত কোমর বরাবর লম্বা করে হঠাৎ এদিক থেকে ওদিকে নিয়ে যেতে হবে। তাতেই পরীক্ষা হয়ে যাবে তিনি জিন না মানুষ।’ বাতাসে হাতটা ছুড়ে কী করতে হবে সেটাও দেখিয়েও দিচ্ছিলেন তিনি। ভার পড়ল আড্ডার আয়োজক বন্ধুর ওপর। কারণ তিনিই এই নারীকে লিফটে আবিষ্কার করেছে।
দুদিন পরে আবার আড্ডা বসল। কীভাবে যেন সেই নারীও এসে জুটলেন। আর কে পায়! একজন জিজ্ঞেস করলেন, ‘ওদিন আপনারা কয়টা পর্যন্ত আলাপ করলেন? তিনি বললেন, ‘বাসায় গিয়ে দেখি বাজে দুটা ৪২ মিনিট।’ ৪/৫ জন টেনে টেনে বিস্ময়ের সঙ্গে বললেন, ‘দুটা বিয়া...ল্লি. . শ!’ তারা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। কারণ আমি বারো মিনিট সময় লুকিয়েছিলাম, সেটা ধরাও পড়ে গেছে। তারপর নানাভাবে যাচাই-বাছাই চলতে লাগল, আমি যা যা বলেছি তা সত্য কি না। একটু এদিক-ওদিক কিছু পেলেই টেনে টেনে বিস্ময় প্রকাশ। আমিও মজা পেয়ে সবার সঙ্গে তাল দিলাম। তবে ওদিন আর সম্ভাব্য ‘জিন’ নারীকে পৌঁছে দেওয়ার নামও করিনি। গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে এলাম।
এই আমেরিকায় এখন বাস করছি। দেশে গিয়ে বন্ধুদের বললে তারাও আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। ভাব করে, ‘আমেরিকায় কি হয়, আমরা জানি না?’
আমার তো মনে হয়, সাইনবোর্ড চেঞ্জ করে দেওয়ার সময় এসেছে। অন্তত রক্ষণশীলতার দিক দিয়ে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। বাংলাদেশের নাম হবে আমেরিকা, আর আমেরিকার নতুন নাম বাংলাদেশ।