কবিতা, আলোচনায় শহীদ কাদরীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীতে জীবনের অন্তিম কাল যাপনকরী বাংলাভাষার বিশিষ্ট কবি শহীদ কাদরীকে স্মরণ করে কবির জন্ম ও মৃত্যু মাসে ৩১ আগস্ট সন্ধ্যায় ‘সাহিত্য একাডেমি নিউইয়র্ক’ এর ৯৩ তম আসরটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে।
অনুষ্ঠানের শুরুতেই এই মাসে মৃত্যুবরণকারী জাতীয় ব্যক্তিত্বদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিন পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শহীদ কাদরীর কবিতা পাঠ। দ্বিতীয় পর্বটি ছিল কবির জীবন ও কবিতা নিয়ে আলোচনা। তৃতীয় পর্বে ছিল স্মৃতিচারণ ও কবির উদ্দেশে স্বরচিত লেখা পাঠ।
প্রথম পর্বে শহীদ কাদরীর কবিতা পাঠ করেন যথাক্রমে মনিজা রহমান, লুবনা কাইজার, গোলাম মোস্তফা ও মুমু আনসারী।
দ্বিতীয় পর্বে কবি ও কবির কবিতা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, তমিজ উদ্দীন লোদী, নীরা কাদরী, আদনান সৈয়দ, শামস আল মমীন, ফকির ইলিয়াস, মুহাম্মাদ ফজলুর রহমান, মনজুর কাদের, হুসনে আরা বেগম ও এবিএম সালেহ উদ্দীন।
হাসান ফেরদৌস বলেন, অনেকেই শহীদ কাদরীকে নাগরিক কবি বলে থাকেন। কিন্তু কবি কবিই। গ্রামের কবি শহরের কবি বলে কিছু নেই। শহীদ কাদরীর কবিতার প্রধান সুর ছিল স্বদেশ। স্বদেশকে তিনি প্রিয়তমা বলেছেন। ১৯৬৯ সালের কথা। পরিবর্তনের ভাবনায় দেশ যখন উম্মুখ তখন কবি বলেছেন, পরিবর্তন আসছে। কবির কবিতায় আলোর ইঙ্গিত আছে। ভালোবাসার কবি শহীদ কাদরী তাঁর কবিতায় বারবার আমাদের ভালোবাসামুখী করেছেন।
ফেরদৌস সাজেদীন বলেন, ‘সাহিত্য একাডেমির ঘরটিতে আজ আমি যে আর্তির মিছিল দেখছি তার তুলনা হয় না। যে মানুষটা চোখের সামনে ছিল না তাঁকে কাছে পেতে সবার মধ্যে কি গভীর আকুতি! কবিতার প্রাণ হলো ইমাজিনেশন (কল্পনা)। যে শব্দ অন্য কেউ লেখেনি, ভাবেনি কবি সে কথা, সে ভাবনার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেন। শহীদ কাদরী দেশকে ধারণ করেছেন অখণ্ডতায়। পাণ্ডিত্য নয়, উপলব্ধি ছিল তাঁর কাম্য। মেধায়, মননে শহীদ কাদরী আমাদের সঙ্গে সব সময় মিশে থাকবেন।’
তমিজ উদ্দীন লোদী বলেন, শহীদ কাদরীর কবিতা নিয়ে কথা বলা সাগর পাড়ি দেওয়ার মতো দুরূহ ব্যাপার। ছুরির ফলার মতো তীক্ষ্ণ, তরবারির মতো ঝকঝকে কবির সব কবিতা। কবিতার ভেতর রহস্য সৃষ্টি করার ক্ষমতা সব কবির মধ্যে থাকে না। শহীদ কাদরী একজন বড় কবি। তাঁর কবিতার মধ্যে বড় কবির সব বৈশিষ্ট্য বিদ্যমান। ‘বৃষ্টি বৃষ্টি’ কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এটি সাদামাটা কোনো কবিতা নয়। অসাধারণ এর দর্শন, নীরব প্রতিবাদ পরিলক্ষিত হয় কবিতাটিতে। তিনি কবির কবিতা চর্চার মধ্য দিয়েই বারবার কবিকে স্মরণ করার আহ্বান জানান।
নীরা কাদরী বলেন, শহীদ কাদরীর একটি প্রিয় প্রতিষ্ঠান ছিল সাহিত্য একাডেমি। কবি শহীদ কাদরীর সঙ্গে মোশাররফের নিয়মিত কথা হতো। এমনকি ডায়ালাইসিসের দিনটিও বাদ যেত না। ফোন রেখেই আক্ষেপ করে বলতেন, অসুস্থ হয়ে পড়ায় সাহিত্য একাডেমিতে যেতে পারি না। এরপর কবিকে নিয়ে তাঁর লেখা স্মৃতিকথা ‘এবার কথা কানে কানে’ পড়ে শোনান তিনি।
আদনান সৈয়দ বলেন, শহীদ কাদরী ছাড়া নিউইয়র্ক শহরকে ম্লান মনে হয়। তিনি নেই ভাবতে পারছি না। শহীদ কাদরী নিজে আলোকিত মানুষ ছিলেন এবং চারপাশের মানুষদেরও আলোকিত করেছেন। তিনি বলেন, লেখকের শুধু নিজের একার বড় হয়ে ওঠা নয় বরং সবাইকে নিয়ে বড় হয়ে ওঠা উচিত।
শামস আল মমীন বলেন, ‘দীর্ঘদিন ধরে কবির সঙ্গে আমার পরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। কিন্তু শেষ সময়ে তাঁর পাশে থাকতে পারিনি। তাঁর দ্বারা আমি ব্যাপকভাবে উপকৃত হয়েছি।’
ফকির ইলিয়াস বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে শহীদ কাদরী অনেক জনপ্রিয়। শহীদ কাদরী হলেন তারুণ্যের প্রতীক। তিনি আরও বলেন, ‘আমি শহীদ কাদরীর কাছে থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছি।’
মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ঘরের ভেতরে থেকেও বিশ্বসাহিত্যের কোথায় কী হতো শহীদ কাদরী তা সব জানতেন। কবির সঙ্গে ১ দিন অথবা ১০০ দিন যে যেভাবে মিশেছেন তাঁর সে স্মৃতি অমলিন হয়ে আছে।
মনজুর কাদের কবির সঙ্গে প্রথম সাক্ষাতের একটি অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, শহীদ কাদরী ও নীরা কাদরী দুজনই মহান মানুষ। তাঁরা জানতেন কীভাবে একজন আগন্তুককে বরণ করে নিতে হয়।
হুসনে আরা বলেন, ‘কবি, সাহিত্যিক, ডাক্তার বড় কথা নয়। প্রকৃত মানুষ হিসেবে যে বড়, সে-ই বড় মানুষ। শহীদ কাদরীর স্মরণ সভা সামনে রেখে আমাদের মানুষ হিসেবে বড় হওয়ার প্রতিজ্ঞা করা উচিত।’
লেখক এবিএম সালেহ উদ্দীন বলেন, ‘সাহিত্য একাডেমির সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত শহীদ কাদরীর আত্মার সম্পর্ক ছিল। আমার জানামতে, অন্য কোনো সংগঠনের সঙ্গে শহীদ কাদরীর এ রকম সম্পর্ক ছিল না।’
তৃতীয় পর্বে কবি শহীদ কাদরীর স্মরণে কবিতা পাঠ ও স্মৃতিচারণ করেন, কাজী আতিক, সোনিয়া কাদের, রাণু ফেরদৌস, নিলুফার রেজা, শাহীন ইবনে দিলওয়ার, উম্মে কুলসুম পপি, আরিফ মাহমুদ শৈবাল, মমতাজ বেগম সুমী, বেনজির শিকদার, ফারহানা ইলিয়াস তুলি, তাহমিনা সাঈদ, নিলুফার রেজা, বিলকিস রহমান দোলা, সালেহীন সাজু, রিমি রুম্মান, লুৎফা শাহানা, এইচবি রিতা, শিরীন বকুল, আহমেদ হোসেন বাবু, আবুল বাশার, কামরুন নাহার রীতা, আনোয়ার সেলিম, স্বপ্ন কুমার, তাহরীনা পারভীন প্রীতি, শুক্লা রায়, পলি শাহীনা প্রমুখ। সকলেই নানা কথায় কবির প্রতি শ্রদ্ধা জানান।
আসরে আরও উপস্থিত ছিলেন, রাহাত কাজী শিউলি, ফরিদা ইয়াসমীন, আবু সাঈদ রতন, খালেদ সরফুদ্দীন, শাহেলা লোদী, আহমাদ মাযহার, শাহ আলম দুলাল, জাহীদ রেজা নূর, মাসুম আহম্মেদ, শামস চৌধুরী রুশো, ক্লারা রোজারিও, গোপন সাহা, সুতপা মন্ডল, মিশুক সেলিম, উইলি মুক্তি, প্রতাপ দাস, পারভীন পিয়া, শিবলি ছাদেক, নাসির শিকদার, মো. এনামুল কবির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।