বাংলাদেশ বুলেভার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালাবাদ ‍স্ট্রিটের পর নিউজার্সির প্রবাসীবহুল প্যাটারসন সিটিতে এবার বাংলাদেশের নামে হলো ‘বাংলাদেশ বুলেভার্ড’। ২২ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামের সড়কটির।
এ উপলক্ষে জমজমাট উৎসবের আয়োজন করেছেন প্যাটারসনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। উৎসবে আশপাশের অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা যোগ দেন।

বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান শাহিন খালিকের প্রস্তাবে গত স্বাধীনতা দিবসে প্যাটারসন সিটি কাউন্সিলে বাংলাদেশের নামে সড়ক করার বিলটি পাস হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশে ছিলেন সিটির মেয়র আন্দ্রে শায়েগ। জাতিসংঘে

নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাও উৎসবে যোগ দেন।

শনিবার স্থানীয় ওয়েন অ্যাভিনিউতে (টোটোয়া ও ইউনিয়ন অ্যাভিনিউর মাঝে) আয়োজিত অনুষ্ঠানে বেলা তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ বুলেভার্ড’–এর নামফলক উম্মোচন করা হয়। কাউন্সিলম্যান শাহিন খালিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন, সাদিয়া ফয়জুননেসা, নিউজার্সির অ্যাসেম্বলিওম্যান শাভোন্দা সাম্পটার, প্যাসিস কাউন্টির শরিফ রিচার্ড ব্রেডনেক প্রমুখ বক্তৃতা করেন। এরপর র‌্যালি বের করা হয়। ব্যানার হাতে ঢাক-ঢোল পিটিয়ে প্রবাসী বাংলাদেশিরা র‌্যালিতে অংশ নেন।

শাহিন খালিক বলেন, চলতি বছরের ২৬ মার্চ প্যাটারসন সিটি হলে তাঁর প্রস্তাবে স্থানীয় ইউনিয়ন অ্যাভিনিউয়ের একাংশের নামকরণ বাংলাদেশের নামে ‘বাংলাদেশ বুলেভার্ড’ ওয়ে (সড়ক) প্রবর্তনের প্রস্তাবটি বিল আকারে পাশ হয়। পরে ২২ জুন আনুষ্ঠানিকভাবে এই ওয়ের উদ্বোধনের সিদ্ধান্ত হয়। ‘বাংলাদেশ বুলেবার্ড’ ওয়ের উদ্বোধনের দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে শাহীন খালিক। তিনি নিউজার্সির প্যাটারসনে স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবার সরবরাহের ব্যবস্থা ও ইসলামি শিক্ষা ক্লাসের ব্যবস্থা করাসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নেওয়া তার নানা উদ্যোগের কথাও তুলে ধরেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, প্যাটারসনের বোর্ড অব এডুকেশনের কমিশনার জাবেদ রহিম, মুক্তিযোদ্ধা এম এ করীম, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, ইভেন্ট অর্গানাইজার এনাম চৌধুরী, নিউজার্সির বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি নেতা জুবায়ের আলী, আলাউর রহমান, লোকমান হোসেন, মারুফ আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কাউন্সিলম্যান শাহীন খালিকের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ২০২০ সালের নির্বাচনে তাকে আবার সিটি কাউন্সিল নির্বাচিত করা আহ্বান জানান। এ সময় বক্তাদের মধ্যে কেউ কেউ বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার ব্যবস্থার জন্য সিটি প্রশাসনের প্রতি দাবি জানান।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের অভিনেতা ‘ওমর সানী ও মৌসুমী’ ছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন, বাউল শিল্পী কালা মিয়াসহ প্রবাসী শিল্পীরা অংশ নেন।

চার দশক থেকে প্যাটারসনে বসবাস করেন সিলেটের মামুন আহমেদ। আনন্দ উচ্ছ্বাসে তিনি জানালেন, ‘আমাদের পূর্বসূরিরা এই নগরে এসে জীবনের নোঙর করেছিলেন। শিল্প কারখানায় একসময়ে অগ্রসর প্যাটারসন নগর ছিল আমাদের অভিবাসীদের অন্যতম আকর্ষণীয় স্থান।’
এখানে ৫০ বছর থেকে বসবাসরত তার পরিবারের সদস্যরা একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সভা সমাবেশ করেছেন উল্লেখ করে হেলডন সিটির কাউন্সিলর তাহসিন আহমেদের বাবা আমীন আহমেদ বললেন, ‘আজ আমাদের গর্ব করার দিন। আমাদের পূর্বপুরুষদের পদচিহ্ন আছে যে সড়কে, সেখানে এখন উচ্চারিত হবে বাংলাদেশের নাম প্রতিটি ক্ষেত্রে।’

বেশ কয়েক বছর আগেই প্যাটারসন নগরে আরেকটি সড়কের নামকরণ ‘জালালাবাদ ‍স্ট্রিট’ করা হয়। এ নগর ও নগর সংলগ্ন এলাকায় প্রায় ২০ হাজার বাংলাদেশি আছেন বলে ধারনা করা হয়।