বাংলাদেশ ভ্রমণে আবারও যুক্তরাষ্ট্রের সতর্কতা
বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক থাকতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে। এতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের যথাযথ সাবধানতা ও উচ্চপর্যায়ের নজরদারি রাখতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএস পাসপোর্ট এন্ড ইন্টারন্যাশনাল ট্র্যাভেল বিভাগের ওয়েবসাইটে দেওয়া এই বার্তায় বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের হাজারো নাগরিক কোনো দুর্ঘটনা ছাড়াই প্রতিবছর বাংলাদেশ ভ্রমণ করলেও, যাঁরা দেশটিতে থাকেন বা ভ্রমণ করেন তাঁদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। নতুন এ সতর্কতা আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।’
এতে আরও বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে, বাংলাদেশে নতুন করে বিদেশি এবং বিদেশিদের জমায়েতে সন্ত্রাসী হামলা হতে পারে। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশে বিদেশি, সংখ্যালঘু সম্প্রদায় ওপর হামলা হয়েছে। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর ইতালির নাগরিক তাবেলা সিজার, ৩ অক্টোবর জাপানের নাগরিক হোশি কোনিও এবং ২৪ অক্টোবর শিয়া সম্প্রদায়ের ওপর হামলায় একজনকে হত্যা করা হয়। এসব হামলার দায় ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্তে (আইএসআইএল) প্রকাশ্যে স্বীকার করেছে। এরপর ২০১৫ সালে লেখক, প্রকাশক এবং গণমাধ্যম সংশ্লিষ্টসহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর অব্যাহত হুমকি আসছে। যুক্তরাষ্ট্রের সরকার মনে করে, এসব হুমকি বাস্তব ও বিশ্বাসযোগ্য এবং আরও হামলা হতে পারে।
বার্তায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রকাশ্য স্থানে পায়ে হেঁটে, মোটরসাইকেলে, রিকশায় বা অন্যান্য খোলা মাধ্যম ব্যবহার করে চলাচল করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া তাঁদের বড় কোনো সমাবেশস্থল, যেমন আন্তর্জাতিক হোটেলে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে ২৮ সেপ্টেম্বর ইতালির নাগরিক হত্যার দিন এবং পরে ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে চলাফেরায় সতর্ক করা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
নতুন করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বুধবার সচিবালয়ে বলেন, ‘এ রকম সতর্কতা তারা দিয়েই থাকে। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে আমরা সব সময় বলি, বিদেশি বা দেশি কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা মনে করি, এ ধরনের বাস্তবতাও নেই।’