বাংলাদেশ মেলায় তরুণ প্রজন্মের উচ্ছ্বাস আনন্দ

বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে ১৬ আগস্ট যেন জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্যান্ড ক্যাসল স্টেডিয়ামের বিশাল মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেলা। মেলার হরেক রকম আয়োজনের মধ্যে ছিল দেশীয়
পণ্যের বিকিকিনি, দেশি খাবারের স্টল, র্যা ফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান, অ্যাসেম্বলিম্যান ক্রিস ব্রাউন ও ভিন্স ম্যাজিও, আটলান্টিক সিটির ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী ফ্রাঙ্ক গিলিয়ামসহ আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা।
বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রঙের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়। তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল দেখার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তাঁরা পুরো মেলাকে মুখরিত করে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ জনারণ্যে পরিণত হয়।

বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বিকেল ৬টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বাংলাদেশ মেলার উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, বাংলাদেশ মেলার আহ্বায়ক কে এম দিদারুল আলম (দুলাল), রহমান বাবুল, আবদুর রফিক, মো. গিয়াসউদ্দিন, তানিম রহমান, শাহনূর নান্নাসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতা করেন কে এম দিদারুল আলম, জহিরুল ইসলাম বাবুল, আবদুর রফিক, মো. গিয়াসউদদীন, ফারুক হোসেন, নাসিরউদদীন শিকদার, নূরুননবী চৌধুরী শামীম প্রমুখ। এ ছাড়া সাংবাদিক আকবর হোসেন, মো. শাহীন, মো. আলী খান বাবুল, সুব্রত চৌধুরী ও নাসির খান শুভেচ্ছা বক্তব্য রাখেন। মেলায় বিভিন্ন গ্রেডে ‘এ অনার’ পাওয়া বাংলাদেশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত-শিল্পী কৌশলী ইমা, শাহ মাহবুব, রাজীব, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথি, রিজিয়া পারভীন ও মাটি ব্যান্ড। তারা নানা গানে দর্শকদের মাতিয়ে রাখেন। দর্শকেরা শিল্পীদের গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন। মেলায় একক নাচ পরিবেশন করে তুসাইতা ইসলাম। নিবেদিতা ভট্টাচার্যের পরিচালনায় করনেলিয়া, ঐশিকা, সারদা, শিবা ও বর্ষণ দলীয় নৃত্য পরিবেশন করে।