
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র ফ্রাঙ্ক গিলিয়ামের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই দুপুরে সিটি মেয়রের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’ সফল করতে মেয়র ফ্রাঙ্ক গিলিয়ামের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং মেলা সফল করার লক্ষ্যে সিটি মেয়রের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তিনি ‘বাংলাদেশ মেলা’ সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতারা মেয়রকে ‘বাংলাদেশ মেলা’র অতিথির আসন অলংকৃত করার প্রস্তাব দিলে তিনি সানন্দে সম্মতি জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান তাঁদের সাক্ষাতের সময় দেওয়ার জন্য এবং বাংলাদেশ মেলায় সহযোগিতার আশ্বাস দেওয়ায় মেয়রকে ধন্যবাদ জানান।
এই মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, সৈয়দ মো. কাউছার, হাবিবুর রহমান, বিপ্লব দাশ, আলী হোসেন, বিপ্লব দেব, শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক প্রমুখ।