বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য শিলা জ্যাকসন লি (ডেমোক্র্যাট-টেক্সাস) বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুই দেশ তাদের সম্পর্কের সেরা সময়ে রয়েছে।
১৮ জুন হিউস্টনে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন শিলা জ্যাকসন। বৈঠকে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য শিলা জ্যাকসন বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বৃদ্ধিতেও তাঁর আগ্রহ প্রকাশ করেন।
কংগ্রেস সদস্য শিলা জ্যাকসন বাংলাদেশে ১০ লাখের বেশি নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এবং এই মানবিক সংকট সমাধানে মার্কিন কংগ্রেসে তাঁর অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশের কোভিড-১৯ টিকার প্রয়োজনের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধের জবাবে কংগ্রেস সদস্য শিলা জ্যাকসন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আশা প্রকাশ করেন, বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই টিকার প্রাপ্য অংশ লাভ করবে। তিনি মার্কিন কংগ্রেস ও সরকারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সংক্রান্ত কংগ্রেসীয় ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তাঁর ইচ্ছা ব্যক্ত করেন।
শিলা জ্যাকসন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে টেক্সাসের সঙ্গে বাংলাদেশের পিপল-টু-পিপল যোগাযোগকে উৎসাহিত করেন এবং এই ক্ষেত্রে হিউস্টনের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামে সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা ব্যাপারে তাঁর ধারণা ব্যক্ত করেন।