বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা

আমেরিকায় বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে নিউইয়র্কে উডসাইডের গুলশান টেরেসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্বিরাত প্রতিযোগিতা। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামানের সঞ্চালনায় এ সময় মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, সোসাইটির সহসভাপতি আবুল খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি কাউন্সিলম্যান কস্টা কনস্টান্টিনাইডস। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মো. শামিম হোসেনসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া ফয়জুন্নেসা বলেন, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রাখার এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সোসাইটিকে নতুন প্রজন্মের জন্য এ রকম কর্মসূচির সংখ্যা আরও বাড়াতে হবে। তিনি বলেন, কনস্যুলেট থেকেও এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।