বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির সেবামূলক কর্মকাণ্ড বৃদ্ধিসহ সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
যৌথসভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। আর সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি
কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী।
সভায় সোসাইটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীকে সর্বসম্মতিক্রমে সংগঠনের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যেকোনো বিষয়ে সভাপতির পরামর্শক্রমে একমাত্র সাধারণ সম্পাদকই সংগঠনের পক্ষে বিবৃতি বা বক্তব্য দেবেন।
সংগঠনের কার্যকরী কমিটির দুই সদস্যের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ছিল এ যৌথসভার অন্যতম উল্লেখযোগ্য বিষয়। উল্লেখ্য, প্রায় চার মাস আগে ফেসবুকে একটি বার্তাকে কেন্দ্র করে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায় ও কার্যকরী সদস্য মোহাম্মদ সাদী মিন্টুর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। একপর্যায়ে মণিকা রায় ট্রাস্টি বোর্ডের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ব্যাপারে প্রথমে কার্যকরী কমিটির সভায় আলোচনা হয়। পরে ট্রাস্টি বোর্ডের সঙ্গে যৌথসভায় বিষয়টির নিষ্পত্তি হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল আহমেদ জনি, কাজী আজহারুল হক মিলন, অধ্যাপক দেলোয়ার হোসেন, আলী ইমাম শিকদার, মফিজুর রহমান, আজিমুর রহমান বোরহান, এমদাদুল হক কামাল, ওয়াসি চৌধুরী, মোস্তফা কামাল পাশা বাবুল, আব্দুল হাসিম হাসনু ও শরাফ সরকার। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহসাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায়, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু ও সরোয়ার খান বাবু।