বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ আবারও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন ঘিরে মামলার কারণে নির্বাচন অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। সম্প্রতি মামলাটি খারিজ হয়ে গেছে। এ কারণে আগামী ২০ অক্টোবর নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

গত ২৪ জুলাই ইসির বৈঠকে নির্বাচন বিষয়ে পর্যালোচনা হয়েছে এবং ২০ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারিত হয়েছে। এদিন সন্ধ্যায় সোসাইটি অফিসে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি।

গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। নির্বাচনে ‘রব-রুহুল’ ও ‘নয়ন-আলী’ প্যানেল ছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরও দুজন প্রার্থী প্রার্থিতা ঘোষণা করেন। নির্বাচন ঘিরে সোসাইটির তিন সদস্য যথাক্রমে আলী আকবর, জি আর চৌধুরী ও শফিকুল ইসলাম গত বছরের ১৮ অক্টোবর কুইন্স সুপ্রিম কোর্টে মামলা করেন। ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই মামলা করা হয়। মামলার বিবাদী ছিলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রধান এস এম জামাল উদ্দিন আহমেদ ও সোসাইটির সভাপতি কামাল আহমেদ।

সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ বলেন, আদালত কর্তৃক নির্বাচন সংক্রান্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। আমরা নির্বাচন কমিশনের সদস্য প্রাথমিকভাবে সভায় বসে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি। চলছে ভোটকেন্দ্র পাওয়ার প্রস্তুতি। তিনি বলেন, ইতিপূর্বে নির্ধারিত ভোটার তালিকার ভিত্তিতে ভোটগ্রহণ হবে।