বাংলাদেশ সোসাইটির সভাপতির হৃদ্যন্ত্রে সফল অস্ত্রোপচার

আমেরিকায় বাঙালিদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন। ১৬ মে তাঁর হৃদ্যন্ত্রে সফল অস্ত্রোপচার হয়েছে।
১৫ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মাউন্ট সিনাই হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কামাল আহমেদের হৃদ্যন্ত্রে ছয়টি ব্লক রয়েছে বলে জানান। চিকিসৎকদের পরামর্শে তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএর সভাপতি আবুল কালাম পিনু বলেন, মাউন্ট সিনাই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১৬ মে বেলা তিনটায় কামাল আহমেদের সফল হার্ট সার্জারি হয়েছে। তাঁর হৃদ্যন্ত্রে ছয়টি ব্লকের মধ্যে তিনটি ব্লকে স্টেন্ট পরানো হয়েছে। পরে তাঁকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়।
সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে আমেরিকা প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন এবং বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।