বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে ৪৯তম বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৬ ডিসেম্বর সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে। অনুষ্ঠানটি আমেরিকাপ্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মিলনমেলায় পরিণত হয়। আলোচনায় জাতির পিতার সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বাঙালির বিজয় অর্জনের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি, দেশের ব্যাপক উন্নয়ন এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানের শুরুতেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি জাতিসংঘসহ আমেরিকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানান। পরে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বক্তব্য রাখেন।
বিজয় দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মুকিত চৌধুরী, আব্দুল বাতেন ও রাশেদ আহমেদ। শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন ডা. মাসুদুল হাসান ও ফাহিম রেজা নুর। এ ছাড়া প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন আইরিন পারভীন, শাহনাজ মমতাজ ও মুজাহিদুল ইসলাম। প্রবাসী বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন নাইমা খান ও শেলী এ মুরাদ।
আলোচনা পর্ব শেষে স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাপা) শিল্পীরা দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর শিল্পীদের বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি উপহার দেওয়া হয়। পরে অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।