বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ফুটবল লীগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২০ শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে লীগের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী।

এবারের লীগে ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—যুব সংঘ (এ), যুব সংঘ (বি), ব্রঙ্কস ইউনাইটেড, বিবিএ, সোনার বাংলা এফসি, আইসাব, ব্রঙ্কস স্টার, জ্যামাইকা এফসি, বৈরাগীবাজার এফসি, বেঙ্গল ওয়ারিয়র, টুডোর এফসি ও জলডুপ এফসি। উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় যুব সংঘ ২-১ গোলে জ্যামাইকা এফসিকে পরাজিত করে শুভ সূচনা করে। খেলার ১০ মিনিটে যুব সংঘের মাহবুব প্রথম গোল করেন (১-০)। এরপর ২৭ মিনিটের সময় জ্যামাইকার আরিফ গোল করে খেলায় সমতা আনেন (২-২)। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটের সময় যুব সংঘের খান তৃতীয় ও জয়সূচক গোল করেন।

দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৪-০ গোলে বেঙ্গল ওয়ারিয়রকে পরাজিত করে সহজেই জয় পায়। খেলার প্রথমার্ধের ৯ মিনিটের সময় জামি, ২৪ মিনিটের সময় ফারহান, ৩০ মিনিটের সময় জাকারিয়া এবং দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটের সময় মোহাম্মদ গোল করেন। এই খেলায় বেঙ্গলের কাশেমকে লাল কার্ড প্রদর্শন করা হয়।

দিনের তৃতীয় খেলায় বিবিএ ও বৈরাগী বাজার এফসি অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার শুরুতেই বিবিএর তাসিন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটের সময় বৈরাগীর ইফতেখার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এতে খেলাটি ড্র হয়।

দিনের চতুর্থ ও শেষ খেলায় ব্রঙ্কস স্টার ১-০ গোলে সোনার বাংলা এফসিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধ ০-০ গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের রকি জয়সূচক গোল করেন।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা আতাউর রহমান সেলিম ও জুনেদ আহমেদ চৌধুরী, সহসভাপতি এলিন রহমান, সাধারণ সম্পাদক রশিদ রানাসহ আবদুল কাদির, ইয়াকুত রহমান, জহির উদ্দিন, দেলোয়ার হোসেন, মইনুল ইসলাম, শফিকুল আলম প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতি সপ্তাহের রোববার একই মাঠে লীগের চারটি করে খেলা অনুষ্ঠিত হওয়ার পর কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।