বাংলাদেশি অভিবাসীদের মধ্যে বাড়ছে শিক্ষার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি অভিবাসীরা শিক্ষায় অন্য সাধারণ আমেরিকার জনগণ থেকে এগিয়ে আছেন।

পরিশ্রমী জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান দৃঢ় করছেন। উন্নত জীবনযাপনের জন্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের মধ্যে শিক্ষার হার বাড়ছে।

সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে এসে শুধু অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে বাংলাদেশিরা থেমে থাকেনি।

নিজেদের অবস্থান শক্ত করার জন্য শিক্ষাদীক্ষায় নিজেদের এগিয়ে নিয়েছে। বহির্বিশ্বের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। সন্তানদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে জন্য পিতামাতা অর্থ উপার্জনের জন্য নিজেরা অতিরিক্ত কাজ করছেন। সে জন্য শিক্ষার হার বাড়ছে বর্তমান প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে।

২০১৯ সালে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক পরিসংখ্যান বলছে, বাংলাদেশি অভিবাসীরা শিক্ষায় অন্যান্য সাধারণ আমেরিকার জনগণ থেকে এগিয়ে আছে। প্রায় ২৬ শতাংশ বাংলাদেশির স্নাতক ডিগ্রি আছে, যেখানে সাধারণ আমেরিকান জনগণের ক্ষেত্রে এ সংখ্যা ২০ শতাংশ। পুরো এশিয়ানদের ক্ষেত্রে এ সংখ্যা ৩০ শতাংশ। প্রায় ২৩ শতাংশ বাংলাদেশির মাস্টার্স, পিএইচডি বা তারও বেশি শিক্ষাগত যোগ্যতা আছে। অন্যদিকে অন্যান্য আমেরিকানদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ১৩ শতাংশ এবং এশিয়ানদের ২৪ শতাংশ।

পরিসংখ্যান বলছে, প্রায় ১৬ শতাংশ বাংলাদেশি অভিবাসীর অ্যাসোসিয়েট ডিগ্রি কিংবা কলেজে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য কিছু ক্লাস করেছে। আমেরিকানদের ক্ষেত্রে এ সংখ্যা প্রায় ২৯ শতাংশ। এ পরিসংখ্যান প্রমাণ করে স্নাতক ডিগ্রি অর্জন করার আগেই অনেক আমেরিকান কলেজে পড়াশোনা বাদ দিয়ে দেন। কিন্তু বাংলাদেশিদের মধ্যে স্নাতক ডিগ্রি অর্জনের হার বেশি।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক দেশের অভিবাসীর তুলনায় এখনো খুব বেশি নয়। তাই এ পরিসংখ্যান দিয়ে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান অন্যান্য অভিবাসীর সঙ্গে তুলনামূলকভাবে ব্যাখ্যা করা হয়তো সম্ভব নয়। কিন্তু এসব পরিসংখ্যান শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি অভিবাসীদের উন্নতি প্রমাণ করে।

শিক্ষার্থী ভিসায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা বাংলাদেশিদের সংখ্যাও বেড়ে চলেছে দিনকে দিন। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাওয়া তথ্য মতে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় আট হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে পড়তে আসা দেশের মধ্যে বাংলাদেশের এ ক্ষেত্রে অবস্থান ১৭ তম।

নানা প্রতিকূলতার পরও আমেরিকায় আসার পর বাংলাদেশিরা শুরুর দিকের ধাক্কা ভালোভাবেই সামাল দিয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে টিকে থাকার জন্য বাংলাদেশিরা অমানবিক পরিশ্রম করে ভাগ্যের চাকা সুপ্রসন্ন করে তুলছে। বাংলাদেশি অভিবাসীদের মধ্যে শিক্ষার বৃদ্ধি তার উৎকৃষ্ট প্রমাণ।