পেটারসনে ‘কাউন্সিলম্যান এট লার্জ’ পদে নির্বাচন
বাংলাদেশি আকতারুজ্জামানের পক্ষে বিভিন্ন এথনিক কমিউনিটির সমর্থন

স্বপ্নের দেশ আমেরিকায় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে চলেছে। মূলধারার রাজনীতিতে এগিয়ে চলেছেন বাংলাদেশি-আমেরিকানরা। এমনি একজন নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটির নির্বাচিত সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আকতারুজ্জামান। তিনি এবার কাউন্সিলম্যান এট লার্জ পদে নির্বাচন করতে যাচ্ছেন। আগামী ৮ মে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শত শত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য এথনিক কমিউনিটির সমর্থনে ২০ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শুরু করেন আকতারুজ্জামান। এ সময় তাঁকে সমর্থন জানান মেয়র প্রার্থী পেড্রো। অনুষ্ঠানে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ‘সব কমিউনিটির ভয়েজ’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন আকতারুজ্জামান।
সিলেটের সন্তান মোহাম্মদ আকতারুজ্জামান নিউজার্সি অঙ্গরাজ্যের প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান। কাউন্সিলম্যান এট লার্জ পদে তাঁর নির্বাচনে নতুন স্বপ্ন দেখছেন পেটারসন সিটিবাসী। তাঁকে নিয়ে স্বপ্নের কথা জানালেন অনেক অভিবাসী।
কাউন্সিলম্যান এট লার্জ পদের নির্বাচনী প্রচারণার শুরুতেই পেটারসন সিটিকে ‘নিরাপদ সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে আকতারুজ্জামান বলেন, এই শহরে অপরাধ বেড়েছে, প্রপারটি ট্যাক্স বেড়েছে। এ সব সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তাঁর সমর্থনে নির্বাচনী সভায় শত শত বাংলাদেশির সমর্থন কামনা করেন পেটারসন সিটির আগামী মেয়রপ্রার্থী পেড্রো।
পেটারসনের একটি মিলনায়তনে আয়োজিত ব্যতিক্রমী এ নির্বাচনী সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনী সভার আহ্বায়ক আজমল আলী। সভায় আকতারুজ্জানের সমর্থনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, পেটারসন সিটির সাবেক ডেপুটি মেয়র আমনি আবু হকবার, কাউন্সিলম্যান আনন্দ শাহ, ভীন ক্যাথলিন, ফোবানা’র সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন, ইসলামিক ফাউন্ডেশন নিউজার্সির সাবেক সভাপতি আনসার আহমদ ও শামসুল ইসলাম, ডা. আকতম আলী তালুকদার, ইমাম খাতমী, কমিউনিটি নেতা ফারুক চৌধুরী, সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান আবদুল আহাদ, স্প্যানিশ কমিউনিটির তরুণ প্রতিনিধি ফানিয়া সান্তান প্রমুখ। সভা পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল।
নির্বাচনী সভায় আকতারুজ্জামান বলেন, ‘একজন বাংলাদেশি-আমেরিকান হিসেবে আমি গর্বিত। গর্বিত এই জন্য যে আমিই প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান। সবার দোয়া আর সহযোগিতা পেলে আগামী নির্বাচনে আরও বড় পদে বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনতে চাই।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও খায়রুল ইসলাম সবুজসহ বেলাল, চন্দ্রিকা, সোহেল, ফখরুল প্রমুখ শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক বাংলাদেশিসহ বিভিন্ন এথনিক কমিউনিটির বিপুলসংখ্যক অভিবাসী যোগ দেন বলে আয়োজকেরা জানিয়েছেন।