বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান সমর্থকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান সমর্থকদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।

নাসির আলী খান ও খসরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশি রিপাবলিকান সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কর্মপন্থা নির্ধারণ করা হয়। সভার শুরুতে রিপাবলিকান সমর্থক কাজী কাইয়্যুম পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। পরে তিনি রিপাবলিকান পার্টি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ কর্মসূচির সফল বাস্তবায়নে তাঁর সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। অর্থনৈতিক উন্নয়ন ও চীনের আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে বাংলাদেশি আমেরিকানদের আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তব্য রাখেন ওয়াদুদ ভূঁইয়া, গিয়াস আহমেদ, নির্মল পাল, ইসমাঈল খান আনসারী, কাজী কাইয়্যুম, এস এম ইকবাল, প্রিয়তোষ দে, হাবিবুর রহমান, রাজ চৌধুরী, মাহবুবুল আলম, মুনির হোসেন, রিনা আবেদিন, ফাহাদ, বিন মাহবুব, পবন সাহা প্রমুখ।