বাংলাদেশি আমেরিকান সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সন্তান নিয়ে শরিফ হোসেন ও আইরিন হোসেনের সুখী পরিবার, যেমন পরিবার সবাই চায়
তিন সন্তান নিয়ে শরিফ হোসেন ও আইরিন হোসেনের সুখী পরিবার, যেমন পরিবার সবাই চায়

রোহানের (ছদ্মনাম) জন্ম আমেরিকায়। বয়স আঠারো। বাবা-মা বাংলাদেশি রক্ষণশীল পরিবার থেকে আসা। অনেকটা অন্তর্মুখী স্বভাবের রোহানের চারপাশে অনেক মানুষ থাকলেও বাবা-মা, আর দু-একজন বন্ধুকে সে কেবল নিতে পারে। এর বাইরে সকলেই তার কাছে খুব বিরক্তিকর। বিশেষ করে দেশ থেকে আসা আত্মীয়স্বজন।
রোহানের চাচার বয়স সত্তরের কাছাকাছি। দেশে অতি উচ্চপদে সরকারি কর্মকর্তা হিসেবে সম্মানের সঙ্গে জীবন কাটিয়েছেন। শেষ জীবনে ভাইয়ের মারফত গ্রিনকার্ড পেয়ে আমেরিকায় এসে তাঁর বাড়িতে ওঠেন একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে। প্রথম দিনেই রোহান তাঁদের উদ্দেশ্যে সবার সামনে মাকে প্রশ্ন করে ‘তারা কত দিন থাকবে?’ ভদ্রলোকের স্ত্রী ঘাবড়ে গিয়ে রোহানকে খুশি করতে প্রায়ই নানা পদের রান্নাবান্না করেন। সেসব খাবার খেতে খেতে রোহান কুৎসিত নেতিবাচক মন্তব্য করলে বেচারা মা বিব্রত হয়ে ব্যাখ্যা দেন আমেরিকানরা সরাসরি কথা বলতে পছন্দ করে। তাই ওরা যেন ওর কথায় কষ্ট না পান। কিন্তু বাঙালি বয়স্ক রক্ষণশীল মন অল্প বয়সী ছেলে-ছোকরাদের কাছে সম্মানটাই আশা করে বেশি। পারতপক্ষে রোহান তাদের সঙ্গে তেমন কথা বলে না। এমনকি তাদের বুয়েট থেকে পড়ে আসা স্মার্ট ছেলেটার সঙ্গেও না। রোহানের চোখে এরা সবাই-ই অত্যন্ত খ্যাত।
এখানে বেড়ে উঠলেও ফারহানের (আসল নাম) আচরণ রোহানের ঠিক বিপরীত। বড়দের সামনে অত্যন্ত লাজুক ও বিনয়ী হলেও দারুণ স্মার্ট ছেলে সে। বন্ধুবান্ধব নিয়ে হইচই করা, এক রাজ্য থেকে আরেক রাজ্যে ড্রাইভ করে মানুষকে সাহায্য করাসহ নানা কাজে তাকে ব্যস্ত দেখা যায়। তাদের বাড়িতে দেশ থেকে আসা আত্মীয়স্বজনের শেষ নেই। একজন গেল তো আরেকজন এল। এদের সান্নিধ্য তার খুবই প্রিয়।
আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্ম অনুভূতিপ্রবণ হবে, নাকি আত্মকেন্দ্রিক হবে, সে বিষয়টি নির্ভর করে অনেকাংশেই পরিবারের ওপর। অ্যারোগেন্ট বা বিনয়ী যে ধরনের বাচ্চাই হোক, এখানে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা সন্তানদের বাঙালি সংস্কৃতি অনেকটা গলাধঃকরণ করানো হয়। মা-বাবাই কাজটি করে থাকেন। এখানে বেড়ে ওঠা বাচ্চারা বাংলায় কথা বলতে পছন্দ করে না, তা করার কথাও নয়। বাংলা তাদের কাছে একটি কঠিন ভাষা। এও স্বাভাবিক। স্কুলে ইংরেজি চলে। বাসায় মা-বাবা বাংলায় কথা বললেও বেশির ভাগ সময়ই তাদের কাটে স্কুলে। এই বাচ্চাদের মুখে বাংলা ফোটাতে মা-বাবার চেষ্টার অন্ত নেই। শুধু কি বাংলা বুলি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু দিয়ে এদের মনন গড়ে দিতে প্রতিটি পরিবার অত্যন্ত সচেতন। বছরজুড়ে বাঙালি অনুষ্ঠানের অভাব নেই। একুশে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ, পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, ১৬ ডিসেম্বরকে সামনে রেখে চলে নানা আয়োজন। শীতের পিঠা উৎসব তো রয়েছেই। এসব অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা ছেলেমেয়েদের অংশ নেওয়াতে মা-বাবাকে কত কাঠখড় পোড়াতে হয়, তা আর না বলি। নাচগানের প্রতি যাদের একটু ঝোঁক আছে, সেসব হাতে গোনা দু একটা বাচ্চা ছাড়া বেশির ভাগের কাছেই মা-বাবার এত সব তৎপরতা খুবই বিরক্তিকর ঠেকে। ভেতরে-ভেতরে তারা আমেরিকান সংস্কৃতিতেই সাবলীল বোধ করে।
আমেরিকান মেইনস্ট্রিম সংস্কৃতিতে আবার মা-বাবাদের সম্পৃক্ততা তেমন নেই। যারা ছেলেমেয়েদের একটু সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটাতে চান, তাঁরাও ওই বাঙালি কমিউনিটির বাইরে কিছু করার কথা চিন্তাও করতে পারেন না। অথচ এখানে বেড়ে ওঠা ছেলেমেয়েরা আসলে বাঙালি সংস্কৃতি মননে ধারণই করে না। তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। তারা হতে চায় ডিজে খালিদ; আমরা ওদের বানাতে চাই চাইমের খালিদ। ওরা র‍্যাপার অনিক খানের মতো হাত নাড়িয়ে নাড়িয়ে ‘ফ্যাক্স ব্রো ফ্যাক্স ব্রো’ বলতে চায়; আমরা ওদের দিয়ে স্লো মোশানে হাত উঁচিয়ে বলাই ‘ধন ধান্যে পুষ্পে ভরা’। বেচারারা বহু কষ্টে ভাঙা ভাঙা মিষ্টি বাংলায় যখন বাংলা গান ধরে, কবিতা আবৃত্তি করে বাঙালি মায়ের আবেগাপ্লুত চোখের কোনা তখন ভিজে ওঠে নোনা জলে। এ এক অপার্থিব আনন্দ।
তারপর আছে সমাজের অবক্ষয়জনিত পদস্খলন, ধর্মীয় মূল্যবোধের চর্চা ইত্যাদি। একদিকে যেমন কিশোর বয়সেই ভ্যাপ, সিগারেট, মারিজুয়ানা, বিয়ার—এসব নেতিবাচক জিনিসগুলোর চর্চা, অন্যদিকে এমন পরিবারও দেখা যায় যারা এলাকার মসজিদে নামাজ-কোরআন চর্চায় সন্তানদের ব্যস্ত রাখতে পেরেছেন। যে বাচ্চাটি এখানে জন্ম নিয়ে বড় হয়, কিংবা দেশ থেকে দু তিন বছর বয়সে এ দেশে বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমায়, তাদের মধ্যে আসলে খুব একটা পার্থক্য থাকে না চিন্তা চেতনায়। তারা উভয়েই প্রথমে আমেরিকান, পরে বাংলাদেশি। সে ক্ষেত্রে সন্তানের কিশোর বয়সটা খানিকটা পেরিয়ে এ দেশে আসতে পারলে তার মধ্যে যথেষ্ট বাঙালি সংস্কৃতি, নীতি-নৈতিকতা বা ধর্মীয় মূল্যবোধ দৃষ্টিগ্রাহ্য হবে। কিছুটা কালচারাল শক পেলেও নিজের ভেতরের ভিতটা মজবুত থাকবে। ভালো-মন্দ সব পরিবেশেই নিজের ভেতরের শক্তিটা জেগে উঠবে। মন্দকে না বলতে পারবে আত্মবিশ্বাসের সঙ্গে।
নিজের সন্তানের প্রশংসা করতে নেই। তবু মাঝেমধ্যে ওর আত্মবিশ্বাসের মাত্রাটা দেখে নিজেই চমকে যাই। প্রথম প্রথম স্কুল থেকে খুব বিরক্তি নিয়ে বাড়ি ফিরত। হোয়াট ইজ রং উইথ ইউ? এর জবাবে শান্ত ছেলেটা মৃদু রাগতসরে বলত, ‘আমার সঙ্গে স্কুলে কী কী হয়, ইউ হ্যাভ নো আইডিয়া। ছেলেরা আমাকে ভ্যাপ, ক্যানাবিস—এসব অফার করে। আমি ওদের স্ট্রংলি বলে দিই এসব কত হার্মফুল। তখন ওরা আমাকে “বেবি” বলে টিজ করে।’ আমি বলতাম, ‘ঠিক আছে তুমি তাহলে মেয়েদের সঙ্গে মেশো। ওরা এসব অফার করবে না।’ ছেলে আরও রাগ হয়ে বলে, ‘ও আচ্ছা তাই? ওরা তো হাগ করার জন্য পাগল হয়ে যায়, চুল ধরে আমাকে বিরক্ত করে। ওদের দিকে তাকানো যায় না। সব নাঙ্গুপুঙ্গু হয়ে স্কুলে আসে।’
এসব কালচারাল শক পেরিয়ে এখন সে বেশ ইজি গোয়িং। স্কুলে কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করলে বলে, ‘স্কুলে আমি হার্মফুল পিপলদের সামনে চোখ মুখ শক্ত করে থাকি। কেউ আমাকে কিছু অফার করার সাহস পায় না।’
-আর মেয়েরা? ওরা ডিস্টার্ব করে না?
-নাহ, ওরা ওদের কালচারের ড্রেস পরুক। আমি টমের মতো জিহ্বা বের করে না তাকালেই হলো। দেখতে দেখতে এখন আর পচা লাগে না।
ছেলে যখন ফাইভ ক্লাস পেরোয়, তখন প্রথমবার আমেরিকায় আসি গ্রিনকার্ড পেয়ে। প্রায় ছয় মাস থেকে ফিরে যাই দেশে। মন চাইছিল ওর মননটা আরেকটু গড়ে নিয়ে আসি, যাতে একটা হাফ আমেরিকান বাচ্চাকে আমার বকাবকি করে বাঙালি করতে না হয়। তবে এখানে জন্ম নিয়েও অনেক বাচ্চাকেই তাদের মা-বাবা সঠিক শিক্ষাটা দিতে পেরেছে, যা বিভিন্ন জায়গায় কোচিং করানোর চেয়েও গুরুত্বপূর্ণ। ভালো থাকুক আমাদের সন্তানেরা।