আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর থেকেই অভিবাসীরা চাপের মধ্যে রয়েছে। শুরু থেকেই কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে ট্রাম্প প্রশাসন। নানাভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে অভিবাসীদের। ছোটখাটো অজুহাত খুঁজে আমেরিকা থেকে বহিষ্কারের মতো ঘটনা ঘটছে অহরহ। এই চাপের মধ্যেও দু-একটি
বিচ্ছিন্ন ঘটনাকে বাদ দিলে আমেরিকায় বাংলাদেশি অভিবাসীরা বেশ কয়েকটি সুখবর নিয়ে এসেছেন। বাংলাদেশি আমেরিকানদের এ বছরের সেরা কয়েকটি অর্জন এখানে তুলে ধরা হলো—
বিশেষায়িত স্কুলে বাংলাদেশিদের জয়রথ
বছরের সবচেয়ে বড় অর্জনটি আসে সম্মিলিতভাবে। আর এই অর্জন নিয়ে আসে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। নিউইয়র্কের বিশেষায়িত স্কুলগুলোতে বর্তমানে প্রতি ১০ জন শিক্ষার্থীর একজন বাংলাদেশি! অবিশ্বাস্য হলেও এটিই সম্ভব করে দেখিয়েছে
নিউইয়র্কের বাংলাদেশি পরিবারগুলো। নিউইয়র্কের আটটি বিশেষায়িত স্কুলে এ বছর ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিল ২৮ হাজারের বেশি শিক্ষার্থী যাদের মধ্যে ভর্তির সুযোগ পায় মাত্র ৫ হাজার ৭৮ জন। এদের মধ্যে পাঁচ শতাধিক শিক্ষার্থীই বাংলাদেশি। অর্থাৎ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ শতাংশই বাংলাদেশি।
প্রযুক্তিতে সাফল্যের নিশাত চৌধুরীর সাফল্যের স্বীকৃতি
বছরের মে মাসে প্রযুক্তি খাতে সাফল্যের স্বীকৃতি অর্জন করে সুখবর নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে নিশাত জেবিন চৌধুরী। ২ মে নিউজার্সির হোমডেল শহরে এক অনুষ্ঠানে তাঁকে সম্মাননা জানানো হয়। নিউজার্সি টেকনোলজি সার্কেল নামের একটি প্রতিষ্ঠান তাঁকে পদক দিয়ে সম্মানিত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহস্রাব্দ প্রজন্মের প্রতিনিধিদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। নিউজার্সির নিউ ব্রানসউইকে বসবাসরত নিশাত চৌধুরী ব্যবসায়ী মোহাম্মদ চৌধুরী এবং তাহনিনা চৌধুরীর মেয়ে। প্রযুক্তিবিদ নিশাত আইসিআইএমএস নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে সিনিয়র এনালিস্ট হিসেবে কর্মরত।
গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা ওড়াল ফাতিহা আয়াত
একই মাসে আরেকটি ব্যক্তিগত অর্জন বাংলাদেশিদের জন্য গৌরবের ক্ষণ নিয়ে আসে। এবার এই অর্জন নিয়ে আসে ছয় বছর বয়সী ফাতিহা আয়াত। ন্যাশনাল ম্যাথমেটিকস পেন্টাথলন অ্যাকাডেমিক টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে ‘অনারেবল মেনশন’ খেতাব জয় করে ফাতিহা। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপলিসের সাউথপোর্ট হাইস্কুলে প্রায় ১৫০ প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে তিনটিতে জয়ী হয়ে ১১ পয়েন্ট নিয়ে এই খেতাব অর্জন করে ফাতিহা। নিউইয়র্কের গিফটেড ও ট্যালেন্টেড প্রোগ্রামের গ্রেড ওয়ানের শিক্ষার্থী ফাতিহা ‘অনারেবল মেনশন’ ঘোষণার পর বাংলাদেশের পতাকা নিয়ে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করে।
মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সদর্প বিচরণ
নিউইয়র্ক নগরের মূলধারার রাজনীতিতে ২০১৮ সালটি ছিল বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর অনুষ্ঠিত নগরীর মেয়র নির্বাচন ও মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক বাংলাদেশি আমেরিকান। শেষ পর্যন্ত প্রাথমিক বাছাই পেরিয়ে কেউ মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও বাংলাদেশিদের উপস্থিতির জানান দিতে পুরোপুরি সক্ষম হন তাঁরা। এ ক্ষেত্রে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও জামিলা উদ্দিন বিশেষভাবে আলোচনায় এসেছেন। নিউইয়র্ক নগর ডেমোক্রেটিক দলের সাংগঠনিক পরিচালকের দায়িত্ব বর্তেছে তাঁর ওপর। নিউইয়র্ক নগর ডেমোক্রেটিক দলের এমন একটি গুরুত্বপূর্ণ পদে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো। এর বাইরে পেনসিলভানিয়ার সাবেক ডেপুটি মেয়র নীনা আহমেদ ডেমোক্রেটিক পার্টি থেকে লেফটেন্যান্ট গভর্নর পদে প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়ে আলোচনায় আসেন। একইভাবে আলোচনায় ছিলেন মিজান চৌধুরী।
জাতিসংঘের শুভেচ্ছাদূত নাঈমা খান
অক্টোবরে নিউইয়র্কে শিক্ষার প্রসারে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশি নাঈমা খান জাতিসংঘের ‘শুভেচ্ছা দূত’ মনোনীত হন। ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়ার নির্বাহী পরিচালনা পর্ষদের কো-চেয়ার ড. আমিন ক্রুজ ১৫ অক্টোবর এ নিয়োগের আদেশ দেন। ১৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনাড়ম্বর অনুষ্ঠানে এ নিয়োগের সনদ আনুষ্ঠানিকভাবে নাঈমা খানের হাতে হস্তান্তর করা হয়। জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান আগামী তিন বছর শিক্ষা প্রসারের নানা কর্মসূচি নিয়ে বিভিন্ন দেশে সভা-সিম্পোজিয়াম করবেন।
জর্জিয়ার আইনসভায় প্রথম বাংলাদেশি সিনেটর
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক দলের মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হন বাংলাদেশি আমেরিকান শেখ মোজাহিদুর রহমান। আমেরিকার যেকোনো পর্যায়ের আইনসভার সদস্য হওয়া প্রথম বাংলাদেশি বলা যায় তাঁকেই। এ ক্ষেত্রে ২০১০ সালে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়া হ্যানসেন ক্লার্কের কথা উঠতেই পারে। কিন্তু ক্লার্ক ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। পুরোদস্তুর বাংলাদেশি নন। তাই শেখ রহমানের এই অর্জন আমেরিকায় বাংলাদেশের নামটি জোরের সঙ্গে ঘোষণা করেছে। অবশ্য গত ২২ মে ডেমোক্রেটিক দলের বাছাই পর্বে ৪ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হওয়ার পরই শেখ রহমানের স্টেট সিনেটর হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা, যা সম্পন্ন হয় নভেম্বরে।
বাংলাদেশি চিকিৎসক চৌধুরী হাফিজের কৃতিত্ব
অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান আমেরিকান কলেজ অব কার্ডিওলজির নেভাদা স্টেটের গভর্নর নির্বাচিত হন নভেম্বরেই। এর ফলে ওয়াশিংটন ডিসিতে গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে তিনি কাজ করবেন। ঢাকা মেডিকেল কলেজের এক সময়ের তুখোড় ছাত্র হাফিজ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন এ স্বর্ণপদক লাভ করেন। ইংল্যান্ড ও আমেরিকায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে ডিরেক্টর অব কার্ডিয়াক ক্যাথ ল্যাব হিসেবে কাজ শুরু করেন হাফিজ। পরে লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাদাতে হাফিজ আহসান অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে যান। প্রতিষ্ঠা করেন উত্তর আমেরিকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেভাদা চ্যাপটার। চৌধুরী হাফিজ আহসান বাংলাদেশি আমেরিকান হিসেবে মূলধারার রাজনীতির সঙ্গেও যুক্ত।
নিউইয়র্ক পুলিশের উচ্চপদে আবদুল্লাহ
বছরের শেষ মাসে পরপর দুটি সুখবর নিয়ে আসেন দুই বাংলাদেশি পুলিশ কর্মকর্তা। এর একজন খন্দকার আবদুল্লাহ, যিনি আমেরিকার ইতিহাসে প্রথম বাংলাদেশ আমেরিকান হিসেবে পুলিশের উচ্চপদে পদোন্নতি পান। ২১ ডিসেম্বর খন্দকার আবদুল্লাহকে নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। ক্যাপ্টেনের ওপরের পদই হচ্ছে পুলিশ কমিশনার, যা রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়। ফলে রাজনৈতিক আনুকূল্য পেলে খন্দকার আবদুল্লাহর সামনে নিউইয়র্ক নগরীর পুলিশ কমিশনার হওয়ার সুযোগ রয়েছে। একই মাসে নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়ার সুখবর দিয়েছেন ফজিলাতুন্নেছা নেসা। তিনিই নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
বছরজুড়ে আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশিরা। বাংলাদেশি আমেরিকানদের এসব অর্জন অনেক ক্ষেত্রেই আকায়েদ উল্লাহর মতো নেতিবাচক কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনাম হওয়ার ঘটনাকে ঢেকে দিতে পেরেছে। নতুন বছরে বাংলাদেশিরা আরও এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।