বাংলাদেশি আমেরিকানদের যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি আমেরিকানদের যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপন
বাংলাদেশি আমেরিকানদের যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আয়োজনে আটলান্টিক সিটিতে যুক্তরাষ্ট্রের ২৪১ তম স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল আতশ বাজি পোড়ানো, লাইট অ্যান্ড সাউন্ড শো, ওপেন কনসার্ট, বাহারি আলোকসজ্জা, প্যারাস্যুটে চড়া, বারবিকিউ পার্টি, নৌবিহার ইত্যাদি। তা ছাড়া আটলান্টিক সিটির ক্যাসিনোগুলোও খদ্দেরদের মনোরঞ্জনের জন্য নানারকম মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনে আনন্দ পিপাসু মানুষের ছিল উপচে পড়া ভিড়।

আটলান্টিক সিটিতে কেউ বেড়াতে এলে বোর্ডওয়াকে বেড়াতে যাবে না তা হতেই পারে না। তাই আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে ছিল দিনমান ভিড়। বোর্ডওয়াক কেন্দ্রিক বিনোদনকেন্দ্র গুলো ছিল বিনোদনপিয়াসী মানুষদের ভিড়ে ঠাসা। আটলান্টিক মহাসাগরের বিচগুলোও ছিল সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারণায় মুখর। তাদের কেউ সার্ফিং করে, কেউবা সাঁতার কেটে, কেউবা জলকেলি করে, আবার কেউবা মহাসাগরের রূপসুধা উপভোগ করে দিন কাটিয়েছে।
আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এসব আনন্দ আয়োজনের বাইরে ছিল না। পেশাগত ব্যস্ততার বাইরে যারাই সুযোগ পেয়েছে তারাই এই আনন্দ আয়োজনের কাফেলায় শরিক হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি সেলিম সুলতানের বাসভবনে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছিল। এতে কমিউনিটির সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে তা মহামিলনে পরিণত হয়েছিল।