বাংলাদেশি ক্রিকেট লীগের ফাইনাল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি ক্রিকেট লীগের সেমিফাইনালে দুই দলের সেরা খেলোয়াড়

বাংলাদেশি ক্রিকেট লিগ অব ইউএসএ আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগের টি-থার্টির সেমিফাইনাল খেলায় অলস্টার ক্লাব ও এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব জয় পেয়ে ফাইনালে উঠেছে। কাল ১৭ অক্টোবর সকাল ১০টায় কুইন্সের ড. ড্রু মাঠে এই দল দুটির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট লিগের সেমিফাইনালের খেলা দুটি ১০ অক্টোবর পৃথক দুটি মাঠে অনুষ্ঠিত হয়। কুইন্সের ড. ড্রু মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম খেলায় নিউইয়র্ক ফেয়ারলেস ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে নিউইয়র্ক অলস্টার ক্রিকেট ক্লাব ফাইনালে নিজেদের আসন নিশ্চিত করে। নিউইয়র্ক ফেয়ারলেস টসে জিতে ২৫ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। খেলায় নিউইয়র্ক ফেয়ারলেসের ব্যাটসম্যান জনি ২৫ ও আসিফ ২২ রান করেন এবং নিউইয়র্ক অলস্টারের বোলার সেন্টু ৪টি ও দরজি ৩টি করে উইকেট নেন।

জবাবে নিউইয়র্ক অলস্টার ক্রিকেট ক্লাব ২৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান করে জয় পায়। খেলায় অলস্টারের জামিল ৪৩ ও সুমন ব্যাপারী ১৮ রান করেন এবং নিউইয়র্ক ফেয়ারলেসের বোলার রাসেল ৩টি ও সুমন খান ২টি করে উইকেট নেন। নিউইয়র্ক অলস্টার ক্রিকেট ক্লাবের জামিল ৪৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অপরদিকে বেজলি পন্ড পার্কের মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ইউনাইটেড ফাইটার্স ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে পরাজিত করে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয়। ইউনাইটেড ফাইটার্স ক্রিকেট ক্লাব টসে জিতে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। ইউনাইটেড ফাইটার্সের মৃন্ময় ২৭ ও হাসিব ২৬ রান করেন এবং এনওয়াই পাইরার্সের হাসনাত ও সম্পত ২টি করে উইকেট নেন।

জবাবে এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাব ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। এনওয়াই পাইরার্সের আকরাম ৭০ ও হাসনাত ২৮ রান করেন এবং ইউনাইটেড ফাইটার্সের রানা জামান ও হাসিব ৩টি করে উইকেট নেন। এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের খেলোয়াড় আকরাম ৭০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আয়োজকেরা বলেন, ১৭ অক্টোবর সকাল ১০টায় কুইন্সের ড. ড্রু মাঠে নিউইয়র্ক অলস্টার ক্রিকেট ক্লাব ও এনওয়াই পাইরার্স ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমীদের মাঠে এসে ফাইনাল খেলা দেখার জন্য বাংলাদেশি ক্রিকেট লীগের প্রেসিডেন্ট জিয়া ও ভাইস প্রেসিডেন্ট মনি আমন্ত্রণ জানিয়েছেন।