বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা ২৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. সাজ্জাদুল ইসলাম
ডা. সাজ্জাদুল ইসলাম

উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা বসছে। এতে অংশ নেবেন আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা। এর আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে ২৭, ২৮ ও ২৯ জুলাই এই মিলনমেলায় অংশ নিতে ইতিমধ্যেই রিসোর্টে বুকিং দিয়েছেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকেরা। সম্মেলনে অংশ নিতে লন্ডন থেকেও আসছেন অনেকে। ২০১৬ সালে এই মিলনমেলা বসেছিল জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। 

১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা। সেই থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এই মিলনমেলা! আয়োজন বিশাল। প্রায় ৫০০ লোকের এই মিলনমেলা! এই মেলায় থাকছে লাগাতার আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, মেডিকেল এডুকেশন এবং নতুন কার্যকরী কমিটির নির্বাচন!

এই প্রথমবারের মতো দুটো পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এই উপলক্ষে তিন সদস্যবিশিষ্ট একটি ইলেকশন কমিশনও গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান পদে আছেন মুক্তিযোদ্ধা ডা. আবু জাফর ওসমান। অন্য দুজন সদস্য হলেন বিএমএর সাবেক সভাপতি নাজমুল খান এবং বিএমএর নিউইয়র্ক চ্যাপ্টারের প্রেসিডেন্ট-ইলেকট ডা. মাসুদুর রহমান। সম্মেলনের আহ্বায়ক ফ্লোরিডার ডা. কবির চৌধুরী। ডা. কবির চৌধুরী প্রথম আলোকে জানান, ‘ফ্লোরিডায় বিএমএর কনভেনশন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত! এটা হবে একটা ঐতিহাসিক ঘটনা। ২৭তম এই কনভেনশনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটা বিএমএর ইতিহাসে আগে কখনো হয়নি! নির্বাচনের প্রার্থীরা ইতিমধ্যেই সরব হয়েছেন। তাঁরা ঘুরে বেড়াচ্ছেন এক স্টেট থেকে আরেক স্টেটে। ভোট চাইছেন সরাসরি এবং টেলিফোনে। ক্যাম্পেইন করছেন ইলেকট্রনিক মিডিয়াজুড়ে। মেম্বারদের মধ্যেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এই উত্তেজনা আগে কখনো পরিলক্ষিত হয়নি! কনভেনশন উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে এবং ফ্লোরিডাবাসীদের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি।

বর্তমানে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিএমএর ১৩টি চ্যাপটার রয়েছে। মেম্বার সংখ্যা প্রায় ৭০০! সবচেয়ে বড় চ্যাপটার নিউইয়র্ক। তারপরই আছে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া। সম্মেলনকে কেন্দ্র করে এই তিন অঙ্গরাজ্যের চিকিৎসকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা! পিছিয়ে নেই অন্য অঙ্গরাজ্যগুলোও। 

লং আইল্যান্ডের বাসিন্দা বিএমএর সাবেক প্রেসিডেন্ট মাকসুদ চৌধুরী বলেন, ‘দুটো কারণে এবারের কনভেনশন গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হচ্ছে, এটি বাংলাদেশি চিকিৎসকের সবচেয়ে বড় রি-ইউনিয়ন। দ্বিতীয় কারণটি হচ্ছে নির্বাচন। গণতন্ত্রে উত্তরণে নির্বাচন ছাড়া কোনো গতি নেই। ফলাফল যাই হোক না কেন, আমাদের সবার উচিত হবে খোলামনে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া!’

লং আইল্যান্ডের বাসিন্দা, একসময়ের বিএমএ-নিউইয়র্ক চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ডা. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য ২৭তম বিএমএর কনভেনশন, বিএমএর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ, এই কনভেনশনে একটি পূর্ণাঙ্গ নির্বাচন হবে। যা ছিল আমাদের বহু দিনের দাবি। গণতন্ত্র উত্তরণের এই শুভক্ষণে সবাইকে ফ্লোরিডা কনভেনশন স্বাগতম!’

কুইন্স এলাকায় প্র্যাকটিসরত চিকিৎসক ডা. জাকিয়া হাসান লিপা বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন এবং আমরা সবাই মিলে একসঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশি ডাক্তারদের জন্য কাজ করব।’

ক্রিডমোর হাসপাতালের মনোচিকিৎসক ডা. মুনিবুর রহমান খান বলেন, ‘বিএমএতে গণতন্ত্রের চর্চা হচ্ছে—এটা খুবই গুরুত্ববহ। সম্মেলনকে কেন্দ্র করে সবার মধ্যে

একটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মনোচিকিৎসক হিসেবে এটা আমার কাছে আশা জাগানিয়া ঘটনা!’

লং আইল্যান্ডের ব্যস্ত চিকিৎসক ডা. ফেরদৌসী শিল্পী বলেন, ‘পুরোনো বন্ধুদের দেখা হবে, আড্ডা হবে। এর মজাই আলাদা!’

টেনিসি অঙ্গরাজ্যের ডা. হ‌ুমায়ূন কবির বলেন, ‘এই সম্মেলনটি আসলে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা। পেশার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন। সতীর্থদের হৃদবন্ধন। অগ্রজ ও অনুজের ভ্রাতৃবন্ধন। পারতপক্ষে এই সুযোগটি কখনোই হাতছাড়া করতে চাই না। এবারও তাই মুখিয়ে আছি অধীর আগ্রহে।’

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডা. সাহাব আহমেদ বলেন, ‘অরল্যান্ডোতে এবার বামানার সম্মেলন হতে যাচ্ছে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হইহুল্লোড়, মতবিনিময়, দেখা-সাক্ষাতের এ এক অপূর্ব মিলনমেলা। আমরা উচ্ছ্বসিত, দল বেঁধে যাব, আনন্দ করব!’

আলাবামার ডা. জামালউদ্দীন বলেন, ‘বিএমএ আমাদের গর্ব। এই সংগঠনের ছায়াতলে প্রতিবছর আমরা মিলিত হই। গত পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই নির্বাচন। আমি এই নির্বাচন ও সম্মেলনের সর্বজনীন সাফল্য কামনা করি!’

এ নির্বাচনে এবার দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে আছে ডা. রিয়াজ-ডা. দুলাল পরিষদ। অন্যদিকে আছে ডা. সাজ্জাদ-ডা. জামাল পরিষদ। ডা. রিয়াজ চৌধুরীর সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। ছিলেন সাধারণ সম্পাদক। পক্ষান্তরে ডা. সাজ্জাদুল ইসলাম বিএমএর সঙ্গে জড়িয়ে আছেন জন্মলগ্ন থেকেই। তিনিই বিএমএর সবচেয়ে বড় ডোনার! টেক্সাস অঙ্গরাজ্যে বসবাসরত ডা. সাজ্জাদুল ইসলাম পেশায় নিউরো রেডিওলজিস্ট। ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে ডা. ইসলাম ওয়েস্ট টেক্সাস ইমেজিং সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে কর্মরত।

কেন আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন—এ প্রশ্নের জবাবে ডা. সাজ্জাদুল ইসলাম বলেন, ‘একটা সময় ছিল যখন বিএমএর সদস্যসংখ্যা ছিল হাতে গোনা। এখন এ সংগঠন বড় হয়েছে। দলমত-নির্বিশেষে অনেকেই এর মেম্বার হয়েছেন। কাজেই, সংগঠনে গণতন্ত্র চর্চা অপরিহার্য হয়ে উঠেছে। এই গণতন্ত্র চর্চার প্রতি সম্মান জানাতেই আমি এগিয়ে এসেছি।’ আপনার নির্বাচনী অ্যাজেন্ডা কী? সংগঠনকে আপনি কী দিতে চান? অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নির্বাচনী অ্যাজেন্ডা মূলত তিনটি। গণতান্ত্রিক পরিবেশ, স্বচ্ছতা এবং পেশাদারি নিয়ে আমি এগিয়ে যেতে চাই।’