বাংলাদেশি জামালের বহিষ্কার হবেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ জামাল
সৈয়দ জামাল

বহিষ্কারের মুখে থাকা কানসাসের বাসিন্দা, রসায়নবিদ সৈয়দ জামালের দেশে ফেরত পাঠানো ঠেকানোর আইনি রাস্তা খুব কমই খোলা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কড়াকড়ি আর কাগজপত্রহীনদের দেশে ফেরত পাঠানোর যে স্রোত তৈরি হয়েছে, সেখানে কোনো একক ব্যক্তির বহিষ্কার ঠেকাতে এতটা উদ্যোগ দেখা যায়নি, যতটা দেখা গেছে সৈয়দ জামালের বেলায়। হাজার হাজার মানুষ চিঠি লিখেছে, রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, লবিং করছে তাঁকে এই দেশে রাখতে। এর পুরোটাই রিপাবলিকান অধ্যুষিত কানসাসের সাদা মানুষের প্রতিবাদ। তবে, সংবাদ বিশ্লেষণগুলো বলছে, সৈয়দ জামাল এতবার অভিবাসন আইনের লঙ্ঘন করেছেন যে তাঁকে ক্ষমা করে দেওয়ার সুযোগ কম।
বাংলাদেশি পাসপোর্টধারী কানসাসের রসায়নের শিক্ষক ৩০ বছর আগে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। প্রথমবার পড়াশোনা শেষ করার পর ভিসার মেয়াদ শেষ হলেও তিনি এ দেশে থেকে যান। এটা অভিবাসন আইনে বড় অপরাধ। সে সময় তাঁর সেই মামলা গড়ায় আদালতে এবং আদালতের নির্দেশনা মেনে তিনি বাংলাদেশে চলে যান।

বাংলাদেশে ২ বছর থাকার পর আবার তিনি ২০০২ সালে এইচ ওয়ান ভিসা নিয়ে আবার যুক্তরাষ্ট্রে আসেন। কানসাসের স্থানীয় একটি হাসপাতাল (চিলড্রেনস মার্সি হসপিটাল) তাঁকে এই কর্মভিত্তিক ভিসার সুযোগ করে দেয়। সে সময় জামাল তাঁর স্ত্রীকে নিয়ে আসেন। এবারও তাঁকে যে চার বছর থাকার সুযোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেটাও শেষ হয় ২০০৬ সালে। সে সময় জামাল ছাত্র ভিসা এফ ওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার চেষ্টা করেন। কিন্তু সেই আবেদনও তিনি করেছিলেন এইচ ওয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর। ওই সময়ই তাঁকে দেশে ফেরত পাঠাতে পারত ইমিগ্রেশন দপ্তর। কিন্তু সম্ভবত আমলাতান্ত্রিক জটিলতায়, ইমিগ্রেশন দপ্তরও ওই দেরিতে আবেদন করার এক বছর পর তাঁর এফ ওয়ান ভিসার আবেদন গ্রহণ করে।

এর পর ২০০৮ সালে তিনি কানসাস বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার বিজ্ঞানে পিএইচডি করা শুরু করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ছাত্র ভিসার আবেদন আবার প্রত্যাখ্যান করে। কেননা জামাল কানসাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেননি। একদিকে তিনি পড়াশোনা করেননি, অন্যদিকে এর আগে একাধিকবার অভিবাসন আইন ভেঙেছেন। ফলে নজরদারিতে চলে আসেন জামাল।

এসব কারণে, ২০১১ সালে একবার গ্রেপ্তার হওয়ার পর একটি অভিবাসন আদালত তাঁকে ‘স্বেচ্ছায় দেশে চলে যাওয়া’র জন্য নির্দেশনা দেন। স্বেচ্ছায় চলে যাওয়ার বিধানে মূলত বলা হয় কয়েক মাসের অতিরিক্ত অবস্থান, যার পরিপ্রেক্ষিতে সে দেশে যাওয়ার খরচ ওঠাতে পারে এবং পরিবারকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে পারে। তখনো জামাল এই নির্দেশনার বরখেলাপ করেছেন। 

এ জন্যই ২০১২ সালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং দু মাসের জন্য আটকে রাখে। তবে যেহেতু তার সন্তানেরা এই দেশের নাগরিক এবং খুবই মেধাবী, আর সৈয়দ জামালও কোনো বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন, সে কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়। তবে তাঁর বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় আসার পর, বহিষ্কারের আদেশ বলবৎ আছে এমন লোকজনকে নির্বিচারে দেশে ফেরত পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
সৈয়দ জামালের অ্যাটর্নি জেফরি ওয়াই বেনেট বলছেন, ‘এই মামলাটি অতিমাত্রায় জটিল। তবে একেবারে ব্যতিক্রম নয়’। আরেকজন আইনজীবী বিল নিফেন মনে করেন, ‘হতে পারে তিনি একজন মেধাবী মানুষ, তবে আইনের প্রতি যত্নশীল নন’। কানসাস সিটির ইমিগ্রেশন অ্যাটর্নি জেসিকা পিড্রেরা জামালের ভবিষ্যৎ নিয়ে খুবই বিচলিত। সবকিছু দেখে তাঁর মূল্যায়ন, ‘আপনার ভিসায় অতি ক্ষুদ্র ত্রুটিও ভবিষ্যতে আপনার জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।