বাংলাদেশি নাটকের কাছে প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের নাট্যমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ড্রামা’র নাটক
নিউইয়র্কের নাট্যমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ড্রামা’র নাটক

নিউইয়র্কের বাংলাদেশি জনগোষ্ঠীর নাট্যদল ‘ঢাকা ড্রামা’ ২০-২২ বছর ধরে আমেরিকায় থিয়েটার চর্চা করছে। আমি আমেরিকায় আসার পরপরই দলটির প্রযোজনা সেলিম আল দীনের ‘ধাবমান’ দেখেছিলাম নিউজার্সির সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে। বলতে দ্বিধা নেই যে, চমকিত হয়েছিলাম। মনে হয়েছিল ঢাকার শিল্পকলা একাডেমির মঞ্চে বা মহিলা সমিতির মিলনায়তনে বসে নাটক দেখছি। ওই উৎসবে আমেরিকাপ্রবাসী আরও কয়েকটি অভিবাসী জনগোষ্ঠীর নাট্যদলের নাটক দেখার সুযোগ হয়েছিল। সে-সব নাটকে উচ্চারিত সংলাপের ভাষা ছিল বিভিন্ন-বাংলা, ইংরেজি ও হিন্দি। সত্যি বলতে কি উৎসবস্থল নিউজার্সির রাডগার্স বিশ্ববিদ্যালয়ের মঞ্চটি এত ভালো মানের যে মনে হচ্ছিল, এখানে যেকোনো নাটক সামান্য আয়াসেই ভালোভাবে মঞ্চায়ন করা যাবে। সেই উৎসবে নিউইয়র্ক, নিউজার্সি ছাড়াও অন্য রাজ্যের বাংলাদেশি কমিউনিটির নাট্যদল যেমন ছিল, তেমনি ছিল ভারতীয় বিভিন্ন রাজ্যের মানুষের সমন্বিত দলের প্রযোজনা। ভারতের খ্যাতিমান থিয়েটার নির্দেশকদের নির্দেশনাও সেখানে ছিল। বাংলাদেশিদের প্রযোজনা মানের দিক থেকে তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। যদিও ভারতীয় দলগুলোর প্রযোজনার গড় মান সূক্ষ্মতার দিক থেকে আমাদের চেয়ে ভালো মনে হয়েছে।
ওই উৎসবের পরেও নিউইয়র্কে কয়েকটি বাংলা নাটক মঞ্চস্থ হয়েছে বলে শুনেছি। কিন্তু নাটকের নাম শুনে আর তেমন আগ্রহ বোধ করিনি। পরিচিত নাট্যবোধসম্পন্ন দর্শকেরা সে সব মঞ্চায়নকে নিজেদের কাজ বলে কেবল প্রশ্রয় দিয়েছেন মাত্র। ভালো প্রযোজনা বলে মনে করেননি। কেবল তাই নয়, এর থেকে ভালো হওয়া খুব কঠিন বলেও তাঁরা বিশ্বাস করেন। কারণ যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মহড়া হওয়া সম্ভব নয়, নাটক তাঁদের জীবনসংগ্রামে কোনো ভূমিকা রাখতে পারে না। নিজেদের জনগোষ্ঠীর কাছে নাট্যকর্মী হিসেবে পরিচিত হওয়ার বাইরে এর তেমন মূল্যও নাট্যকর্মীদের মধ্যে নেই!
নাট্য প্রয়োগের কলাকৌশলগত দিক থেকে বাংলাদেশের থিয়েটার বেশ বিগত চল্লিশ বছরে ভালোই এগিয়েছে বলা চলে। যদিও উপস্থাপনায় পরিশীলনের অভাব এখনো পীড়াদায়ক রকমে চোখে পড়ে। খোঁজ নিলে জানা যায় এর কারণ, যথেষ্ট দলগত মহড়া হয় না। সকলে একসময়ে মহড়ায় আসতে পারেন না বলে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকেই যায়। এ তাঁরা মেনেই নেন। তা ছাড়া নাট্য বোধে উজ্জীবিত হতে হলে সামগ্রিক শিল্পরুচিগত উন্নয়নের যে তৃষ্ণা থাকা দরকার তার চেয়ে টেলিনাটকের অর্থকরিতায় প্রবেশের আকাঙ্ক্ষা নবীন নাট্যকর্মীদের বেশি থাকে বলে ওই ফাঁকটুকুকে কিছুতেই ভরাট করা যায় না। সেই অভাবের অনুভব থেকে বাংলাদেশেই সাম্প্রতিক বছরগুলোতে নাটক দেখতে যাওয়া কমিয়ে দিয়েছিলাম।
বাংলাদেশের তুলনায় নিউইয়র্কে যথেষ্ট মহড়া করা যে আরও দুরূহ কর্ম, শৈল্পিকতার প্রতি অঙ্গীকার এখানে যে আরও কম পাওয়া যাবে তা আমি নিউইয়র্কে আসা মাত্রই অনুভব করেছি। তাই এখানকার জীবনসংকট নির্ভর নাটক না হলে দেখতে যাওয়ার আগ্রহ কমে গিয়েছিল আমার। এখানকার জীবন সংকট নিয়ে নাটক রচিত ও মঞ্চস্থ হলে এখানকার জীবন যাপনের বোঝাপড়াগুলোকে অনুভব করা সহজ হবে, এখানকার মানুষের জীবনভাবনা গভীরতর হবে। মার্কিনি জনসমাজের কোথায় আমাদের জনগোষ্ঠীর অবস্থান তা নিয়ে নিজেদের ভাবনা উজ্জীবিত হবে মোটের ওপর এই হচ্ছে আমার উপলব্ধি। এই মনোভাবটি আমি কথায় কথায় নিউইয়র্কবাসী অগ্রজপ্রতিম শিল্পরসিক হাসান ফেরদৌসকে বলেছিলামও। আমার সেই মনোভাবেরই পুনরাবৃত্তি ঘটেছিল ২৮ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ঢাকা ড্রামার উৎসবে দু-একটি কথা বলার সুযোগ পেয়ে। আমার পরের বক্তা ছিলেন হাসান ফেরদৌস। তিনি আমার সেই বক্তব্যের খণ্ডন করে যা বলেছিলেন সারমর্ম এই যে, বিভিন্ন দেশের ও কালের নাটকের মঞ্চায়নের মাধ্যমে আমরা পুনর্ভ্রমণ করি, আমাদের পুনরুপলব্ধি ঘটে। আর সে জন্যেই আমরা অভিনয় করি ক্ল্যাসিক নাটকের। ঢাকা ড্রামার বাংলাদেশি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আমরা সেই ভূমিকাই পালন করেছি।
হাসান ফেরদৌসের বক্তব্যের সঙ্গে আমার মোটের ওপর তেমন দ্বিমত নেই। কিন্তু আমি মনে করি মার্কিন নিবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর মানুষেরা যদি তাঁদের নিজেদের সমস্যা নিয়ে থিয়েটার করেন তাহলে তাঁদের জীবনবোধের নতুনত্ব বাংলা নাটকে নতুন প্রাণ সঞ্চার করবে। যাঁরা নাটক দেখতে আসেন তাঁরাও এর সঙ্গে বেশি যুক্ততা অনুভব করবেন। যে কোনো ভাষার চিরায়ত নাটক মঞ্চায়নে আমেরিকার যে কোনো পেশাদার বা অপেশাদার নাট্যদল যতটা মানসম্পন্নভাবে মঞ্চায়ন করতে পারবেন ততটা আমাদের শৌখিন মহড়া করবার সুযোগ না পাওয়া দল করতে পারবেন না। এটা গভীর বাস্তবতা। ফলে এখানকার রুচিমান দর্শকেরা কখনোই এই থিয়েটার দেখতে আসবেন না। যাঁরা আসবেন তাঁরা অনেকটা দয়াপ্রবণ দর্শক হবেন, তাদের মনোভঙ্গি হবে এমন যে, এখানকার পরিস্থিতিতে যে ওরা এইটুকু পেরেছে সেটাই তো বেশি!
কিন্তু আমার প্রত্যাশা তার চেয়ে অনেক বেশি। কারণ আমি অনুভব করেছি এখানকার মানুষের জীবনসংগ্রামের বৈচিত্র্যকে, গভীরতাকে। যদি নিজেদের রুচির তৃষ্ণাকে এখানকার নাট্যকর্মীরা বাড়াতে পারেন, যদি তাঁদের বাংলাবোধের সঙ্গে এখানকার মূলস্রোতের জীবনবোধের সংশ্লেষণ ঘটাতে পারেন তাহলে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি মূলধারার মানুষেরাও ক্রমশ কৌতূহলী হয়ে উঠবেন। আমাদের কমিউনিটির ভালো প্রযোজনার সমালোচনা মূলধারায় যাওয়ার সুযোগ তখনই পাবে যখন তা অন্তত আমাদের মধ্যেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। আমার মনে হয় সেটা হওয়া সম্ভব আমাদের সাহিত্যে তথা কবিতায়, উপন্যাসে, গল্পে, নাটকে—তা যে ভাষাতেই রচিত হোক না কেন—আমাদের নতুন ধরনের জীবনসংকটের আন্তরিক শিল্পপ্রয়াসের মাধ্যমে।
এখানে কি আমাদের জীবন বাঙালিত্বের ও মার্কিনিত্বের দ্বিচারিতায় দ্বিধান্বিত নয়? আমরা কি এই সংকট থেকে উত্তরণের কথা ভাবি না? এই উত্তরণ-ভাবনা আর আতীতবাস্তবতা কি আমাদের দ্বন্দ্বসংকুল করে রাখে না? আমার প্রশ্ন: এখানে কি আমাদের পক্ষে জীবনবোধের গভীরে পৌঁছানো সম্ভব নয়? যেদিন তা সম্ভব হবে সেদিন আমাদের এখানকার সাহিত্যের দিক নির্দেশনা হবে নতুন জীবনবোধে উদ্দীপিত। বাংলাদেশ থেকে তা প্রতিসরিত হয়ে উত্তীর্ণ হবে নতুনত্বে। এই জীবনবোধেরই আমি নাম দিয়েছি ‘বাংলাবোধ’। বাংলাদেশের বাইরে বসবাসের কারণে বাঙালিয়ানার সঙ্গে বাংলাদেশিরা যে দেশে বসবাসরত তার সাংস্কৃতিক বাস্তবতার দ্বন্দ্বময়তায় দীর্ণ এক জীবনবোধ সেটা। আর সে কারণেই বাংলাদেশের নাটকের মার্কিনি মঞ্চায়নের পুনর্ভ্রমণের চেয়ে আমার কাছে ‘বাংলাবোধে’র নাটক বেশি কাঙ্ক্ষিত! তেমনটিই চাওয়া কবিতা গল্প বা উপন্যাসের ক্ষেত্রেও! হাসান ফেরদৌসের সেদিনের ভাষ্যের সঙ্গে আমার ভাষ্যের প্রকৃতপক্ষে এটুকুই ফারাক। তবে আমি নিশ্চিত যে, আপাতদৃষ্টিতে আমার বক্তব্যের সঙ্গে হাসান ফেরদৌসের বক্তব্যের ভিন্নতা থাকলেও তিনিও প্রকৃতপক্ষে আমার কাঙ্ক্ষিতের সঙ্গেেএকমত পোষণ করেন!