বাংলাদেশি মোহাম্মদ আলী মনোনয়ন চাইবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী ভূঁইয়া
মোহাম্মদ আলী ভূঁইয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আলী ভূঁইয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার একটি আসনের বিশেষ নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন চাইবেন তিনি।
অর্থনীতিবিদ মোহাম্মদ আলী ঢাকার সন্তান। ১৯৮৬ সাল থেকে তিনি আটলান্টায় বাস করছেন।
আটলান্টার ষষ্ঠ নির্বাচনী জেলা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান প্রভাবশালী রিপাবলিকান টম পাইস শিগগির যোগ দিচ্ছেন ট্রাম্প প্রশাসনে। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ২০ জানুয়ারি। তাঁর প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন টম প্রাইস। প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেই তাঁকে ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার শপথ নিতে হবে। তিনি পদত্যাগ করলে ৩০ দিনের মধ্যে খালি আসনে বিশেষ নির্বাচন ঘোষণা করবেন রাজ্য গভর্নর।
রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এ নির্বাচনী আসনে এর মধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন মোহাম্মদ আলী ভূঁইয়া। ১৪ জানুয়ারি পর্যন্ত রিপাবলিকান পার্টির অন্য কোনো প্রার্থী এগিয়ে আসেননি। অন্যান্য রিপাবলিকান প্রার্থী আসনটিতে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেও এখনো মনোনয়ন ঘোষণা করেননি। ডেমোক্র্যাটদের পক্ষ থেকেও আসনটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করা হবে।

রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করতে পারলে মোহাম্মদ আলীর প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। নির্বাচিত হলে তিনি হবেন প্রথম কোনো বাংলাদেশি আমেরিকান এবং রিপাবলিকান পার্টির প্রথম মুসলিম কংগ্রেসম্যান।

মোহাম্মদ আলী গত রোববার প্রথম আলোকে বলেন, রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। কারণ, ওই আসনে দলের ভোট আছে প্রায় ৭০ শতাংশ।