
নিউইয়র্কে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষাসামগ্রী বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে মজুমদার ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের। ব্রঙ্কসের ১২২ হোয়াইট প্লেইনস রোডে ৩ সেপ্টেম্বর দুপুরে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় তিন শ শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও দেশে-প্রবাসে মানবসেবার প্রত্যয় ব্যক্ত করে বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী কাজী আবদুল হাকিম, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, ব্যান্ডসের ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরী প্রমুখ। এ সময় কমিউনিটি ও মূলধারার নেতৃবৃন্দের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। এর মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হেইট ক্রাইমের শিকার ব্যক্তিদের সহায়তা অন্যতম। প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে নতুন শিক্ষা বর্ষ শুরুর আগেই বিনা মূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে। ফাউন্ডেশনের আয়ের উৎস সম্পর্কে মোহাম্মদ এন মজুমদার বলেন, তাঁর আয়ের নির্ধারিত একটি অংশ ছাড়াও তাঁর মালিকানাধীন দেশের পুরো সম্পদ মজুমদার ফাউন্ডেশনে দান করা হবে।
অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির সেবায় দীর্ঘদিন থেকে সক্রিয় অবদান রেখে আসছেন মজুমদার। মজুমদার ফাউন্ডেশন গঠন তারই ধারাবাহিকতা।
নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ব্রঙ্কসের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফার্ম পার্কচেষ্টার হোম এলএলসিরও চেয়ারম্যান। দীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাসকারী মোহাম্মদ এন মজুমদার স্থানীয় সরকার, রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে নানাভাবে অবদান রাখছেন।