বাংলাদেশি ৪ প্রার্থী হওয়ায় জয় নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের ডিস্ট্রিক্ট ২৪–এর বিশেষ নির্বাচনে ক্যাউন্সিলম্যান পদে চারজন বাংলাদেশি প্রার্থিতা ঘোষণা করেছেন। সব প্রার্থীই এলাকায় গণসংযোগ করছেন অনেক দিন ধরে। ব্যক্তিগত তহবিল সংগ্রহ করে তাঁরা নগরের ম্যাচিং ফান্ডও পেয়েছেন। ভোটারদের মধ্যে নানা গুঞ্জন চলছে।

আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন। একই এলাকায় চারজন স্বদেশি প্রার্থী। এরা হলেন— দিলীপ নাথ, সোমা সাঈদ, মুজিব রহমান ও মোমিতা আহমেদ।

এই চার প্রার্থীর মধ্যে বাংলাদেশি মার্কিনরা কাকে ভোট দেবেন? ভাগ হওয়া বাংলাদেশি ভোটে নির্বাচনে কেউ কি জিতবেন? নাকি সবাই হেরে যাবেন? এটাই এখন বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাংলাদেশি ছাড়াও ভিন্ন কমিউনিটির একাধিক প্রার্থী ডিস্ট্রিক্ট ২৪ থেকে প্রার্থী হয়েছেন। এত প্রার্থীর মধ্যে বাংলাদেশিরা কেউ কি জিততে পারবেন নাকি সবাই হেরে যাবেন—এই প্রশ্ন এখন ভোটারদের মধ্যে। তবে এই প্রথমবারের মতন বিশেষ নির্বাচনে একাধিক প্রার্থীকে অগ্রাধিকার তালিকায় রাখতে পারবেন বাংলাদেশি মার্কিন ভোটাররা। পছন্দের প্রার্থী যিনি, তাকে ১ নম্বরে ভোট দেবেন এবং তার সঙ্গে আরও অন্যান্য প্রার্থীদের দুই/তিন/চার অনুযায়ী অগ্রাধিকার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশি কমিউনিটির মানুষ বলছেন, প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে সবাই মেধাবী ও নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা জড়িত। তারা বিভিন্ন সময় কমিউনিটির মানুষকে সহযোগিতা করে আসছেন।

এই চার প্রার্থীই এখন গণসংযোগ ও টকশো নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। ব্যক্তিগত ও পারিবারিক পরিচয় তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

ডিস্ট্রিক্ট ২৪–এর বাংলাদেশি মার্কিন ভোটার মোখলেস রহমান বলেন, ‘বাংলাদেশি প্রার্থী একজন হলে ভালো হতো। তাহলে আমরা সহজে ভোট দিতে পারতাম। একাধিক প্রার্থী থাকায়, কাকে ভোট দেব চিন্তায় আছি।’

আরেক ভোটার রিজিয়া ইসলাম বলেন, ‘এর আগেও এই এলাকা থেকে একাধিক বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট ভাগাভাগি হওয়ায় কেউ জিততে পারেননি। চারজন প্রার্থী মিলে সমঝোতা করে একজন প্রার্থী হলে জেতার ভালো সম্ভাবনা থাকত।’

তবে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা নিজেদের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।