বাংলাদেশিদের অগ্রযাত্রায় শরিক থাকতে চান কাউন্সিলর প্রার্থী স্ট্যাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে দলীয় সমর্থকদের সঙ্গে আটলান্টিক সিটির একমাত্র নারী প্রর্থী স্ট্যাসি কেমারম্যান
নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে দলীয় সমর্থকদের সঙ্গে আটলান্টিক সিটির একমাত্র নারী প্রর্থী স্ট্যাসি কেমারম্যান

আটলান্টিক সিটিতে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এখন আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন, দম ফেলার যেন ফুরসত নেই। সবাই তহবিল সংগ্রহ কর্মসূচির পাশাপাশি বৈঠকি আড্ডার মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঐতিহাসিকভাবে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট প্রভাবিত। তবে গত ২০১৩ সালের মেয়র নির্বাচনে রিপাবলিকান পার্টির মেয়র প্রার্থী ডন গার্ডিয়ানের বিজয়ে ডেমোক্র্যাটদের আধিপত্যে ছেদ পড়ে। তাই হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেমন আদা জল খেয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, তেমনি রিপাবলিকানরাও তাদের বিজয় ধরে রেখে দলীয় অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে চান না। আটলান্টিক সিটিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। নির্বাচনের মহাযজ্ঞে তাদের অনেকেই শামিল। তারা এখন থেকেই হিসাব নিকাশে ব্যস্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে? প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতির পোস্টমর্টেম করছেন তাঁরা।
এবারের নির্বাচনে কাউন্সিলর পদে স্ট্যাসি কেমারম্যান সবার নজর কেড়েছেন। কাউন্সিলর পদে একমাত্র মহিলা প্রার্থী হিসাবে পুরো নগর চষে বেড়াচ্ছেন। নির্বাচনে লড়ছেন রিপাবলিকান পার্টির ব্যানারে। ৪৮ বছর বয়স্কা স্ট্যাসি কেমারম্যান স্টকটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি পুলিশ কর্মকর্তার স্ত্রী ও তিন সন্তানের জননী। সম্প্রতি প্রথম আলো উত্তর আমেরিকার মুখোমুখি হয়েছিলেন এই মহিলা কাউন্সিলর প্রার্থী।
কেন নির্বাচনে প্রার্থী হয়েছেন জানতে চাইলে স্ট্যাসি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সিটি হলে মহিলাদের কোনো প্রতিনিধি নেই, এই বিষয়টি আমাকে বেশি পীড়া দেয়। সেই পীড়া থেকে পরিত্রাণের লক্ষ্যে আমি সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ নির্বাচনে জয়ী হলে কী কী করতে চান সে প্রসঙ্গে তিনি জানালেন, ‘আটলান্টিক সিটিতেই আমার বেড়ে ওঠা, এখানে বসবাসরত মহিলাদের সমস্যাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। যদি কাউন্সিলর পদে নির্বাচিত হই তাহলে তাদের প্রতিনিধি হিসাবে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তাদের অভাব-অভিযোগ দূর করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। একজন ব্যবসায়ী হিসাবে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আটলান্টিক সিটিতে নতুন নতুন ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে সচেষ্ট থাকব। এর ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
রিপাবলিকান পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসা এই নারী বলেন, ‘মহিলা ও শিশুদের নিরাপদ বাসস্থান হিসাবে আটলান্টিক সিটিকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য।’ নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি জানান, ‘আটলান্টিক সিটির বর্তমান মেয়াদের সফল মেয়র ডন গার্ডিয়ানের নেতৃত্বে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী।’
আটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটির প্রসঙ্গ উঠতেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাসি বলেন, বাংলাদেশ কমিউনিটির লোকজনের সঙ্গে তাঁর সখ্য দীর্ঘদিনের। মানুষ হিসাবে বাংলাদেশি আমেরিকানরা বেশ অমায়িক, বন্ধুবৎসল, কঠোর পরিশ্রমী ও বেশ আমুদে। আটলান্টিক সিটিতে তিনি বাংলাদেশ কমিউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে তাঁদের অগ্রযাত্রায় নিজেকে শরিক করতে চান বলে জানান।