বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করবেন এরিক স্টেভেনসন

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারি প্রার্থী এরিক এ স্টেভেনসন বাংলাদেশিসহ ইমিগ্রান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছেন।
৮ মার্চ রাতে নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের একটি পার্টি সেন্টারে এরিক এ স্টেভেনসনের সমর্থনে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি আয়োজিত তহবিল সংগ্রহ ডিনারে তিনি এই অঙ্গীকারের কথা বলেন।
তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারি মো. শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৯ (ব্রঙ্কস) আসনে ডেমোক্র্যাট প্রাইমারি প্রার্থী এরিক এ স্টেভেনসন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তহবিল সংগ্রহ কমিটির চিফ কো-অর্ডিনেটর গিয়াস উদ্দিন, উপদেষ্টা আবদুর রব, আবদুস সহিদ, ফরিদা ইয়াসমিন, হেলাল শেখ, মাহবুব আলম, নজরুল হক, শেখ আল মামুন, আবু নাসের, কমিটির কো-কনভেনর এম আবুল হোসেন, হেলাল হোসেন, সাহেদ আহমেদ ও তৌফিকুর রহমান, জয়েন্ট মেম্বার সেক্রেটারি সামাদ মিয়া, এ ইসলাম মামুন, মঞ্জুর চৌধুরী জগলুল ও শামীম আহমেদ, মেম্বার মো. খলিলুর রহমান ও এম বিল্লাহ তুষার, বায়তুশ শরফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ, আমিনুল হক, মোজাফ্ফর হোসেন, খবির উদ্দিন ভূঁইয়া, এমডি আলাউদ্দিন, জালাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তহবিল সংগ্রহ কমিটির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন আসসাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা রফিক আহমদ রেফাহী।
স্টেট অ্যাসেম্বলিম্যান প্রার্থী এরিক এ স্টেভেনসন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে বাংলাদেশিসহ সব ইমিগ্রান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করব। বাংলাদেশিদের পাশে থাকব।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি বিশ্বাস করি এ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি আমার পাশে থাকবে। সবাইকে নিয়ে আমি আগামী ২৩ জুন বিজয় উৎসব করব। নির্বাচিত হলে আমি ইসলামিক কাউন্সিল করার বিল আনব। নিউইয়র্কে মুসলিমদের জন্য হালাল খাবারের বিষয়ে উদ্যোগ নেব। মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গভর্নরকে পরামর্শ দেব।
সভায় অ্যাসেম্বলিম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারিতে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, এরিক এ স্টেভেনসন ইতিপূর্বে অ্যাসেম্বলিম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশিসহ ইমিগ্রান্টদের অধিকার রক্ষায় কাজ করেছেন। তিনি স্কুলে হালাল খাবার এবং ঈদের ছুটির ব্যাপারে অ্যাসেম্বলিতে বিল উত্থাপন করেছিলেন। এরিক স্টিভেনসন একজন মুসলিম। তিনি আবার নির্বাচিত হলে মুসলমানদের স্বার্থে কাজ করবেন। কমিউনিটির কল্যাণে কাজ করবেন। আমাদের পক্ষে কথা বলতে পারবেন। দাবি আদায় করতে পারবেন। বাংলাদেশিদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন। তিনি হবেন আমাদের ভয়েস। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৯ এ অ্যাসেম্বলিম্যান পদে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করতে হবে।
কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচন আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে।