
নিউইয়র্ক নগরের ব্রুকলিন বরো। এই বরোর রাস্তাঘাটে নামলেই এখন দেখা যায় বাংলাদেশি মানুষের আনাগোনা। ব্যবসা–বাণিজ্য থেকে শুরু করে নানা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে এই বরোতে এগিয়ে চলছে বাংলাদেশিরা। কিন্তু বাংলাদেশি কমিউনিটির পত্রিকা বা মূলধারার গণমাধ্যমে নেই বাংলাদেশিদের তেমন উপস্থিতি। তাই বাংলাদেশি জনসমাজের কথা মাথায় রেখে, তাঁদের সুখ–দুখ, হাসি–কান্না, সমস্যা ও সম্ভাবনা, সাফল্য তুলে ধরতে ‘ব্রুকলিন’ নিয়ে আলাদা পাতার আয়োজন করছে প্রথম আলো। নিউইয়র্ক নগরের সমৃদ্ধ ব্যুরো ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশি জনসমাজের মুখচ্ছবি হিসেবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রুকলিনের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
ব্রুকলিনের কেনসিংটনে বসবাস করে বাংলাদেশিদের সবচেয়ে বড় জনসমাজ। এই এলাকার সিটি কাউন্সিল (ডিস্ট্রিক্ট ৩৯) মেম্বার ব্র্যাড লেন্ডার বলেন, ‘প্রথম আলোর বিশেষ পাতা বের হচ্ছে জেনে আমি আনন্দিত। আশা করি, কেনসিংটনে বাংলাদেশি জনসমাজের চাওয়া তুলে আনায় বড় ভূমিকা রাখবে পত্রিকাটি। আমি বিশ্বাস করি, দূর প্রবাসে নিজস্ব ভাষার পত্রিকার মাধ্যমে নিজেদের খবরাখবর আদান–প্রদান করে ব্রুকলিনের জনগোষ্ঠী আরও সমৃদ্ধ হবে। নিজেদের নতুন এই আয়োজনের ক্ষণে প্রথম আলোর সঙ্গে জড়িত সবার জন্য শুভ কামনা।’
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি শামছুদ্দিন আজাদ বলেন, প্রথম আলোর এই উদ্যোগ নিউইয়র্কের বাংলা সংবাদপত্র জগতে নতুন ধারা চালু করবে। এক অঞ্চলকেন্দ্রিক সংবাদের একাধিপত্য কমবে। শুধু সংগঠন সংবাদ আর বিজ্ঞপ্তিতে সীমাবদ্ধ না থেকে আমি আশা করব প্রথম আলো ইতিবাচক সাংবাদিকতাকে প্রাধান্য দেবে।’
বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি সংগঠক শাহানা হানিফ কাজ করেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে, সংযুক্ত আছেন কাউন্সিল মেম্বার ব্র্যাড ল্যান্ডারের অফিসে। ডিরেক্টর অব অর্গানাইজিং অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট পদে কাজ করেন। তিনি বলেন, এমন এক সময় আমরা পার করছি, যখন মুসলমান জনগোষ্ঠী, অন্য ধর্মবিশ্বাসী, নারী সমাজ, অভিবাসী পরিবার, বিশেষ করে শিশুরা উন্মত্ত আচরণ আর ঘৃণামিশ্রিত বক্তব্য এবং আক্রমণের শিকার হচ্ছেন। নিউইয়র্কের বাংলা সংবাদপত্রে এসব ঘটনা এবং এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ কিংবা প্রতিবাদের শক্তি অর্জনের জন্য ভালো কভারেজ পাচ্ছেন না। আমার বিশ্বাস, প্রথম আলোর নতুন সিদ্ধান্ত এই অভাব পূরণ বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপার কর্ণধার, সংস্কৃতিকর্মী এ্যানি ফেরদৌস বলেন, ‘আমি মনে করি, ব্রুকলিন বাংলাদেশিদের সাফল্য আর গৌরবের খবর বেশি করে স্থান পাবে প্রথম আলোর বিশেষ এই আয়োজনে। পাশাপাশি, বাঙালি সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোকে উৎসাহিত করতে বড় ভূমিকা রাখবে।’
ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২–এর সদস্য মামনুনুল হক বলেন, ‘আমি বিশ্বাস করি, এখানকার বাংলাদেশি কমিউনিটির অবদানকে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে এই পত্রিকায়। বিশেষ করে, মূলধারার রাজনীতিতে তাদের অবদান, কমিউনিটি বোর্ডের মাধ্যমে স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ, অংশগ্রহণমূলক বাজেটিং, শিল্পকলা, পুলিশ লিয়োজোঁ, পুলিশ কমিউনিটি কাউন্সিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এসব বিষয় প্রকাশিত হলে তারা উৎসাহ পাবে।’
কবি ও প্রাবন্ধিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির বলেন, ‘ব্রুকলিন আসা–যাওয়া ও অবস্থানের কারণে আমার মনে হয়েছে, নিউইয়র্ক সিটির সবচেয়ে সমৃদ্ধ এই জনপদে মূলধারার সবকিছুর সঙ্গে বাংলাদেশিদের আরও অংশগ্রহণ জরুরি। প্রথম আলো এ ক্ষেত্রে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। তাদের নতুন উদ্যোগের ফলে সে ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আমি মনে করি।’
চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে অবস্থিত রাঁধুনি রেস্টুরেন্টের অন্যতম মালিক আনোয়ারুল আজিমের মতে, ‘ব্রুকলিনে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলেছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সাশ্রয়ী আবাসিক ব্যবস্থা নেই। এখানকার মানুষের আরও কিছু সমস্যা যেমন মাতালদের উৎপাত বন্ধ করা দরকার। এসব নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ ও সে সংবাদ প্রশাসন পর্যন্ত জানিয়ে দেওয়ার কাজটাও জরুরি।’
নির্মাণ ব্যবসায়ী নুরুচ্ছাপা মনে করেন, ব্রুকলিনে বাংলাদেশি জনগোষ্ঠী অনেক কিছুতে পিছিয়ে। কমিউনিটির নেতারা যে সাংগঠনিক প্রক্রিয়ায় চলেন, তাতে এই জনগোষ্ঠীর, বিশেষ করে নতুন যারা সমাজে যোগ হচ্ছেন, তাদের জন্য কোনো দিকনির্দেশনা থাকে না। প্রথম আলোর নতুন উদ্যোগ সে অভাব পূরণ করবে।
ব্যবসায়ী মুহাম্মদ হক বলেন, ‘প্রথম আলো এমনিতে আমার প্রিয় পত্রিকা। এর ওপর, পত্রিকার প্রতি সংখ্যায় ব্রুকলিনের জন্য আলাদা পাতা বরাদ্দের খবর সত্যিই উৎসাহব্যঞ্জক। আমার বিশ্বাস, এই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীরা এ উদ্যোগে উপকৃত হবে।’