বাংলাদেশিদের কাছে ভোট চাইলেন মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি এক কমিউনিটি নেতার সঙ্গে মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র
বাংলাদেশি এক কমিউনিটি নেতার সঙ্গে মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে নির্বাচনী দামামা বেজেছে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এখন আটলান্টিক সিটিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র ডোনাল্ড ডি গার্ডিয়ান এবং ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র দুজনই যুযুধান প্রার্থী। দলীয় সমর্থকদের ঘেরাটোপের মধ্যে দুই প্রার্থীই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। আজ এক প্রার্থীর ফান্ড রাইজিং প্রোগ্রাম তো, আরেক প্রার্থীর বৈঠকি আড্ডা। আবার তাঁরা ভোটারদের দ্বারে দ্বারেও কড়া নাড়ছেন।
ঐতিহ্যগতভাবে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট প্রভাবিত, যা বিগত সময়ে মেয়র নির্বাচনের ফলাফলে প্রতিভাত হয়। কিন্তু ২০১৩ সালের মেয়র নির্বাচনে রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী ডোনাল্ড ডি গার্ডিয়ানের বিজয়ে ডেমোক্র্যাটদের আধিপত্যে ছেদ পড়ে। তাই হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেমন আদা জল খেয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তেমনি রিপাবলিকানরাও তাদের অর্জিত গৌরব ধরে রাখার লক্ষ্যে অহর্নিশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আটলান্টিক সিটিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। মেয়র নির্বাচনের মহাযজ্ঞে তাঁদের অনেকেই শামিল। তাঁরা এখন থেকেই হিসাব নিকাশে ব্যস্ত ৭ নভেম্বর কার ভাগ্যে শিকে ছিঁড়বে? দুই প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতির পোস্টমর্টেম করছেন তাঁরা।
বর্তমানে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্বরত ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র আটলান্টিক সিটির আলো বাতাসে বেড়ে উঠেছেন। আটলান্টিক সিটি হাই স্কুল থেকে পাশ করে রিচার্ড ষ্টকটন কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন শেষে সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। সিটি কাউন্সিলের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে নিজের ব্যবসা-বাণিজ্য দেখভাল করছেন তিনি।
আসন্ন নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়রের মুখোমুখি হয়েছিলাম। তাঁর ‘ভিশন’ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আটলান্টিক সিটিকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলাই হচ্ছে তাঁর মূল ভিশন। এই শহরকে যদি বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলা যায় তাহলে এই শহরের অধিবাসীদের যথাযথ কর্মসংস্থান হবে এবং এর ফলে তাঁরা উন্নততর জীবনযাপন করতে পারবেন।
মেয়র নির্বাচিত হলে কোন বিষয়টা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে? এমন প্রশ্নে ফ্রাঙ্ক এম গিলিয়াম বলেন, মেয়র নির্বাচিত হলে এই শহরের অধিবাসীদের উন্নত জীবনের মান নিশ্চিত করাটাই তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এর মধ্যে রয়েছে—শিশু-কিশোরদের আরও উন্নত শিক্ষাদানের ব্যবস্থা, যুবক ও বয়স্কদের জন্য যথাযথ বিনোদনের ব্যবস্থা, বেকারত্ব দূর করার লক্ষ্যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ভঙ্গুর হাউজিং ব্যবস্থার পুনর্নির্মাণ করা এবং এই শহরকে সবুজময় ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
আটলান্টিক সিটির অপরাধ কমানোর ব্যাপারে নিজের পরিকল্পনা তুলে ধরে ফ্রাঙ্ক এম গিলিয়াম বলেন, আটলান্টিক সিটির অপরাধ প্রবণতা হ্রাস করার লক্ষ্যে তিনি কমিউনিটি পুলিশি ব্যবস্থার ওপর বেশি জোর দেবেন। এই ব্যবস্থায় পায়ে হাঁটা টহল পুলিশের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া সিটির সর্বত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সিটির উত্তর প্রান্তে আরও বেশি ভিজিল্যান্স ক্যামেরা স্থাপনের পরিকল্পনা আছে। আটলান্টিক সিটির রাজস্ব আয় বাড়ানোর ব্যাপারে তিনি বলেন, অধিক রাজস্ব আয়ের সংস্থানের লক্ষ্যে তিনি প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম করে যাবেন যাতে করে নতুন নতুন প্রকল্প চালু করা যায়। আর তা চালু করা গেলে এই সিটিতে থিতু হওয়ার ব্যাপারে জনগণের মধ্যে আগ্রহ দেখা দেবে। এর ফলে সিটির জনসংখ্যা বৃদ্ধি পাবে যা ট্যাক্স হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া তিনি স্টেট এর সঙ্গে লবি করে লাক্সারি ট্যাক্স, হোটেল কক্ষের ট্যাক্স ও পার্কিং ট্যাক্স বাবদ স্টেট থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের পরিমাণ বাড়ানোর ব্যাপারে দৃঢ় আশবাদী, যা সিটির রাজস্ব ঘাটতি মেটানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
আটলান্টিক সিটিতে নতুন নতুন কর্মসংস্থানের ব্যাপারে ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি হবেন সিটির ‘সর্বোচ্চ দূত’। আর ‘সর্বোচ্চ দূত’ হিসেবে বিভিন্ন পর্যায়ে দূতিয়ালির মাধ্যমে তিনি নিত্য নতুন ব্যবসায়িক প্রকল্প আনবেন, ভিন্নধর্মী ব্যবসা-বাণিজ্যকে স্বাগত জানাবেন যাতে আটলান্টিক সিটির ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
আটলান্টিক সিটিতে বহুজাতিক কমিউনিটির লোকজনের বসবাস এবং তাদের সংস্কৃতিতেও রয়েছে ভিন্নতা। এই বহুজাতিক সংস্কৃতির বিকাশে ফ্রাঙ্ক এম গিলিয়াম তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান। আটলান্টিক সিটিতে আরও বেশি বেশি পর্যটক আকর্ষণের ব্যাপারে তিনি বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে বেশি বেশি বহুজাতিক সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করবেন। শুধু জুয়া খেলা ছাড়া অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডে পর্যটকেরা যাতে অংশ নিতে পারেন তার ব্যবস্থা করবেন। এ ছাড়া ঐতিহাসিক বোর্ড ওয়াক সম্প্রসারণের ব্যবস্থা করবেন।
আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে ফ্রাঙ্ক এম গিলিয়াম বলেন, অন্যান্য কমিউনিটির লোকজনের মতো বাংলাদেশ কমিউনিটির লোকজনেরাও আটলান্টিক সিটির উন্নয়নে বিরাট অবদান রেখে চলেছেন। তাঁরা যত বেশি কমিউনিটির কর্মকাণ্ডে নিজেদের ব্যাপৃত রাখবেন তত বেশি তাঁরা মূল্যায়িত হবেন। তিনি বলেন, আটলান্টিক সিটির বাংলাদেশিদের অধিকাংশই ডেমোক্র্যাট দলীয় সমর্থক। ৭ নভেম্বরের নির্বাচনে গভর্নর থেকে শুরু করে সব ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
আটলান্টিক সিটিবাসী তাঁকে কেন মেয়র নির্বাচিত করবেন? এই প্রশ্নের জবাবে ফ্রাঙ্ক এম গিলিয়াম বলেন, তিনি নিজেকে সেই পর্যায়ের নেতা হিসেবে গড়ে তুলতে পেরেছেন যে এই সিটিতে বসবাসকারী সব অধিবাসীর সমস্যা সম্পর্কে সম্যক অবহিত এবং এর ফলে তিনি সেসব সমস্যা সমাধানের ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালান। এই শহরেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। যে প্রতিকূলতার মধ্যে তিনি বেড়ে উঠেছেন তা দূর করে আগামী প্রজন্মের জন্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। এ ব্যাপারে তাঁর ওপর জনগণের আস্থা আছে এবং তাঁরা ভোট দিয়ে তাঁকে মেয়র পদে নির্বাচিত করার মাধ্যমে তাঁদের স্বপ্নসাধ পূরণ করবেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে আটলান্টিক সিটিবাসীর উদ্দেশ্যে ফ্রাঙ্ক এম গিলিয়ামের বার্তা হলো—এই শহরের বহুজাতিক সমাজ ব্যবস্থায় যে মেধা ও মননের সংমিশ্রণ ঘটেছে তাকে কাজে লাগিয়ে এই শহরকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাই সবাই ঐক্যবদ্ধ হোন। তিনি মেয়র নির্বাচিত হলে বাসিন্দাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং বাসিন্দাদের সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যাপারে প্রতিনিয়ত লড়াই করে যাবেন।