বাংলাদেশিদের জন্য দুঃখের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি পুলিশ সদস্যরা
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি পুলিশ সদস্যরা

নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় একজন বাংলাদেশির নাম এবং পরিচয় প্রকাশ হওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছেন অভিবাসী বাংলাদেশিরা। ঘটনার দিন ১১ ডিসেম্বর বিকেল সোয়া ৫টার দিকে নিউইয়র্কের জ্যাকসান হাইটসে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যদের সংগঠন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট শামসুল হক বলেন, ‘এটা আমাদের বাংলাদেশিদের জন্য দুঃখের দিন।’ তিনি বলেন, ‘এটি নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) আনুষ্ঠানিক বক্তব্য নয় বা বিভাগ থেকে আমাদের কিছু বলার জন্য পাঠানো হয়নি। আমরা এখানে আমাদের নিজেদের প্রয়োজনে দাঁড়িয়েছি। আমাদের খারাপ লাগছে। আমরা বাংলাদেশি পুলিশ সদস্য হিসেবে সব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি নিন্দা ও ঘৃণা জানাই। সন্ত্রাসীরাই কেবল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। সেই সন্ত্রাসীদের একজন হিসেবে একজন বাংলাদেশির নাম এসেছে, এটি আমাদের মর্মাহত করেছে।’
অনুষ্ঠানে পুলিশের কয়েকজন সদস্য নিউইয়র্ক পুলিশের সতর্কতামূলক পোস্টার ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁরা অনুরোধ করেন, কারও মধ্যে সন্দেহজনক কিছু দেখলে বাংলাদেশিরা যেন পুলিশ বিভাগকে জানান।
বাংলাদেশি পুলিশ সদস্যদের বিফ্রিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকার জনপ্রতিনিধি সিটি কাউন্সিলর ডেভিড উইপ্রিন। তিনি বলছিলেন, এটি অবশ্যই একটি ঘৃণা জানানোর উপলক্ষ। কিন্তু আমাদের মনে রাখতে হবে সন্ত্রাসীর কোনো দেশ বা ধর্ম নেই। কেউ যেন, এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিকে সন্ত্রাসের সঙ্গে ‘কলঙ্কিত’ না করতে পারে সে দিকেও নজর দিতে হবে। সন্ত্রাস কেবল কোনো নির্দিষ্ট কমিউনিটির সমস্যা নয় বরং একটি বৈশ্বিক সমস্যা এবং সবাই এর প্রতিবাদ করছে।
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পুলিশ সদস্যদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রায় সব পত্রিকার সম্পাদক, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি আর সমাজকর্মী। নিউইয়র্ক নগর প্রশাসন, নিউইয়র্ক রাজ্য প্রধান এবং পুলিশ প্রধানেরাও ব্রিফিং এই হামলাকারীর জাতীয়তা প্রকাশ করেনি। পুলিশ প্রধান জেমস ও’ নীল জানিয়েছেন, নিউইয়র্কে নাইন ইলেভেনের পর এ পর্যন্ত ২৬টি হামলা চেষ্টা হয়েছে, যার প্রায় সবগুলো রুখে দেওয়া সম্ভব হয়েছে।
এর আগে এ ধরনের আরও দুটি ঘটনায় দুই বাংলাদেশি তরুণের নাম এসেছে। ব্রুকলিনের ওজোন পার্ক এলাকা থেকে চলতি বছরের আগস্ট মাসে ২২ বছরের পারভেজকে গ্রেপ্তার করে এফবিআই। কারণ, তিনি আইএসে যোগ দেবেন বলে সৌদি আরব থেকে সিরিয়া যেতে চেয়েছিল। এ ঘটনার আরও পাঁচ বছর আগে ২০১২ সালের অক্টোবরে আরেকটি ঘটনা ঘটে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে এফবিআই। কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নামের ওই বাংলাদেশির বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল-কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়। নাফিসের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা হয়েছিল। এরপর পারভেজ ও আকায়েদ উল্লাহের এ ঘটনার পরম্পরা বলে দিচ্ছে বিষয়গুলি আর বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশি অভিবাসীদের মধ্য থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী সন্ত্রাসবাদের দিকে ঝুঁকছে কিনা সেই চিন্তায় পড়েছেন স্থানীয় অনেকেই।
বাপার অনুষ্ঠানে যোগ দেওয়া মাওলানা কাজী কাইয়ুম আত্মসমালোচনা করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের করণীয়ের মধ্যে ঘাটতি আছে। একেক ঘটনা ঘটলে আমরা কিছু নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছি আর ঘৃণা জানিয়েই আমাদের দায়িত্ব শেষ করছি। এ ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সেদিকে মাথায় রেখে আমরা দীর্ঘমেয়াদি কোনো সচেতনতামূলক কাজ করছি না।’
স্থানীয় পত্রিকা সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ বলেন, ‘এসব ঘটনা বা শঙ্কা আমরা চাপা দেওয়ার চেষ্টা করেছি অনেকবার। এখান অনেকে সংগঠন ও গোষ্ঠী আর তাদের কাজকর্মের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা জিহাদি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার।’
অনেকে আবার অভিযোগ তুলেছেন, অভিযুক্ত আকায়েদ নিউইয়র্কে জামায়াত-সমর্থক সবচেয়ে বড় সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) সদস্য ছিলেন। তবে মুনার প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন এই অভিযোগকে নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি সদস্যের নাম-ঠিকানা আমরা সংরক্ষণ করি। এমনকি আমাদের কোনো অনুষ্ঠানে আসা অতিথিদের নামও লিপিবদ্ধ রাখি। অভিযুক্ত ব্যক্তি মুনার কোনো সদস্য নন।’
অবশ্য এই হামলার পর সম্মিলিতভাবে দুঃখ প্রকাশ করা না করা নিয়ে নিয়ে মতভেদ ও মতবিরোধ রয়েছে। সাউথ এশীয়দের মানবাধিকার সংগঠন ‘ড্রাম’-এর বাংলাদেশি সংগঠক কাজী ফৌজিয়া প্রথম আলোকে বলেন, ‘কেউ যেন আগ বাড়িয়ে নিজেদের দোষ স্বীকার করতে মাঠে না নামেন। এই শহরে হাজার হাজার বাংলাদেশি এই শহর গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে। একজন সন্ত্রাসীর দায় কেন আগ বাড়িয়ে বাংলাদেশি পুরো কমিউনিটি নিতে যাবে। এখনই আমরা কেন আমাদের সব দোষ ত্রুটি বের করে ফেলছি।
ফৌজিয়া বলেন, ব্রুকলিনের যে জামে মসজিদে ওই তরুণ নামাজ পড়তেন, সেই মসজিদকে টার্গেট করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় ডানপন্থী অনেক মূলধারার পত্রিকা ওই মসজিদকে ঘিরে নানা গল্প বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ আছে। মসজিদের ইমাম জিহাদি প্রশিক্ষণ দিত বলে গল্প প্রচারের চেষ্টা করছে কেউ কেউ।