বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃতের সংখ্যার দিক থেকে অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে আমেরিকা। দেশটিতে এরই মধ্যে ভাইরাসটিতে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৬ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। আমেরিকার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা নিউইয়র্ক অঙ্গরাজ্যের। অঙ্গরাজ্যটির নিউইয়র্ক শহরে অনেক বাংলাদেশি বাস করেন। শহরটিতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মারা গেছেন প্রায় ৮ হাজার মানুষ।

পুরো আমেরিকায় করোনা-আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন শতাধিক বাংলাদেশি। নিউইয়র্ক নগরীতে বাংলাদেশিদের মধ্যে করোনা সংক্রমণের হার অন্য কমিউনিটিগুলোর তুলনায় কিছুটা বেশি। এর কারণ হিসেবে শুরুর দিকের অসচেতনতাকে দায়ী করছেন অনেকে।
ইদানীং নিউইয়র্কের করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মূলত হাসপাতালে ভর্তির সংখ্যা কমে আসাতেই এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু এটি মনে রাখা জরুরি যে, চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে ভাইরাসটি দ্বিতীয় আঘাত করেছে। ফলে নিশ্চিত হওয়ার বা গা-ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই।

কোভিড-১৯ মোকাবিলার যে যুদ্ধ বিশ্বব্যাপী চলছে, তার সামনের সারিতে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা থাকলেও নিশ্চিত কোনো চিকিৎসা পদ্ধতি বা টীকা না থাকায় এ যুদ্ধের ফল অনেকটাই অনিশ্চিত। এটি এমন এক যুদ্ধ, যেখানে জনগণের বিরাট ভূমিকা রয়েছে। তারা নিজেরা সচেতন হয়ে নিজেদের নিয়ন্ত্রণে না রাখলে প্রশাসন, চিকিৎসক বা অন্য অন্য সহায়ক শক্তিগুলোর পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগের পাশাপাশি জরুরি বিষয়টি হচ্ছে এর সংক্রমণ ঠেকানো। আর সামাজিক যোগাযোগ বিচ্ছিন্নতাই হচ্ছে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর একমাত্র পথ।

এই পথটি সম্পর্কে বিশেষজ্ঞ মহল জানেন বলেই তাঁরা শারীরিক বিচ্ছিন্নতা কিন্তু সামাজিক ঐক্যের বিষয়টি বারবার সামনে আনছেন। তাঁদের পরামর্শ মেনে প্রশাসনও লকডাউনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এসব পদক্ষেপের কোনো অর্থই থাকবে না, যদি সাধারণ মানুষেরা তার মর্ম না বোঝে। এটা দুঃখজনক যে ঘরে থাকার আহ্বান সত্ত্বেও শুরুর দিকে অনেকেই তা যথাযথভাবে মানেননি। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দ্রুত। এর ফল এখন হাতেনাতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশি কমিউনিটির অনেকেই মারা গেছেন। অসুস্থ অনেককে নিয়ে তাঁদের স্বজন নির্বিশেষে সবাই দুশ্চিন্তাগ্রস্ত। সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার পাশাপাশি এমনকি পরিবারের মধ্যেও বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

সুতরাং প্রতিটি ব্যক্তি ও পরিবারকে বুঝতে হবে যে, পুরো বিশ্বই এক স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে হলেও এত দিনকার জীবনধারায় পরিবর্তন আনতে হবে। বাংলাদেশি কমিউনিটি অনেক বড় হলেও উদ্ভূত পরিস্থিতিতে বাংলা নববর্ষ পালনে কোনো জাঁকজমক না করা বা কোনো জমায়েতের চেষ্টা না করাটা সবাইকে আশাবাদী করেছে। এই সতর্ক আচরণ ধরে রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কিছু করা যাবে না, যা কমিউনিটি নির্বিশেষে সবাইকে ঝুঁকিতে ফেলে। যে সতর্কতার মধ্য দিয়ে পয়লা বৈশাখ পালিত হলো অনেকটা নিভৃতে, তা আরও বাড়াতে হবে, যাতে পরের পয়লা বৈশাখ সবাইকে নিয়ে উদ্‌যাপন করা যায়।