বাংলাদেশিদেরও সরিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হিউস্টনে হারিকেনে সৃষ্ট বন্যায় বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকেও হিউস্টনে বসবাসরত প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহ হালিম প্রথম আলোকে জানান, এখানে বাংলাদেশির সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। বন্যাকবলিত প্রবাসীদের যেকোনো সাহায্য-সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে টেক্সাসজুড়ে প্রায় দুই লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানায় দেশটির কোস্টগার্ড।

এর আগে গত শনিবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জানান, অঙ্গরাজ্যটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর আবর্জনা ও ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য সামরিক বাহিনীর ১ হাজার ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে আরও এক হাজার কর্মী তল্লাশি ও উদ্ধার অভিযানে নিয়োজিত থাকবে। এরই মধ্যে প্লাবিত এলাকাগুলো থেকে তেরো হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

হার্ভির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা মোকাবিলায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া হার্ভি টেক্সাস অঙ্গরাজ্যে আঘাত হানে শুক্রবার রাতে।

ঘণ্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি টেক্সাস উপকূল অতিক্রম করে যুক্তরাষ্ট্রের প্রধান খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্প এলাকায় তাণ্ডব চালায়। তবে ধীরে ধীরে শক্তিক্ষয় হয়ে এটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, ঝড় ও বন্যায় শহরের বিরাট অংশ পানিতে তলিয়ে গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং এ পর্যন্ত একজন পুলিশ কর্মকর্তাসহ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার বলেন, কারফিউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ফেলে আসা ঘরবাড়িগুলো লুটপাটের কবল থেকে রক্ষা করতে সাহায্য করবে। স্থানীয় সময় রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

হার্ভির কারণে হওয়া ক্ষয়ক্ষতি দেখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার টেক্সাস সফর করেছেন।