ভয় সন্তানেরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে কি না
বাংলাদেশির বাড়িতে তল্লাশি উদ্বিগ্ন নিউইয়র্কের প্রবাসীরা
হোম গ্রোন বা ঘরের কোণে বেড়ে ওঠা জঙ্গিরা এখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিভাবক, প্রতিবেশী, এমনকি সহপাঠীদের ফাঁকি দিয়ে জঙ্গিবাদের দিকে ঝুঁকছে এসব বিভ্রান্ত তরুণ। আমেরিকায় এখন কড়া নজরদারি চলছে ঘরের কোণে নিজে নিজে জঙ্গিবাদে দীক্ষিত হওয়া এসব তরুণের ওপর।
গত ২৩ জুন নিউইয়র্ক সিটির ওজোন পার্কের এক প্রবাসীর বাসায় ব্যাপক তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ (২২) নামের এক তরুণের কাহিনি বেরিয়ে এসেছে এই তল্লাশিতে। ভয় ও লজ্জায় আত্মীয় ও প্রতিবেশীরা মুখ খুলছেন না। জানা গেছে, পবিত্র রমজান মাসে বাবার সঙ্গে ওমরাহ পালন করতে গিয়ে সৌদি বিমানবন্দরে নেমেই পালিয়ে যান ওই তরুণ। নিকটাত্মীয়দের কেউ কেউ বলছেন, জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে সৌদি আরব থেকেই পারভেজকে গ্রেপ্তার করা হয়। ওজোন পার্কের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
মার্কিন নিরাপত্তা বাহিনী দাবি করছে, চরমপন্থায় বিশ্বাসী পারভেজের গতিবিধি সন্দেহজনক ছিল। পারিবারিকভাবে তাঁকে চরমপন্থী মনোভাব থেকে সরানোর চেষ্টাও করা হয়েছিল। নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি বাংলা পত্রিকায় সম্প্রতি প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদন বলেছে, রোজার মাসে পারভেজের বাবা তাঁকে সঠিক পথে আনার কৌশল হিসেবে পবিত্র মক্কা শরিফে ওমরাহ করতে নিয়ে যান। সেখানে যাওয়ার পরপরই তিনি বাবার কাছ থেকে পালিয়ে যান।
পারভেজের ওপর আগে থেকেই গোয়েন্দা নজরদারি ছিল। সৌদি আরবেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর বাবা এখনো তাঁর অবস্থান জানেন না বলে জানা গেছে। ঈদের মাত্র দুদিন আগে ওজোন পার্কে অবস্থিত ১০১ অ্যাভিনিউ ও ৭৭ স্ট্রিটের বাড়ি ঘেরাও করে এফবিআই এজেন্টরা। কয়েক ঘণ্টার তল্লাশির পর বাড়ি থেকে কম্পিউটারসহ পারভেজের ব্যবহৃত সব কাগজপত্র নিয়ে যায় এফবিআই। এর জের ধরে পারভেজের আরও কয়েকজন আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এফবিআই।
গত ২৯ জুন পারভেজের বাবা পবিত্র ওমরাহ শেষে আমেরিকায় ফেরেন। তাঁরা কেউ মুখ খুলছেন না। তবে আশপাশের সবার মধ্যেই বিষয়টি উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে।
ওজোন পার্কের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পারভেজ সব সময় উগ্রতায় বিশ্বাসী। মাত্র কিছুদিন আগে ‘গণতন্ত্র হারাম’ বলে সে প্রকাশ্যে বলেছে। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তর্কবিতর্কও হয়েছে পারভেজের।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করা হলে নাম-পরিচয় গোপন রাখার শর্তে একজন প্রবাসী বলেন, পারভেজকে সব সময়ই চিন্তিত মনে হতো। তাঁর বয়স ২২-২৩ হবে। মুখে দাড়ি ছিল। তাঁর ঘোরাফেরা ছিল রহস্যময়। এলাকায় বাংলাদেশিদের সঙ্গে তিনি তেমন সম্পর্ক রাখতেন না। এ নিয়ে তাঁদের পরিবারেও উদ্বেগ ছিল। মানসিকতা পরিবর্তনের লক্ষ্য নিয়েই পারভেজকে নিয়ে হজে গিয়েছিলেন তাঁর বাবা। হজের পরিকল্পনা বাবা করলেও পারভেজের ছিল ভিন্ন পরিকল্পনা। যার ফলে মক্কায় নেমেইে তিনি বাবাকে ফেলে চলে যান। পারভেজকে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
গণমাধ্যমের কল্যাণে পারভেজের ঘটনা জানাজানির পর বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে একধরনের উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের উঠতি বয়সের সন্তানেরা ধর্ম-কর্মের নামে কতটা চরমপন্থী মনোভাবের লোকজনের সঙ্গে মিশছেন, সে বিষয়ে পারিবারিক নজরদারি জোরদার করা দরকার বলে মনে করেন অভিভাবকেরা।