বাংলাদেশিরা একচেটিয়া হিলারির পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। এ দেশের নিকট ইতিহাসে কোনো নির্বাচনে অভিবাসীদের নিয়ে এ রকম তোলপাড়ের ঘটনা ঘটেনি। উপমহাদেশের অভিবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ ব্যাপক। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁদের মধ্যে ব্যাপক বিভাজন প্রকাশ্য।
বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে হাজার তিরিশেক তালিকাভুক্ত ভোটার আছেন বলে মনে করা হয়। এ সংখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলার সুযোগ নেই। তারপরও অন্য প্রায় যেকোনো দেশের অভিবাসীদের চেয়ে বাংলাদেশিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্কিন নির্বাচন।
প্রার্থীদের সমর্থন করা নিয়ে এবারের নির্বাচনে উপমহাদেশের অভিবাসীদের মধ্যে বিভাজন স্পষ্ট। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলমান এবং অভিবাসীবিরোধী অবস্থানের কারণেই এই বিভাজন। ভারতীয় অভিবাসীরা এবার ব্যাপকভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। তিনিও ভারতীয়দের মনজয়ের জন্য চেষ্টা কম করেননি। অন্যদিকে বাংলাদেশি এবং পাকিস্তানি অভিবাসীরা এককাট্টা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে। বাংলাদেশি অভিবাসীবহুল এলাকাগুলো ঘুরে এবং কথা বলে দেখা গেছে, হিলারি আর ট্রাম্পকে নিয়ে তাঁদের বিতর্ক আর উৎকণ্ঠা চরমে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে ফ্লোরিডার জ্যাকসনভিল পর্যন্ত টিভির সামনে বসে চলছে উত্তপ্ত আলোচনা।
নিউইয়র্কের বাসিন্দা জামিলা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রে এবার প্রথম নারী হিসেবে হিলারি প্রেসিডেন্ট হবেন বলে তিনি মনে করেন। নিজে সদ্য আসা অভিবাসী হলেও তাঁর স্বামী আক্তার হোসেন হিলারিকে ভোট দেবেন বলে জানালেন। নিউইয়র্কের বাংলাদেশি আইনজীবী মইন চৌধুরী বললেন, ‘আমেরিকার সম্মান বাঁচাতেই আমাদের হিলারির পক্ষে ভোট দিতে হবে।’
ফ্লোরিডায় বসবাসরত কবির হোসেন জানালেন, জমজমাট নির্বাচন দেখতে হলে সে অঙ্গরাজ্যেই যেতে হবে। নিউ জার্সির বাসিন্দা প্রকৌশলী আতিকুর রহমান জানালেন, এবারই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিচ্ছেন।
ডোনাল্ড ট্রাম্প যে বিভাজন উসকে দিয়েছেন, তার প্রতিফলন প্রবাসীদের মধ্যেও দেখা দিয়েছে। হিন্দুধর্মাবলম্বী বাংলাদেশিদের কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন। অভিবাসন ইস্যু নয়, এর পেছনে কাজ করছে ধর্মীয় বিভাজন।