বাংলাদেশিরা কেন নিউইয়র্ক থাকে?
অভিবাসীদের কাছে বরাবরই পছন্দের তালিকায় রয়েছে আমেরিকা। উদ্বাস্তু বা শরণার্থী, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ডাইভার্সিটি ভিসাসহ (ডিভি) আরও নানা প্রক্রিয়ায় অভিবাসীরা জায়গা করে নিচ্ছে এ দেশে। আমেরিকার প্রায় ৫০টি অঙ্গরাজ্যেই বিভিন্ন দেশের অভিবাসীরা জায়গা করে নিচ্ছে। সব অঙ্গরাজ্যই যে অভিবাসীদের জন্য সমান অনুকূল তা নয়। সব শহরে বিভিন্ন নিয়মকানুন, সুযোগ-সুবিধা সমান নয়। অঙ্গরাজ্য ভেদে এসব সুযোগ-সুবিধার তারতম্য হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, অভিবাসীদের জন্য সবচেয়ে অনুকূল শহরের
তালিকায় প্রথমেই রয়েছে সানফ্রান্সিকো। এরপরে যথাক্রমে শিকাগো, নিউইয়র্ক, সান হোসে ও ওয়াশিংটন ডিসি। বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাস করে নিউইয়র্ক শহরে।
লাখেরও বেশি বাংলাদেশি অভিবাসী বসবাস করছে নিউইয়র্ক নগরে, আমেরিকার অন্যান্য শহরে বসবাস করা বাংলাদেশি অভিবাসী তুলনায় যা অনেক বেশি। জীবনযাত্রার উচ্চ মান, ঘর-বাড়ির আকাশসম দাম উপেক্ষা করেও বাংলাদেশিরা এই শহরে বসবাস করছে। বাংলাদেশিদের এই নিউইয়র্ক প্রীতির কারণ অনেকটাই রহস্য। অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে পাল্লা দিয়েই নিউইয়র্ক শহরে বসবাস করা বাংলাদেশির সংখ্যা বেড়ে চলছে।
লিবার্টি ক্রুজ নামে একটি প্রতিষ্ঠানের জরিপে দেখা যায়, নিউইয়র্ক শহরে বসবাস করা অভিবাসীদের মধ্যে সংখ্যায় সবার ওপরে রয়েছে ডমিনিকান রিপাবলিক। এ দেশের প্রায় চার লাখ অভিবাসী রয়েছে নিউইয়র্ক নগরে। এরপরে রয়েছে যথাক্রমে চীন, জ্যামাইকা, মেক্সিকো, গায়ানা, হাইতি, ভারত ও বাংলাদেশ। এশীয় দেশের মধ্যে চীন ও ভারতের পরেই রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ থেকে যেসব অভিবাসী আমেরিকায় পাড়ি জমাচ্ছেন, তাদের সবাই যে স্বাবলম্বী তা কিন্তু নয়। বেশির ভাগেরই সরকারি সুযোগ-সুবিধা যেমন ফুড স্ট্যাম্প, মেডিকেইড, পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির সাহায্য নিতে হচ্ছে। তারপরেও নিউইয়র্কের মতো ব্যয়বহুল শহরে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দিনদিন বৃদ্ধির সুস্পষ্ট কোনো কারণ নেই।
১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমেরিকায় বাংলাদেশি অভিবাসী আসার সংখ্যা বাড়তে থাকে। এদের বেশির ভাগই ডাইভার্সিটি ভিসা (ডিভি), ওপি-ওয়ান ও পারিবারিক ভিসায় আমেরিকায় এসেছে বা আসছে। আবার আগে অনেকে চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে জাহাজে করে আমেরিকায় পাড়ি জমিয়েছে, যাদের বেশির ভাগই থিতু হয়েছিল নিউইয়র্ক শহরে। কারণ তৎকালীন সময়ে অভিবাসী হিসেবে সবচেয়ে সহজে পা রাখা যেত নিউইয়র্ক শহরে। একদম শুরুর দিকে ১৮৫৫-১৮৯০ সালের দিকে নিউইয়র্কের ক্যাসল গার্ডেন বন্দর ছিল আমেরিকার প্রথম অফিশিয়াল অভিবাসী কেন্দ্র। পরে ইলিশ আইল্যান্ডসহ আরও অনেক পথ খুলতে থাকে। যে কারণে শুধু বাংলাদেশি নয়, অন্যান্য দেশের অভিবাসীদেরও পছন্দের তালিকায় ছিল নিউইয়র্ক শহর।
সেই থেকেই বাংলাদেশিরা নিউইয়র্ক শহরে বসতি শুরু করে। আদি পুরুষের সূত্র ধরেই ধীরে ধীরে বৃদ্ধি পায় বাংলাদেশির সংখ্যা। এ শহরে বাংলাদেশি অভিবাসীদের বৃদ্ধির প্রথম কারণ হচ্ছে পারিবারিক সূত্র। পারিবারিক বন্ধন ছিন্ন না করে বেশির ভাগই অন্যান্য শহরে স্থানান্তরিত না হয়ে পরিবার, আত্মীয়স্বজন নিয়ে থিতু হয়েছেন নিউইয়র্ক শহরে। তাই নিউইয়র্কের ব্যয়বহুল জীবন উপেক্ষা করে নতুন শহরে একা মানিয়ে নেওয়ার ভয়ে অনেকে আত্মীয়-স্বজনের সঙ্গে থাকতে নিউইয়র্ক শহরে বসবাসের সিদ্ধান্ত নিয়ে থাকেন।
অভিবাসী হিসেবে যেসব বাংলাদেশি আমেরিকায় আসে তাদের বেশির ভাগই মুসলমান। তাই বেশির ভাগেরই লক্ষ্য থাকে, এখানে এমন জায়গায় থাকা যেখানে পর্যাপ্ত মসজিদ বা ধর্ম পালনের পরিবেশ আছে। এ রকম চিন্তাভাবনা থেকেও বাংলাদেশিরা নিউইয়র্ক শহরে বাস করার সিদ্ধান্ত নেন। কারণ নিউইয়র্ক শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় গড়ে উঠেছে অনেক মসজিদ। এমনকি মাদ্রাসাও।
অনেক পরিবার আছে যারা আমেরিকান সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নন বা মানিয়ে নিতে পারেন না। আবার অনেকের এ রকম মনোভাবও আছে, সন্তানরা এ দেশের সংস্কৃতিতে বড় হয়ে উঠলে নৈতিকতা গড়ে উঠবে না। তাই মা–বাবার লক্ষ্য থাকে বাঙালি অধ্যুষিত এলাকায় বসবাস করার। এটিও অন্যতম কারণ।
নিউইয়র্ক শহরের যাতায়াত ব্যবস্থা আমেরিকায় অন্যতম উন্নত ও সাশ্রয়ী। এ কারণেই অনেক বাংলাদেশি এই নগরে বাস করার সিদ্ধান্ত নেন। কারণ অন্য অনেক শহরে নিজস্ব গাড়ি ছাড়া যাতায়াত করা দুরূহ। পরিবারের অনেক সদস্যের ড্রাইভিং লাইসেন্স নিতে অক্ষমতা এ সিদ্ধান্তের পেছনে কাজ করে।
জীবিকা–উপার্জন, কর্মক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমেরিকার অন্যান্য অনেক শহরের তুলনায় নিউইয়র্ক এগিয়ে। তাই বাংলাদেশিরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আগে থেকেই নিউইয়র্ক শহরে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এটি সত্য, নিউইয়র্ক শহরে বসবাস ব্যয়বহুল হলেও অনেক শহরের তুলনায় এখানে বেশি উপার্জনের সুযোগ রয়েছে।
বাংলাদেশিরা নিউইয়র্ক শহরের প্রায় প্রত্যেক জায়গাতেই আধিপত্য বিস্তার করছে। এমনকি জ্যাকসন হাইটসকে অনেকে ‘মিনি বাংলাদেশ’ বলেও ডাকেন। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি জ্যাকসন হাইটসে হয়। শহরের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশি রেস্টুরেন্ট, গ্রোসারি দোকান গড়ে উঠছে। বাংলাদেশি ড্রাইভিং স্কুল, ট্যাক্স অফিস, পত্র-পত্রিকা দিনদিন বাড়ছে।
দারিদ্র্যসীমার নিচে বসবাস করেও অনেকে নিউইয়র্ক শহর ছাড়তে রাজি নয়। এই শহরের প্রায় ২০ শতাংশ ট্যাক্সিক্যাব চালকই বাংলাদেশি।
অন্যান্য অনেক শহর, যেখানে জীবনযাত্রার মান নিম্ন, পরিবার চালানো তুলনামূলক সহজ, সেসব সবকিছুর তোয়াক্কা না করে নিউইয়র্ক শহরে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, যা আমাদের জন্য আশাব্যঞ্জক। কারণ বাংলাদেশিরা অন্যান্য দেশের অভিবাসীর মতো লড়াই ও সংগ্রাম করে নিউইয়র্কের মতো ব্যয়বহুল শহরে বসবাস করতে পারছে।