বাংলাদেশিরা কেন সফল হচ্ছেন না?
আমেরিকায় বাংলাদেশিদের পদার্পণ ঠিক কত বছর আগে—সেই হিসাব পাওয়া মুশকিল। আরও নির্দিষ্ট করে বললে নিউইয়র্ক। এখন অভিবাসী বাংলাদেশিদের অধিকাংশই বসবাস করেন এই নগরে। অনেকেই আগ বাড়িয়ে এই নগরকে দ্বিতীয় ঢাকাও বলেন। কিন্তু এখানকার মূল রাজনীতির মাঠে এখনো বসতেই পারেনি কোনো বাংলাদেশি। নিউইয়র্ক সিটির গত নির্বাচনে দুজন বাংলাদেশি প্রার্থী থাকলেও তাঁরা বেশি দূর এগোতে পারেননি। সাম্প্রতিক কংগ্রেস নির্বাচনে একজন বাংলাদেশি মাঠে থাকলেও নাড়া দিতে পারেননি।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের মাঠে নামার আগে নিজেকে ভালো রাজনীতিক হিসেবে গড়ে তোলার চেষ্টা থাকতে হবে। সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনদের মধ্যে গাফিলতি রয়েছে বলে মনে করেন অনেকে।
এখানেই ব্যতিক্রম আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। তিনি পুয়ের্তোরিকোর নাগরিক। সেই হিসেবে তাঁকে এক অর্থে আমেরিকার নাগরিক-ই বলা চলে। সেটা তাঁর আসল পরিচয় নয়। ২৮ বছর বয়সী এই তরুণী সমাজতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাস করেন। তিনি পোড় খাওয়া ডেমোক্র্যাট রাজনীতিবিদ জোসেফ ক্রাউলিকে নিউইয়র্কের কংগ্রেসনাল নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে ধরাশায়ী করেছেন। ৬ নভেম্বর চূড়ান্ত কংগ্রেস নির্বাচন যেখানে প্রায় শতভাগ বাস্তবতা হলো, তিনিই জয়ী হবেন। কারণ, ডেমোক্র্যাট ভোটারদের স্বর্গরাজ্যে নিউইয়র্কের কংগ্রেস আসন রিপাবলিকান কারও পকেটে যাবে, সেটা বিশ্বাস করার উপায় নেই। তারপরও, ওকাসিও চষে বেড়াচ্ছেন নানা দেশের অভিবাসীদের ঘর-মাঠ। দুই সপ্তাহ ধরে তিনি জ্যাকসন হাইট্স ও ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মানুষের কাছে এসেছেন কয়েকবার। তিনি চাচ্ছেন, সর্বোচ্চ সংখ্যক ভোটার যেন ভোট কেন্দ্রে যায়। অর্থাৎ তিনি মাঠের রাজনীতিতে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন, যেটা দিয়েই তিনি আসলে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
ওই একই দিন ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিজান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জ্যামাইকা আর এলমন্ট এলাকার ডিস্ট্রিক্ট-৫ থেকে। সেখানে তিনি বেশ বাজেভাবে হেরেছেন বললে অত্যুক্তি হবে না। দলের নিবন্ধিত ৩০ হাজার ভোটারের মধ্যে মাত্র ১ হাজার ৬৩ ভোট পেয়েছেন তিনি। তবে, তিনি আশা বেঁধে রেখেছেন, মাঠে থেকে নির্বাচনী কাজ করে যাবেন এবং এক সময় আবার সামনে আসবেন।
এই যখন কংগ্রেসনাল পদে দলের প্রাথমিক বাছাইয়ের চিত্র, তখন নিউইয়র্ক নগর পরিচালনায় নাম লেখাতে নেমেছিলেন দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন। একজন ওজোন পার্ক থেকে হেলাল শেখ, যিনি কাউন্সিলর পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে প্রায় দু শ ভোটের ব্যবধানে হেরে গেছেন। অন্যদিকে, জ্যামাইকা থেকে তৈয়েবুর রহমান প্রাথমিক নির্বাচন করলেও সাত শ-এর বেশি ভোটের অভাবে জয়ী হতে পারেননি। সম্প্রতি তিনি আবার ঘোষণা দিয়েছেন, ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন তিনি। এরই মধ্যে মাঠে থাকার ঘোষণাও দিয়েছেন এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন।
তৈয়েবুর বলছেন, ‘আমি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন করব ২০২১ সালে। আমি মনে করি, আমার এবার অনেক কিছুই শেখার আছে। একদিন একদিন করে গেলেও, সব কমিউনিটির কাছে পৌঁছাতে আমার এই বাড়তি সময় ধরে প্রস্তুতি নেওয়াটা দরকার।’
এই নির্বাচনী ডামাডোলে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, বাংলাদেশিদের মধ্যে থেকে কেন একজন ওকাসিও তৈরি হচ্ছেন না। গত সপ্তাহে ওকাসিও জ্যাকসন হাইট্সের খাবার বাড়িতে ঢুকে বাংলাদেশিদের সঙ্গে কথা বলছিলেন। তাঁর চলে যাওয়ার পর একজন আক্ষেপ করে বলছিলেন, আমাদের মধ্য থেকে একজন বাংলাদেশি সত্যিকারের নিউইয়র্ক জনপ্রতিনিধি হতে আর কত সময় লাগবে?
এলমার্স্টে বসবাসরত তোরাব আলী নামের আরেকজন বলছিলেন, লন্ডনে দেখেন, সেখানে বাঙালিরা মেয়র হচ্ছে, এমপি হচ্ছে। এখানে তো মনে হয় লন্ডনের চেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। এখানে কেন আমদের কেউ নির্বাচনে জয়ী হচ্ছেন না?
তোরাব আলীর এই প্রশ্ন ধরেই একটু মতামত জানার চেষ্টা। শাহানা হানিপ একজন তরুণ রাজনীতির কর্মী। মেয়র অফিসের কর্মী হিসেবে কাজ করেন, কাউন্সিলম্যান ব্রাড লেন্ডারের অফিসের কমিউনিটি লিয়াজোঁ অফিসার তিনি। তিনি বলেন, ‘একজন বাংলাদেশি নিজেকে রাজনীতির মাঠে নির্বাচনের সময় যতটা দেখাতে চান, প্রকৃত রাজনীতিক হয়ে ওঠার ক্ষেত্রে এখনো তিনি ততটা মনোযোগী নন। একটা কথা আমি অবশ্যই বলব। একজন রাজনীতিক হওয়ার জন্য কমিউনিটির মধ্যে যে ধরনের বন্ধন তৈরি করা আর একে-অন্যকে চেনার চেষ্টা, সেটার ঘাটতি আছে আমাদের মধ্যে। এই ধরুন, জ্যামাইকা থেকে যিনি কংগ্রেসম্যান পদে প্রাথমিক বাছাইয়ে লড়ছিলেন, তিনি আসলে কে? কেন তিনি জয়ী হবেন। কী পরিমাণ মানুষ তাঁকে চেনে—সেটা আমরাই পরিষ্কার ছিলাম না।’
শাহানা বলেন, ‘নির্বাচনের মৌসুমে কেবল ওই ব৵ক্তির দেখা পেলাম। হয়তো তিনি আগে থেকেই মাঠে ছিলেন, কিন্তু আমরা তো জানতাম না। তাহলে যোগাযোগের ঘাটতি আছে নিশ্চয়ই? অন্যদিকে, ওকাসিওকে দেখেন। তিনি একজন দক্ষ কমিউনিটি সংগঠক। নির্বাচনের মাঠে নামার আগেই তাঁকে অনেকে ভালো করেই চেনেন। একজন মানবাধিকার কর্মী ও মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তিনি আগে থেকে লড়াই করছিলেন। এমনকি বার্নি স্যান্ডার্সের পক্ষে জনমত গঠনেও তিনি মাঠে ছিলেন। এ কারণে তিনি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার ইস্যুগুলো তুলে ধরতে পেরেছেন। এতেই তাঁর হাতে সাফল্য ধরা দিয়েছে। আমাদের এমন মানুষ কই, যিনি শুধু বাংলাদেশিদের নয় বরং সব জাতিবৈচিত্র্যের মানুষের কাছের মানুষ হিসেবে নিজের জায়গা করে নিতে পেরেছে?’
ব্রঙ্কসের নির্বাচনী মাঠে বেশ সক্রিয় থেকে যেসব বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেন তাঁদের মধ্যে অন্যতম মোহাম্মদ এন মজুমদার। তাঁর কাছে একই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনো এখানকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হয়েই কাজ করছি। এখনই নির্বাচনের মাঠে নামতে গেলে হয় প্রবল ক্ষমতাধর হতে হবে, যেন প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের পরাজিত করতে পারি। নতুবা শুধু লোক দেখানোর নির্বাচনী প্রার্থিতা ঘোষণা করলে যারা এখন প্রতিষ্ঠিত, তাঁরা আমাদের শত্রুতার চোখে দেখবে। তখন কমিউনিটির দাবি আদায়ের আর পথ খোলা থাকবে না। সে কারণে, ওকাসিওর মতো এমন শক্ত ধাক্কা দেওয়ার ক্ষমতা না থাকলে, আপাতত অন্য রাজনীতিকদের সহযোগী হয়েই কাটাতে হবে আমাদের।’
এন মজুমদারের কথার সূত্র ধরে শাহানা বলেন, ‘আমাদের মধ্যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যোগ্যতা কি। আমরা আমাদের নিজস্ব মানুষের সঙ্গে বা অন্য মানুষের সঙ্গে কীভাবে মিশি। তারা কি আমাদের কাউকে তাদের নিজেদের একজন মনে করতে পারে? স্বাস্থ্যসেবা, বিমা ইস্যু, অভিবাসন কিংবা নাগরিক অধিকার নিয়ে, আমাদের কি কেউ সোচ্চার ভূমিকা পালন করেছ? আমাদের বা অন্য কমিউনিটির জন্য তাঁরা কি কিছু করছেন? এখানে আমরা শুধু বাংলাদেশিদের পরিচয় এবং ভোটে জয়ী হতে পারব না। আমাদের দরকার সর্বজনীন রাজনীতিবিদ হয়ে ওঠার। তাদের অধিকার আদায়ের কর্মী হয়ে উঠতে হবে। সেটা না হলে আমরা যেমন আছি, তেমনই থাকব।’
আবার শাহানার এই প্রশ্ন ধরে কথা হয় ২০১৭ সালের সিটি নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশি প্রার্থী শেখ তৈয়েবুর রহমানের সঙ্গে। তিনি স্বীকার করলেন, ‘আমাদের জয়ী হতে হলে অবশ্যই শুধু বাংলাদেশি ভোট নয়, অন্য কমিউনিটির কাছেও পৌঁছাতে হবে।’
তৈয়েবুর রহমান বলছিলেন, ‘গতবার আমার প্রাথমিক বাছাইয়ে জয়ের জন্য দরকার ছিল ৭২৫ ভোট। আমার বাংলাদেশি ভোটার ও কমিউনিটির নেতারা একটু সক্রিয় হলে হয় তো এ ভোট পেয়ে যেতাম। কিন্তু আমার প্রতিবেশী একজন ভিন্ন অভিবাসী (বাংলাদেশি নয়) বলছিলেন, আমি তো জানতাম-ই না তুমি ভোটে দাঁড়িয়েছ। সে কারণে এবার আমি তিন বছর আগেই ঘোষণা দিয়ে মাঠে নেমেছি, ২০২১ সালে আমি নির্বাচন করব। আমি চেষ্টা করব আমার প্রতিটি কমিউনিটির কাছে পৌঁছাব। গতবার অনেক কিছুই জানতাম না, এবার সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে নবউদ্যমে কাজ শুরু করেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশি কমিউনিটি থেকে যদি আর কেউ প্রার্থী না হয়, তাহলে আমরা জয়ী হতে পারব।’
একইভাবে নতুন করে ওজোন পার্ক থেকে প্রস্তুতি নিচ্ছেন হেলাল শেখ। তিন বিগত সিটি নির্বাচনে কাউন্সিলম্যান পদে অল্প ভোটে পরাজিত হন। আর তরুণ রাজনীতিক কর্মী শাহানা হানিপও ভাবছেন ২০২১ সালের কথা।
শাহানা বলেন, ‘আমি সম্ভাবনা দেখি ২০২১ সালে। ট্রাম্পের অভিবাসন নীতি আমাদের ছোট ছোট কমিউনিটিকে অনেক এগিয়ে দিয়েছে ও দিচ্ছে। সে ক্ষেত্রে তরুণ কেউ নির্বাচিত হয়ে আসতে পারবনে বলেই আমি মনে করি। তবে, আগের প্রজন্মের সম্ভাবনাও আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’